ভারত-পাকিস্তান দ্বন্দ্বে কি ক্রিকেটের সৌজন্য হারিয়ে যাচ্ছে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ক্রিকেট মানেই প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা আর জয়ের জন্য লড়াই। তবে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের করমর্দন ও পারস্পরিক সৌজন্য বিনিময় খেলাটির অন্যতম সুন্দর ঐতিহ্য। কিন্তু ভারত-পাকিস্তান ক্রিকেটে সেই চিত্র এখন অনেকটাই উধাও।
দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে মাঠের খেলাতেও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ক্রিকেটের আইন ও চেতনার অভিভাবক হিসেবে পরিচিত মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পক্ষেও এই পরিস্থিতি বদলানো সম্ভব হচ্ছে না।
এর সর্বশেষ উদাহরণ দেখা গেছে রোববার (২২ নভেম্বর) দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে। ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের ম্যাচ শেষে পাকিস্তানের কাছে পরাজিত হয়ে মাঠ ছাড়ে ভারতীয় দল। তবে দুই দলের ক্রিকেটারদের মধ্যে দেখা যায়নি প্রচলিত করমর্দনের দৃশ্য। সৌজন্য বিনিময় থেকেও দূরে ছিলেন খেলোয়াড়েরা।

ভারত-পাকিস্তান ক্রিকেটে এমন ঘটনা অবশ্য নতুন নয়। গত বছর দুবাইয়ে এশিয়া কাপের পর থেকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাত না মেলানোর প্রবণতা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। জাতীয় দলের পাশাপাশি নারী ও বয়সভিত্তিক ক্রিকেটেও এর প্রভাব পড়েছে। এবার তিলক বর্মার নেতৃত্বাধীন ভারত ‘এ’ দলও সেই ধারাবাহিকতা বজায় রাখল।
এমন পরিস্থিতিতে ক্রিকেটের নিয়ম ও চেতনার সঙ্গে এই আচরণের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিপক্ষের সঙ্গে করমর্দন না করলে কোনো শাস্তির বিধান আছে কি না, সেটিও আলোচনায় এসেছে। বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এমসিসি।

সংস্থাটির মতে, ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্য বজায় থাকা উচিত। তবে রাজনৈতিক কিংবা প্রশাসনিক পর্যায় থেকে কোনো নির্দেশনা এলে তার বিপরীতে গিয়ে খেলোয়াড়দের করমর্দনে বাধ্য করার এখতিয়ার এমসিসির নেই।
সংযুক্ত আরব আমিরাতে আইএলটি২০-এর পঞ্চম আসর উপলক্ষে অবস্থান করছেন এমসিসির আইন ব্যবস্থাপক ও ক্রিকেট প্রধান ফ্রেজার স্টুয়ার্ট। ভারত-পাকিস্তান ক্রিকেটারদের করমর্দন না করার বিষয়ে তিনি বলেন, ওপর মহল থেকে কোনো নির্দেশনা এলে সেটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা এমসিসির নেই। খেলোয়াড়দের মধ্যে হাত মেলানোর দৃশ্য দেখতে চাইলেও বিষয়টির সঙ্গে আরও বড় কিছু জড়িত রয়েছে, যা তাদের নিয়ন্ত্রণের বাইরে।
স্টুয়ার্ট আরও জানান, ক্রিকেটের বাইরের বিভিন্ন ঘটনা অনেক সময় খেলাটিকে প্রভাবিত করে। বিশেষ করে ভূরাজনৈতিক পরিস্থিতির মতো বিষয় নিয়ে মন্তব্য করার অবস্থানে নেই এমসিসি। তাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে কেবল মাঠের আচরণ। খেলোয়াড়েরা একে অপরকে, আম্পায়ারদের এবং ক্রিকেটের নিয়ম ও কর্তৃত্বকে সম্মান করছেন কি না, সেটিই নিশ্চিত করতে পারে সংস্থাটি।

ভারতীয় ক্রিকেটারদের করমর্দন এড়িয়ে চলার সিদ্ধান্তের সূত্রপাত ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপ থেকে। পেহেলগামে সন্ত্রাসী হামলার কয়েক সপ্তাহ পর অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নেয় ভারত। এরপর পুরুষ, নারী ও বয়সভিত্তিক ক্রিকেটের বিভিন্ন পর্যায়েও একই অবস্থান দেখা গেছে।
দোহায় ভারত ‘এ’ দলের সাম্প্রতিক আচরণও সেই ধারারই পুনরাবৃত্তি। ক্রিকেটের মাঠে দুই দলের লড়াই যতই তীব্র হোক, ম্যাচ শেষে সৌজন্য ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার প্রত্যাশা থেকেই যায়। কিন্তু রাজনৈতিক বৈরিতার প্রভাবে সেই ঐতিহ্য ফিরবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আর এই পরিস্থিতিতে ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা এমসিসির অবস্থানও কার্যত দর্শকের ভূমিকায় সীমাবদ্ধ।

-6b0547afbae2f.jpg)