|
ফলো করুন |
|
|---|---|
নেপালে চার দেশের কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ চতুর্থ হয়। ঘরের মাঠে এই খেলোয়াড়রা নিজেদের যাচাই করবেন কোথায়? গত দুবছরে ঘরোয়া কোনো প্রতিযোগিতার আয়োজন করেনি বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
লিগ বন্ধ চার বছর ধরে। সেই জট কাটাতে আগামী ৮ ডিসেম্বর বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট এবং জানুয়ারিতে লিগ শুরুর কথা জানিয়েছে ফেডারেশন। বিদায়ি কমিটির সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা প্রাধান্য পেয়েছিল।
গত ১৮ জুলাই বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পরও ছবিটা বদলায়নি। গত দুবছরে ঢাকায় আন্তর্জাতিক আসরে খেলেছে বাংলাদেশ। মেয়েরা খেলেছেন বিশ্বকাপে। জাতীয় দল এশিয়ান গেমস ও কমনওয়েলথ কাবাডিতে অংশ নিয়েছে।
সবশেষ নেপালে গিয়েছে অনূর্ধ্ব-২০ দল। এই সময়ের মধ্যে দেশে প্রিমিয়ার, প্রথম কিংবা দ্বিতীয় বিভাগের লিগ মাঠে গড়ায়নি। জাতীয় চ্যাম্পিয়নশিপ বা বয়সভিত্তিক প্রতিযোগিতাও হয়নি।
একসময় নেপালের বিরুদ্ধে বাংলাদেশ এগিয়ে থাকত। এখন নেপালের কাছে হারতে হচ্ছে বাংলাদেশের পুরুষ ও মহিলা দলকে। পুরুষ দল হেরেছে কেনিয়ার কাছেও। নেপালে অনূর্ধ্ব-২০ দলের শেষ স্থান সেই তালিকায় নতুন সংযোজন। এই ফলগুলোর প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলছে।
লিগে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ না থাকলে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাইয়ের ভিত্তিও সংকুচিত হয়। বয়সভিত্তিক প্রতিযোগিতা বন্ধ থাকলে জেলার প্রতিভাবান খেলোয়াড়দের সামনে নিজেদের তুলে ধরার সুযোগ কমে যায়।
ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক আসরগুলোর সূচি আগে থেকেই নির্ধারিত ছিল। তাই সেগুলোতে অংশ নিতে হয়েছে। ঘরোয়া কাবাডি নিয়ে তিনি বলেন, ‘৮ ডিসেম্বর শুরু হবে বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট। আর জানুয়ারিতে লিগের খেলা।’
দ্বিতীয় বিভাগ লিগ, স্কুল কাবাডি ও সার্ভিসেস কাবাডিও শিগগির শুরু করার কথা জানিয়েছেন তিনি। নেপালের ফল নিয়ে তার বক্তব্য, ‘নেপালে চার জাতির টুর্নামেন্টে ভালো খেলেও চার দলের মধ্যে চতুর্থ হয়েছি আমরা। আগামীতে ভালো হবে।’
