রাফিনিয়াকে নিয়ে বার্সেলোনার সুখবর
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:২২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক বিরতিতে চোট পেয়ে বার্সেলোনার সমর্থকদের দুশ্চিন্তায় ফেলেছিলেন রাফিনিয়া। ব্রাজিলের হয়ে শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি এই ফরোয়ার্ড। তবে এবার স্বস্তির খবর দিয়েছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। তার আশা, শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ থেকেই মাঠে ফিরতে পারবেন ব্রাজিলিয়ান তারকা।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গেতাফে ও গালাতাসারাইয়ের বিপক্ষে খেলতে পারেননি রাফিনিয়া। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনেও ফিরেছেন ২৯ বছর বয়সি এই ফুটবলার। গুরুত্বপূর্ণ সময়ে তার প্রত্যাবর্তন বার্সেলোনার জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।
শুক্রবার সংবাদ সম্মেলনে রাফিনিয়ার ফিটনেস নিয়ে ফ্লিক বলেন, ‘সে শুরু থেকেই খেলার জন্য প্রস্তুত থাকবে। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। বৃহস্পতিবার অনুশীলন করেছে সে এবং ভালো করছে। সামনে অনেক ম্যাচ রয়েছে, তাই তার খেলার সময় ব্যবস্থাপনার বিষয়টি মাথায় রাখতে হবে।’
রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের পর বার্সেলোনার সামনে অপেক্ষা করছে আরও দুটি গুরুত্বপূর্ণ লড়াই। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে প্যারিসে যাবে কাতালান ক্লাবটি। এরপর মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে তারা। তাই রাফিনিয়ার ফিটনেস নিয়ে বাড়তি সতর্ক থাকতে চান ফ্লিক।
চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে দারুণ ছন্দে রয়েছেন রাফিনিয়া। আট ম্যাচে তার গোলসংখ্যা ১৪। এমন পারফরম্যান্সের পর চোটের কারণে তার অনুপস্থিতি দলের আক্রমণভাগে বড় প্রভাব ফেলেছিল।
এদিকে, রাফিনিয়ার পাশাপাশি এই সপ্তাহে বার্সেলোনার স্কোয়াডে ফিরতে পারেন ফ্রেঙ্কি ডি ইয়ংও। হাঁটুর সমস্যার কারণে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি ডাচ মিডফিল্ডার। তার প্রত্যাবর্তনও দলের শক্তি বাড়াবে বলে আশা করছে বার্সেলোনা।
বেতিসের বিপক্ষে রাফিনিয়া মাঠে ফিরলেও পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে কতক্ষণ খেলানো হবে, তা নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ব্রাজিলিয়ান তারকাকে পুরোপুরি ফিট রাখাই এখন ফ্লিকের প্রধান লক্ষ্য।

