জাতীয় দলের পর ক্লাব ফুটবলেও নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় দল থেকে অবসরের আগে নিষেধাজ্ঞার আশঙ্কায় পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার ক্লাব ফুটবলেও একই ধরনের পরিস্থিতির মুখে পড়তে পারেন পর্তুগিজ এই মহাতারকা। এএফসি চ্যাম্পিয়নস লিগে আল-সাদের বিপক্ষে ম্যাচে এক সহকারী রেফারিকে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করায় শাস্তির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার।
মঙ্গলবার আল-সাদের বিপক্ষে ২-১ গোলের জয় পায় আল-নাসর। ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ক্যারিয়ারের ৯৮৭তম গোলটি করেন রোনালদো। এর ২০ মিনিট পর আরও একবার বল জালে পাঠিয়েছিলেন তিনি। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে আরেকটি অফসাইডের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। বক্সের মধ্যে প্রতিপক্ষের বাধার শিকার হয়েছেন দাবি করে পেনাল্টির প্রত্যাশা করেছিলেন তিনি। কিন্তু জর্ডানের রেফারি আদহাম মাখাদমেহ তার আবেদন প্রত্যাখ্যান করেন। উলটো সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলায় আল-সাদের পক্ষে ফ্রি-কিক দেওয়া হয়।
রিপ্লেতে অবশ্য ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্ত সঠিক বলেই দেখা যায়। কিন্তু অফসাইডের সিদ্ধান্তে ক্ষুব্ধ রোনালদো সহকারী রেফারিকে লক্ষ্য করে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করেন। প্রথমে হাত দিয়ে নিজের চোখ ঢেকে রাখেন তিনি, এরপর পতাকা ওড়ানোর ভঙ্গি করেন। ঘটনাটি যে ওই ম্যাচ কর্মকর্তাকে উদ্দেশ্য করেই করা, তা স্পষ্ট বলে মনে হয়েছে।
ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম ‘গোল’-এর প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর এমন আচরণে শাস্তির আশঙ্কা করছেন আল-নাসরের সমর্থকেরা। এ ঘটনায় নিষেধাজ্ঞা দেওয়া হলে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের পরবর্তী কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের গ্রুপ ‘বি’-তে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে আল-নাসর। গুরুত্বপূর্ণ এই পর্যায়ে রোনালদো নিষিদ্ধ হলে দলটির জন্য তা বড় ধাক্কা হতে পারে।

