আবারও বল বিকৃতির চেষ্টা অস্ট্রেলিয়ার, বেরিয়ে এলো থলের বিড়াল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম
স্যান্ডপেপার কাণ্ডে নিষিদ্ধ হয়েছিলেন ক্যামেরন বেনক্রফট, ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ/সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ আফ্রিকায় স্যান্ডপেপার কাণ্ডের ছয় মাস পরও বল বিকৃতির চিন্তা থেকে বের হতে পারেনি অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে টেস্টে বলের এক পাশের অবস্থা বদলাতে মিন্টস ব্যবহারের কথা ভেবেছিলেন দলের কয়েকজন ক্রিকেটার। তবে অধিনায়ক টিম পেইন ও কোচ জাস্টিন ল্যাঙ্গারের হস্তক্ষেপে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি বলে দাবি করা হয়েছে নতুন এক প্রতিবেদনে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এসইএনের সাংবাদিক জেরার্ড হুইটলির অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। ২০১৮ সালের অক্টোবরে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ঘটনাটি ঘটে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির ঘটনার মাত্র ছয় মাস পর এই আলোচনা হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়ার বোলাররা পিচ থেকে প্রত্যাশিত সুইং পাচ্ছিলেন না। এ অবস্থায় বলের অবস্থা বদলাতে মিন্টস ব্যবহারের প্রস্তাব দেন দলের এক ক্রিকেটার। ওই ক্রিকেটার বলেন, ‘মিন্টস কার কাছে আছে? আজ বলের দায়িত্ব কে নিচ্ছে?’
তবে তার এ প্রস্তাবে দলের আরেক সদস্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। বিষয়টি জানার পর কোচ জাস্টিন ল্যাঙ্গারও ক্রিকেটারদের মুখোমুখি হন। এমন পরিকল্পনায় নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি। অধিনায়ক টিম পেইনও বিষয়টি থামাতে হস্তক্ষেপ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন প্রতিবেদনে ২০১৮ সালের স্যান্ডপেপার কাণ্ডের ভেতরের আরও কিছু তথ্য উঠে এসেছে। সেই ঘটনায় ডেভিড ওয়ার্নারের ভূমিকা নিয়ে দলের হোটেলে তার মুখোমুখি হয়েছিলেন মিচেল মার্শ।
প্রতিবেদনে এক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘ঘটনাটি পুরো হোটেলে ছড়িয়ে পড়েছিল। ডেভির ওপর বেশ চড়াও হয়েছিল বাইসন।’ এ ঘটনায় শুরুতে পুরো দায় নিজের কাঁধে নিতে চেয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। তবে স্টিভ স্মিথও দায়িত্বের ভাগ নিতে চান বলে জানিয়েছিলেন। মার্শও স্পষ্ট করে দিয়েছিলেন, পুরো দায় ব্যানক্রফটের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। ওয়ার্নারকে উদ্দেশ করে তাকে বলা হয়েছিল, ‘বন্ধু, এবার তুমি দায় এড়িয়ে যেতে পারবে না। আমরা ব্যাঙ্গার্সকে তোমার হয়ে সব দায় নিতে দেব না।’
২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির ঘটনায় জড়িত ছিলেন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট। ওই ঘটনায় স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যানক্রফট নিষিদ্ধ হন নয় মাসের জন্য।
সেই কাণ্ডের পর অস্ট্রেলীয় ক্রিকেটে শৃঙ্খলা ও সততা নিয়ে বড় প্রশ্ন উঠেছিল। নতুন এই প্রতিবেদন আবারও পুরোনো বিতর্ক সামনে নিয়ে এসেছে।
