Logo
Logo
×

Advertisement

খেলা

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পান কোথেকে?

নেয়ামত উল্লাহ

নেয়ামত উল্লাহ

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পান কোথেকে?

সংগৃহীত

Advertisement

ফোনে বা পিসিতে ক্রিকেট গেম খেলেছেন কখনো? যদি খেলে থাকেন, তাহলে একটা বিষয় অনেকটাই নিশ্চিত, লফটেড শটের জন্য শিফট চেপে বসে থাকতেন, বলটা কখন আসবে সেই অপেক্ষায়। সফলতার পারসেন্টেজটা কত? ডিফিকাল্টি একটু বাড়লেই ৩০-৪০ শতাংশে নেমে আসত, তাই না? এসব করতে গিয়ে কতশতবার ৭০-৭৫ রানে অলআউট হয়েছেন, বলুন তো?

গেমেও যা করা কঠিন, বাস্তব ক্রিকেটের মাঠে প্রায় সেটাই নিয়মিত করে যাচ্ছেন একজন। বৈভব সূর্যবংশী। গত বছর দুয়েকে তিনি যা করেছেন, তাকে ক্রিকেটের বিস্ময় বললেও বোধ করি কম বলা হয়। প্রায় প্রতি বলে ছক্কা হাঁকানোর চেষ্টা করা যায়, কিন্তু তাতে সফলও হওয়া! তা কী করে হয়!

লাফবরো বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রিস পেপলো বৈভবের ব্যাটিং দেখে বলেছিলেন, তিনি প্রতি বলে ছক্কা হাঁকানোর সিদ্ধান্ত নিয়েই দাঁড়ান, তার উদ্দেশ্য এতটাই পরিষ্কার। কথাটা বড্ড থিওরেটিক্যাল শোনাত। সেই তত্ত্বের বাস্তব মঞ্চায়ন বহুবার দেখা গেছে, আর গেল সন্ধ্যায় দোহায় তা প্রায় নিখুঁতভাবে করে দেখালেন বৈভব।

ক্রিকেট এখন আগের যেকোনো সময়ের চেয়ে আগ্রাসী। এই তো গেল দিনেই অন্তত তিনটি আলোচিত ইনিংস ঘটে গেছে। দিনের শুরুটা করেছিলেন প্রিয়াংশ আরিয়া। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি সেঞ্চুরি করলেন ৩৬ বলে, এরপর ইনিংসটাকে টেনে নিয়ে গেলেন ১৮১ রানে। আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা মিলেছে তেমনই আগ্রাসী এক ইনিংসের। ইংল্যান্ডের অ্যানিউরিন ডোনাল্ড ৩২ বলে ৮৪ রানের ইনিংস খেলে একাই ধসিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে, ইংলিশরা ১৮৫ রানের লক্ষ্য টপকে গেছে ৪১ বল হাতে রেখে, ভাবা যায়!

তবে বৈভব যেন সেসবকেও ম্লান করে দিলেন। ক্রিকেট অনেক এগিয়ে গেলেও ৫০ বলে সেঞ্চুরি করলে এখনো তাকে অতিমানবীয় ইনিংসই বলা হয়। কিন্তু কেউ যদি পঞ্চাশের আশেপাশে বল খেলে ডাবল সেঞ্চুরি করে ফেলেন, তাহলে? সেটাকে কী আখ্যা দেওয়া যায়? অলৌকিক?


গেল সন্ধ্যায় সূর্যবংশী সেই ‘অলৌকিক’ ইনিংসটাই খেললেন। ইনিংসটা যখন শেষ করলেন, তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ৫৩ বলে ২০৪ রান, তাতে ছক্কা ২৮টি।

৫৩ বলের ইনিংসে ২৮ ছক্কা, সেখান থেকেই এল ১৬৮ রান। তার মানে ইনিংসের অর্ধেকের বেশি বল তিনি পাঠিয়েছেন গ্যালারিতে।

সাদা বলের ক্রিকেট তো বটেই, পেশাদার ক্রিকেটের যেকোনো ফরম্যাটে এক ইনিংসে এত ছক্কা আগে কেউ মারতে পারেননি। আগের রেকর্ড ছিল হায়দরাবাদের তন্ময় আগারওয়ালের, ২৬টি; সেটাও এসেছে ২০২৩-২৪ মৌসুমের রঞ্জি ট্রফিতে, যেখানে ম্যাচ হয় চার দিনের। আর লিস্ট এ ক্রিকেটে, মানে ৫০ ওভারের ম্যাচে, রেকর্ডটা ছিল ডি’আর্সি শর্টের, ২৩টি।

এই রেকর্ডের গল্পের ভূমিকাটা আপনার হয়তো জানা। এ বছরের শুরুতে ডাম্বুলায় শ্রীলঙ্কা এ-র বিপক্ষে তিনি করেছিলেন লিস্ট এ ক্রিকেটের দ্রুততম হাফসেঞ্চুরি, মাত্র ১১ বলে। ওই ম্যাচেই ২৯ বলে করেছিলেন ৯৪।

পেপলোর কাছে প্রথম ব্যাখ্যা ছিল কাঁধের ঘূর্ণনে। ব্যাকসুইংয়ের চূড়ায় সূর্যবংশীর কাঁধ কোমরের তুলনায় অস্বাভাবিকভাবে বন্ধ থাকে, বায়োমেকানিকসের ভাষায় যাকে বলে ‘সেপারেশন’। শরীর খোলার সময় এই ব্যবধান থেকেই ঘূর্ণনশক্তি জন্মায়। তার ফলো-থ্রু শেষ হয় ইংরেজি 'C'-এর বদলে 'O'-র আকারে।

কিংবা তারও আগে, লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএল অভিষেকে শার্দূল ঠাকুরকে প্রথম বলেই ছক্কা হাঁকানো, কয়েক ম্যাচ পরেই সেঞ্চুরি… এ সবই এখন মনে হচ্ছে ট্রেইলার। আসল সিনেমারটা দেখালেন এশিয়া কাপ রাইজিং স্টারসে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

ইনিংসের শুরুতেই সেটা টের পাওয়া গেল। ৫ ওভারে ভারত এ দলের ১০০ পূর্ণ হলো। বল-বাই-বল তথ্য থাকা লিস্ট এ ক্রিকেটে এর চেয়ে দ্রুত দলীয় শতক আগে কেউ দেখেনি। আগের রেকর্ড ছিল ৬.৩ ওভারের, দুটি। একটি ২০১৫ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের, শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যটি এ বছরের শুরুতে ডাম্বুলায় ভারত এ-র নিজেরই, ওই ২৯ বলে ৯৪ রানের দিনে।

সূর্যবংশী নিজের ব্যক্তিগত শতক ছুঁলেন ২৮ বলে, ৬.৩ ওভারে। বল-বাই-বল তথ্য থাকা পেশাদার ক্রিকেটে এর আগে কেউ এত আগে সেঞ্চুরি করেননি, টি-টোয়েন্টিতেও না। আগের দুই সেরা সময় এসেছিল ছোট ফরম্যাট থেকেই। ২০২৩ সালের পিএসএলে উসমান খান করেছিলেন ৮.২ ওভারে, আর গত অক্টোবরে সিএসএ প্রো টি-টোয়েন্টি কাপে লুয়ান-দ্রে প্রিটোরিয়াস।

২৮ বলের এই সেঞ্চুরি নিজেই একটা রেকর্ড। ২০২৩ সালে অ্যাডিলেডে তাসমানিয়ার বিপক্ষে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে জেক ফ্রেজার-ম্যাকগার্ক করেছিলেন ২৯ বলে। সেটাকে এবার পাঠালেন জাদুঘরে!

তবে আসল বিস্ময়টা শুরু এরপর। অনেকেই শতকের পর একটু থামেন, দম নেন। সূর্যবংশী থামলেন না। ৪০ বলে পৌঁছালেন ১৫০-এ, যে রেকর্ডটাও ছিল তারই, ৫৯ বলের। নিজেকে হারালেন ১৯ বলের ব্যবধানে। ২০০ ছুঁলেন ৫১ বলে। লিস্ট এ ক্রিকেটে এর আগের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটা ছিল ক্যান্টারবেরির চ্যাড বাউজের, ২০২৪ সালে অটাগোর বিপক্ষে, ১০৩ বল। মানে এর আগে ১০০ বলের নিচে কেউ ডাবল সেঞ্চুরির ম্যাজিকাল ফিগার ছুঁতে পারেননি। সূর্যবংশী কেবল সেই ব্যারিয়ার ভাঙেননি, রীতিমতো নামিয়ে এনেছেন অর্ধেকের কাছাকাছি! ক্রিকেটের পরিসংখ্যানে সাধারণত রেকর্ড ভাঙে অল্প ব্যবধানে। এখানে ব্যবধানটা দ্বিগুণের।

স্ট্রাইক রেটের হিসাবটাও দেখুন। ২০৪ রান ৫৩ বলে, স্ট্রাইক রেট ৩৮৪.৯০। লিস্ট এ ক্রিকেটের ১১ হাজারেরও বেশি সেঞ্চুরির মধ্যে এটাই সর্বোচ্চ। এতদিন এই জায়গায় ছিলেন এবি ডি ভিলিয়ার্স, ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে ১৪৯, স্ট্রাইক রেট ৩৩৮.৬৩। সেই ইনিংসকে এতদিন যেন অলঙ্ঘনীয়ই মনে হতো। সূর্যবংশী তাকে ঠেলে দিলেন দুইয়ে, ৪৬ পয়েন্টেরও বেশি ব্যবধানে!

বয়সের হিসাবটা না বললে গল্পটা অসম্পূর্ণ থাকে। ১৫ বছর ২৪২ দিনে তিনি লিস্ট এ ক্রিকেটের সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান। রেকর্ডটা এতদিন ছিল তার রাজস্থান রয়্যালসের ওপেনিং সঙ্গী যশস্বী জয়সওয়ালের, ২০১৯ সালে বেঙ্গালুরুতে ঝাড়খণ্ডের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে ২০৩ রান, বয়স তখন ১৭ বছর ২৯২ দিন। সূর্যবংশী সেটাও ভেঙে দিলেন।

এতগুলো সংখ্যা যখন একসঙ্গে সাজানো হয়, তখন একটা প্রশ্ন না এসে পারে না। কীভাবে সম্ভব?

টেকনিক শেখানো যায়, মারার সাহস শেখানো যায় না।

সূর্যবংশীর ছোট বেলার কোচ মনীষ ওঝা

পেপলোর কাছে প্রথম ব্যাখ্যা ছিল কাঁধের ঘূর্ণনে। ব্যাকসুইংয়ের চূড়ায় সূর্যবংশীর কাঁধ কোমরের তুলনায় অস্বাভাবিকভাবে বন্ধ থাকে, বায়োমেকানিকসের ভাষায় যাকে বলে ‘সেপারেশন’। শরীর খোলার সময় এই ব্যবধান থেকেই ঘূর্ণনশক্তি জন্মায়। তার ফলো-থ্রু শেষ হয় ইংরেজি 'C'-এর বদলে 'O'-র আকারে। শ্রীলঙ্কার ব্যাটিং কোচ জুলিয়ান উড তাকে বলেছিলেন ‘বেসবল-ধাঁচের’। কিন্তু এই ব্যাখ্যাও থামে একটা জায়গায়। পেপলো নিজেই বলেছিলেন, ছক্কার সংখ্যা আর তা ঘনঘন আসাটাই সবচেয়ে অস্বাভাবিক। তার একটা শব্দবন্ধ ছিল: ‘হাই-ইনটেন্ট কনট্যাক্ট রিপিটেবিলিটি’। জোরে মেরেও বলের সঙ্গে ঠিকঠাক সংযোগ বারবার রাখাটাই কঠিন, আর সেটাই তিনি করছেন। গেল সন্ধ্যায় করলেন ২৮ বার।

এ তো গেল বিজ্ঞানের ব্যাখ্যা, শিকড়টা লুকিয়ে আছে ছেলেবেলায়। কোচ মনীশ ওঝা সামস্তিপুর থেকে পাটনায় যাতায়াতের গল্প বলেছিলেন। একদিন পর পর সেই যাত্রা, আর প্রতিবার ৫০০-র বেশি বল মুখোমুখি হওয়া, যা এখন তার মাসল মেমরির অংশ। তবে ওঝা এটাও স্বীকার করেছিলেন, তার অ্যাকাডেমিতে অন্তত তিন-চারজন আছে, যারা সূর্যবংশীর কাছাকাছি দূরত্বে বল পাঠাতে পারে।

তাদের সঙ্গে তার তফাত কোথায়? ওঝার জবাব ছিল: টেকনিক শেখানো যায়, মারার সাহস শেখানো যায় না। উডও এ কথাই বলেছিলেন, ব্যর্থতার ভয় তার নেই। রাজস্থান রয়্যালসের ড্রেসিংরুমে বৈভবের সতীর্থ দাসুন শানাকা উডকে জানিয়েছিলেন, নেটে বৈভব সেরা বোলারদেরই চাইতেন, আর তাদের ধ্বংস করতেন। তিনি অনুশীলনও করেন সেই মানে, যে মানে খেলেন।

বোলাররাও চেষ্টা করেছেন। আইপিএল ২০২৬-এর মাঝামাঝি দলগুলো ধরে নিয়েছিল ফুল ও সোজা বলই তার দুর্বলতা। প্যাট কামিন্স মিড-অফ রেখেছিলেন অস্বাভাবিক সোজা করে। কিন্তু পরে সেই দুর্বলতারই সমাধান বের করে ফেলেছেন তিনি। শচীন টেন্ডুলকার বলেছিলেন, পায়ের দিকে আসা বলের জন্য সামনের পা সরিয়ে জায়গা বানানোর কাজটা তিনি চমৎকারভাবে করেন। পেপলো বলেছিলেন, দুর্বলতা নিশ্চয়ই আছে, কিন্তু বোলাররা এখনো খুঁজে পাননি। উডের ভাষায়, ‘বোলাররা তাকে বুঝে উঠতে পারেনি, কারণ তা তাদের সাধ্য নয়’। গেল সন্ধ্যার ২৮টি ছক্কা যেন সেই কথারই চূড়ান্ত প্রমাণ।

ওঝা অবশ্য এই সংখ্যাগুলোর মাঝেও একটা জায়গা ছেড়ে রেখেছিলেন, যেখানে ব্যাখ্যা শেষ হয়ে যায়। তার কথায়, ‘কুছ তো অব ভগবান কি ভি দেন হ্যায়।’ অর্থাৎ, কিছুটা তো ঈশ্বরের দানও। ৫৩ বলে ২০৪ রানের হিসাব মেলাতে বসলে শেষ পর্যন্ত ওই কথাটাই মেনে নিতে হয়। সেটাই সম্ভবত সবচেয়ে সহজ, কারণ অলৌকিকের সামনে যেকোনো ব্যাখ্যাই ধোপে টেকে না!

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫২ বলেই ডাবল সেঞ্চুরি করে যত রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

৫২ বলেই ডাবল সেঞ্চুরি করে যত রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে কি ক্রিকেটের সৌজন্য হারিয়ে যাচ্ছে?

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে কি ক্রিকেটের সৌজন্য হারিয়ে যাচ্ছে?

ভারতীয় ওপেনারের তাণ্ডব— ৬৮ বলে ১৮১ রান, ছক্কা মারলেন ১৯টি

ভারতীয় ওপেনারের তাণ্ডব— ৬৮ বলে ১৮১ রান, ছক্কা মারলেন ১৯টি

ভারত অধিনায়কের জোরালো দাবি কানেই তুলল না আইসিসি

ভারত অধিনায়কের জোরালো দাবি কানেই তুলল না আইসিসি

অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব

অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব

পাকিস্তানের সঙ্গে হেরে সতীর্থদের দুষলেন ভারত অধিনায়ক

পাকিস্তানের সঙ্গে হেরে সতীর্থদের দুষলেন ভারত অধিনায়ক

আরও পড়ুন

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পান কোথেকে?

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পান কোথেকে?

আবারও রিয়ালের কামব্যাক, গোলে ফিরলেন ভিনি

আবারও রিয়ালের কামব্যাক, গোলে ফিরলেন ভিনি

আজকের খেলা: ২৫ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ২৫ নভেম্বর ২০২৬

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম