ফর্ম ফেরাতে বাবরকে কোচিংয়ে পাঠানোর পরামর্শ দিলেন ইউসুফ
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ তারকা ব্যাটার বাবর আজমকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় বিশেষ কোচিং নেওয়ার পরামর্শ দিয়েছেন। তার অভিমত বাবরের সাম্প্রতিক ফর্মের পেছনে তার টেকনিকাল দুর্বলতাই দায়ী। সে উদ্বেগ থেকেই তিনি এ কথা বলেছেন।
সদ্য শেষ হওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা খেলেছে। সেখানে বাবরের ব্যাটে ছিল না রান। পাঁচ ম্যাচে তিনি করেছেন ১১৮ রান। গড় ২৩.৬০। স্ট্রাইক রেট ৭৪.২১। একটিও ফিফটি করতে পারেননি। তার রান ছিল ৪৫, ৩৪, ১০, ২৯ ও শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে শূন্য।
ধারাবাহিকতার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছেন এই ডানহাতি ব্যাটার। ২০২৩ সালের সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে তিনি ১৫১ রান করেছিলেন। এরপর ওয়ানডেতে মাত্র একটি সেঞ্চুরি পেয়েছেন। ২০২৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি। দুই বছরের বেশি সময় পর এটি ছিল তার তিন অঙ্কের ইনিংস।
ওই সেঞ্চুরির পর ২০২৬ সালের মে মাসে রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি একটি ফিফটি করেন। কিন্তু তারপর থেকে ওয়ানডেতে আর ৫০ রান ছোঁয়া হয়নি।
ফর্ম নিয়ে এই উদ্বেগের মধ্যেই বাবর আসছে ২০২৬-২৭ মৌসুমের কায়েদ-ই-আজম ট্রফিতে খেলবেন। তিনি লাহোর হোয়াইটসের হয়ে মাঠে নামবেন। টুর্নামেন্ট শুরু হবে ৩ নভেম্বর, ইসলামাবাদের ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে।
এই প্রেক্ষাপটে ইউসুফ সামাজিক মাধ্যম এক্সে ৩২ বছর বয়সী বাবরের ফর্ম ও টেকনিকাল সমস্যা নিয়ে নিজের উদ্বেগ জানান। তিনি পরামর্শ দেন, বিশেষ কোচিংয়ের মাধ্যমে টেকনিকাল সমস্যা ঠিক না করা পর্যন্ত বাবরের ফার্স্ট ক্লাস ক্রিকেট না খেলাই ভালো। তার সতর্কবার্তা, দেশের ঘরোয়া ক্রিকেটেও ব্যর্থ হলে বাবরের আত্মবিশ্বাস ও ক্যারিয়ার আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইউসুফ আরও বলেন, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেট একাডেমিতে গিয়ে বাবরের নিজের টেকনিক নিয়ে কাজ করা উচিত। তার মতে, সঠিক নির্দেশনা ও কিছুটা চেষ্টা থাকলে বাবর নিজের সেরা ফর্মে ফিরতে পারেন।
ইউসুফ এক্সে লিখেছেন, ‘আমার মনে হয় না টেকনিকাল সমস্যা বিশেষ কোচিংয়ের মাধ্যমে সারিয়ে না তোলা পর্যন্ত বাবর আজমের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা উচিত। ঘরোয়া ক্রিকেটে ব্যর্থতা তার আত্মবিশ্বাস ও ক্যারিয়ারের আরও ক্ষতি করতে পারে।’
তিনি আরও লিখেছেন, ‘তাকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার একটি একাডেমিতে পাঠান। সে এখনো পাকিস্তানের সেরা খেলোয়াড়। সঠিক নির্দেশনা আর একটু চেষ্টা থাকলে সে নিজের সেরা ফর্মে ফিরতে পারে। আমি চার বছর আগেও এ কথা বলেছিলাম, কেউ শোনেনি। দয়া করে এবার শুনুন।’
