ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, পিছিয়ে জিম্বাবুয়েরও
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৬ এএম
পঞ্চাশ ওভারের ক্রিকেটে এখনও ৪০০ রান করতে পারেনি বাংলাদেশ। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
একসময় ওয়ানডে ক্রিকেটে ৩০০ রান করা ছিল বড় চ্যালেঞ্জ। সময়ের বদলে ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন এসেছে, বেড়েছে রান তোলার গতি। এখন তিনশ তো হরহামেশা হচ্ছে, এমনকি ৪০০ রান লক্ষ্য তাড়া করে জেতার ঘটনাও আলোচনায় আসছে।
তবে আধুনিক ক্রিকেটের এই বড় সংগ্রহের তালিকায় এখনো জায়গা হয়নি বাংলাদেশের। আন্তর্জাতিক ওয়ানডেতে এখন পর্যন্ত ৩৫ বার দলীয় চার শ রানের ইনিংস দেখা গেছে। পঞ্চাশ ওভারের ক্রিকেটের এই তালিকায় এখনও জায়গা হয়নি বাংলাদেশের। অর্থাৎ এখনও কোনো ইনিংসে ৪০০ রান তুলতে পারেনি টাইগাররা।
এই তালিকায় সবার ওপরে ভারত। দলটি ৯ বার চার শ বা তার বেশি রান করেছে। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের এমন ইনিংস আটটি করে। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া তিনবার করে, নিউজিল্যান্ড দুবার এবং ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে একবার করে এই মাইলফলক ছুঁয়েছে।
টেস্ট মর্যাদাপ্রাপ্ত ১২টি দেশের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখনো আন্তর্জাতিক ওয়ানডেতে চার শ রান করতে পারেনি। বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩৪৯ রান। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে এই রান করেছিল টাইগাররা।
বাংলাদেশের একসময়কার প্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়েও অবশ্য এই তালিকায় নাম লিখিয়েছে। ২০২৩ সালে বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চার শ রান করেছিল দলটি।
সম্প্রতি চার শ রান তাড়া করে জয়ের ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের ৪২৯ রান পেরিয়ে যায় শ্রীলঙ্কা। ওয়ানডে ইতিহাসে সফল রান তাড়ার তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে রয়েছে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার জয়।
গত বছরের ডিসেম্বর থেকে লিস্ট ‘এ’ ক্রিকেটে চার শ বা তার বেশি রান তাড়া করে জয়ের পাঁচটি ঘটনার মধ্যে চারটিই ঘটেছে। এর দুটি আন্তর্জাতিক ওয়ানডেতে, বাকি দুটি ঘরোয়া ক্রিকেটে—যা উচ্চ রান তাড়া করার প্রবণতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।
তবে বড় সংগ্রহের রেকর্ড শুধু চার শ রানেই সীমাবদ্ধ নেই। ভারতের বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ু ২০২২ সালে ৫০৬ রান এবং বিহার গত বছর ৫৭৪ রান তুলেছিল। আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ইংল্যান্ডের—২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৯৮ রান। এসব জানান দিচ্ছে ওয়ানডেতে এখন আর ৩০০ বা ৪০০ রান—কোনোটাই বোধহয় তত নিরাপদ স্কোর নয়!

-6adb923b1fb5b.jpg)