সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
অনন্য এক রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এমন সব কীর্তির সামনে এলে অনেকের কাজের গতি বেড়ে যায়, রোনালদোরও তাই হয়েছে।
প্রতি ম্যাচ যাচ্ছে, আর তিনি একটু একটু করে গতি বাড়াচ্ছেন ১০০০তম গোলের অবিশ্বাস্য সেই মাইলফলকের দিকে। সে কারণে এখন প্রশ্ন উঠছে, ২০২৬ সাল শেষের আগেই কি ১০০০তম গোলটি করে ফেলবেন রোনালদো?
রোনালদো তার সবশেষ গোলটি পেয়েছেন গেল রাতে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে আল সাদকে ২-১ গোলে হারিয়েছে তার দল আল নাসর। এই ম্যাচে আল নাসরের গোলের খাতাটা খুলে দিয়েছেন রোনালদো নিজে।
ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি পায় আল নাসর। সেখান থেকে গোল করেন রোনালদো। এই গোলটা তার জন্য অন্য এক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এর আগে টানা দুই পেনাল্টি মিস করে বসেছিলেন পর্তুগিজ এই মহাতারকা। গেল রাতের পেনাল্টিতে সেই জুজু তাড়ালেন তিনি। এই গোলেই তার সংখ্যা ৯৮৭-তে পৌঁছায়।
নভেম্বরে পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোনালদো। তাই বছরের বাকি গোল তাকে করতে হবে শুধু আল নাসরের হয়ে।
বছরের হাতে আছে মাত্র কয়েক সপ্তাহ। ক্লাবের ম্যাচও আছে হাতে গোনা, আরেকটু স্পষ্ট করে বললে ৭টি। এর মধ্যে আল হিলালের মতো প্রতিদ্বন্দ্বীর বিপক্ষেও খেলা আছে। এই সময়ে ১৩ গোল করতে হলে একাধিক ম্যাচে জোড়া গোল বা হ্যাটট্রিক লাগবে। তাই এটি বেশ কঠিন।
কঠিন হলেও রোনালদোর ফর্ম বলছে আবার ভিন্ন কথা। রোনালদো তার সবশেষ চার ম্যাচে গোল করেছেন ৬টি। এই গতিটা ধরে রাখলে ৯৯৮ বা ৯৯৯ তে গিয়ে বছর শেষ হতে পারে। একটু বাড়ালেই তো ছুঁয়ে ফেলা যাবে সে কীর্তি, যা বিশ্ব আর কখনো দেখেনি। রোনালদো কি পারবেন?
