দেখুন রশিদ খানের ৪ বলে ৪ উইকেট (ভিডিও)
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আয়ারল্যান্ডকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আইরিশদের ৩২ রানে হারিয়েছেন আফগানরা। রোমাঞ্চকর জয়ের ম্যাচে ইতিহাস রচনা করেছেন হালের ক্রেজ রশিদ খান।
দ্বিতীয় ম্যাচে যেখানে শেষ করেছিল আফগানিস্তান, তৃতীয় টি-টোয়েন্টিতে সেখান থেকে শুরু করেন আফগানরা। আগের ম্যাচে ক্রিকেটের সংক্ষিপ্ত সংষ্করণে দলীয় সর্বোচ্চ ২৭৮ রানের রেকর্ড গড়েন তারা। আর গেল রাতে ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৪ বলে ৪ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন লেগস্পিনার রশিদ।
প্রথমে ব্যাট করে আবার রানের পাহাড় গড়ে আফগানিস্তান। গেল ম্যাচে ১৬২ রানের ইনিংস খেলে ইতিহাস সৃষ্টি করা হজরতউল্লাহ জাজাই এই ম্যাচেও জ্বলে ওঠেন। মাত্র ১৭ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
তবে জ্বালাময়ী ব্যাটিং করেন মোহাম্মদ নবী। মাত্র ৩৬ বলে ৬ চারের বিপরীতে ৭ ছক্কায় ৮১ রান করেন তিনি। তার এই বিধ্বংসী ইনিংসে ভর করে ২০৯ রানের বিশাল স্কোর গড়ে স্বাগতিকরা।
পাহাড়সম টার্গেটের জবাবে দ্রুত ফেরেন পল স্টার্লিং। তবে আয়ারল্যান্ডকে খেলায় রাখেন কেভিন ও’ব্রেইন ও এন্ড্রু বালবির্নি। ৩৩ বলে ৪৭ রান করে বালবির্নি ফিরলে পথ হারায় আইরিশরা। ৪৭ বলে ৭৪ রান করে ফিরে যান ও'ব্রায়েনও।
পরে চরম ব্যর্থ হন মিডলঅর্ডাররা। তাদের আসা-যাওয়ায় ব্যস্ত রাখেন রশিদ। রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। দলের প্রয়োজনে আরেকবার ভয়ংকর হয়ে ওঠেন স্পিন জাদুকর। স্পিন জালে ধরেন টপাটপ উইকেট।
আয়ারল্যান্ড ইনিংসের ১৬তম ওভারে বোলিংয়ে ফিরে শেষ বলে ও’ব্রায়েনকে কট বিহাইন্ড করে শিকার ধরেন রশিদ। পরের ওভারের প্রথম দুই বলে তুলে নেন জর্জ ডকরেল ও শেন গেটকেটকে। পূরণ হয়ে যায় হ্যাটট্রিক। পরের বলে ফেরান সিমি সিংকে। টানা ৪ বলে উইকেট নেন আফগান লেগস্পিনার। ক্রিকেটের রেকর্ড বইয়ে এটি লেখা থাকবে ডাবল হ্যাটট্রিক হিসেবে।
এতেই ক্ষ্যান্ত হননি বোলিং বিস্ময়। নিজের শেষ ওভারে ফিরে বিদায় করেন জন লিটলকে। শেষ পর্যন্ত ২৭ রান খরচায় ৫ উইকেট নেন রশিদ। অজন্তা মেন্ডিস, উমর গুল ও ইমরান তাহিরের পর চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে একাধিকবার ৫ উইকেট নিলেন তিনি।
