Logo
Logo
×

Advertisement

খেলা

টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট, ইতিহাস গড়লেন প্রোটিয়া পেসার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম

টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট, ইতিহাস গড়লেন প্রোটিয়া পেসার

Advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নিয়ে বিরল এক রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার চ্যাড লেকক। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্ট সিএসএ প্রো২০ কাপে টাইটানসের বিপক্ষে কেজেডএন-ইনল্যান্ডের হয়ে এই কীর্তি গড়েন তিনি। একই সঙ্গে ২৬ রান খরচায় ৬ উইকেট নিয়ে নিজের ক্যারিয়ারসেরা বোলিংয়ের নজিরও গড়েছেন এই পেসার।

পিটারমারিৎসবার্গে অনুষ্ঠিত ম্যাচে টাইটানসের ইনিংসের ১৯তম ওভারে অবিশ্বাস্য বোলিং করেন লেকক। ওভারের প্রথম বলে লিউস ডু প্লয়কে ফিরিয়ে শুরু করেন তিনি। এরপর টানা চার বলে দাইয়ান গালিয়েম, আফিউয়ে মানইয়ান্দা, জানকো স্মিট ও এসোসা আইহেভবাকে আউট করেন। এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।

শুধু এক ওভারে পাঁচ উইকেটই নয়, টানা চার বলে চার ব্যাটারকে ফিরিয়েও নতুন ইতিহাস গড়েছেন লেকক। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে এমন ঘটনা আগে দেখা যায়নি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পূর্ণ সদস্য দেশগুলোর হয়ে এর আগে এই কীর্তি গড়েছিলেন লাসিথ মালিঙ্গা, রশিদ খান, কার্টিস ক্যাম্ফার ও জেসন হোল্ডার।

লেককের দুর্দান্ত বোলিংয়ে সিএসএ প্রো২০ কাপেও নতুন রেকর্ড তৈরি হয়েছে। তার ২৬ রানে ৬ উইকেট এখন প্রতিযোগিতাটির ইতিহাসে সেরা বোলিং। এর আগে ২০১৪ সালে ২৯ রান দিয়ে ৬ উইকেট নিয়ে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন বিউরান হেনড্রিকস।

ম্যাচে অবশ্য লেককের প্রথম সাফল্য এসেছিল নবম ওভারে। টাইটানসের উদ্বোধনী জুটিতে ১১২ রান জমা হওয়ার পর লুয়ান-দ্রে প্রিটোরিয়াসকে আউট করেন তিনি। ৩৬ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন প্রিটোরিয়াস।

লেককের বিধ্বংসী বোলিংয়ের পরও জয় পায়নি তার দল কেজেডএন-ইনল্যান্ড। টাইটানসের করা ২০৪ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান তুলতে পারে তারা। ব্যাট হাতে লেকক অপরাজিত থাকেন ৩১ রানে। ফলে ২১ রানের জয় নিয়ে টুর্নামেন্টে নিজেদের অপরাজিত থাকার ধারা ছয় ম্যাচে বাড়িয়ে নেয় টাইটানস। পয়েন্ট তালিকার শীর্ষস্থানও ধরে রেখেছে দলটি।

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়া চতুর্থ বোলার লেকক। তার আগে এই বিরল নজির গড়েছিলেন বাংলাদেশের আল-আমিন হোসেন, ভারতের অভিমন্যু মিথুন ও ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ন্দানা।

এই তালিকায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনন্য কৃতিত্বের অধিকারী গেদে প্রিয়ন্দানা। নারী ও পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া একমাত্র বোলার তিনি। ২০২৫ সালের ডিসেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন ইন্দোনেশিয়ার এই ক্রিকেটার।

বাংলাদেশের আল-আমিন হোসেন ২০১৩-১৪ মৌসুমের বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে, ২০১৯-২০ মৌসুমে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের হয়ে হরিয়ানার বিপক্ষে একই কীর্তি গড়েন অভিমন্যু মিথুন।

দলকে জয় এনে দিতে না পারলেও ব্যক্তিগত নৈপুণ্যে টি-টোয়েন্টির ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন চ্যাড লেকক। এক ওভারে পাঁচ উইকেট এবং ক্যারিয়ারসেরা বোলিংয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে স্মরণীয় এক দিন উপহার দিয়েছেন এই পেসার।

Advertisement

Advertisement

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট, ইতিহাস গড়লেন প্রোটিয়া পেসার

টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট, ইতিহাস গড়লেন প্রোটিয়া পেসার

কবে অবসর নেবেন, জানিয়ে দিলেন সিকান্দার রাজা

কবে অবসর নেবেন, জানিয়ে দিলেন সিকান্দার রাজা

পিএসজির বিপক্ষে হালান্ডের সামনে একাধিক রেকর্ডের হাতছানি

পিএসজির বিপক্ষে হালান্ডের সামনে একাধিক রেকর্ডের হাতছানি

সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম