Logo
Logo
×

Advertisement

খেলা

আবারও রিয়ালের কামব্যাক, গোলে ফিরলেন ভিনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ এএম

আবারও রিয়ালের কামব্যাক, গোলে ফিরলেন ভিনি

সংগৃহীত

Advertisement

রিয়াল মাদ্রিদ শুরুতে গোল হজম করল, এরপর সেটা শোধ করল, আরও একটা (বা একগাদা) গোল করে এগিয়েই গেল, জয় নিয়ে মাঠ ছাড়ল। এতদিনে গল্পটা বেশ পরিচিতই হয়ে যাওয়ার কথা। গেল রাতেও ঘটল। চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে এক গোলে পিছিয়ে পড়েও ৫-১ গোলে জিতেছে রিয়াল। এই নিয়ে টানা দ্বিতীয় আর মৌসুমে অন্তত চতুর্থ বারের মতো মাদ্রিদ লিখল ‘কামব্যাকের গল্প’।

রিয়ালের মাঠ এস্তাদিও বের্নাবেউয়ের প্রথমার্ধটা যদি পিএসভির নামে লিখে দেওয়া হয়, তাহলে ভুল হয় না একটুও। সফরকারীরা দারুণ লড়াই করেছে। শুরুতে রুবেন ফন বমেলের শট লক্ষ্যে থাকেনি। এরপর অরেলিয়ঁ চুয়ামেনি সভেন মাইনান্সের পায়ে পা তুলে দিলে পেনাল্টি পায় পিএসভি। সেই স্পট কিকে গোল করেন ইভান পেরিশিচ।

বিরতিতে তিনটি পরিবর্তন আনেন রিয়াল কোচ জোসে মরিনিও। এর একটি ছিল বেলিংহাম। চোট নিয়ে সামান্য সমস্যা থাকায় প্রথমার্ধে তাকে বেঞ্চে রাখা হয়েছিল। বিরতির পর ২৩ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার নামতেই বদলে যায় রিয়ালের খেলা।

দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় সমতা ফেরায় রিয়াল। দারুণ এক আক্রমণ গড়ে ওঠে। ভিনিসিয়ুস ক্রস দেন ইয়ান দিওমান্দের কাছে। তিনি বল বাড়ান আর্দা গুলেরকে। তুর্কি মিডফিল্ডারের হালকা ব্যাকহিল ফ্লিকে বল পান ভালভের্দে। কাছের পোস্টে জোরালো শটে তিনি জাল কাঁপান।

এরপর রিয়াল ছিল অপ্রতিরোধ্য। গুলের ও এমবাপ্পের শট পিএসভির গোলরক্ষক মাতেই কোভার ঠেকিয়ে দেন। তবে বেলিংহাম এরপর করেন দুর্দান্ত এক গোল। বক্সের কিনারায় একটি লুজ বল পেয়ে তিনি তা শূন্যে তোলেন। এরপর অসাধারণ ভলিতে কোভারকে পরাস্ত করে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান।

ভিনিসিয়ুস ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে বাধা পাওয়ার পর ঠান্ডা মাথার ফিনিশে তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে এটি তার ৭৫তম গোল। এ মৌসুমে রিয়ালের প্রতিটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচেই গোল করেছেন তিনি। গোলরক্ষককে কাটিয়ে চতুর্থ গোলটিও তার। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি এ মৌসুমে তার ১৯তম গোল।

বেলিংহাম পিএসভির বিপর্যস্ত রক্ষণের পেছনে লব পাস দেন। সেই বলে গোল করে ভিনিসিয়ুস ম্যাচ শেষ করেন। আগস্টের পর রিয়ালের হয়ে এটি তার প্রথম গোল। ফর্মহীনতার পর এই গোল কোচ মরিনিওকেও স্বস্তি দেবে অনেকটাই।

রিয়াল এখন ইউরোপে পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে এগিয়ে। সান্তিয়াগো বের্নাবেউয়ের এই ম্যাচ রিয়ালের ধারাবাহিকতার বড় প্রমাণ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চোটে ছিটকে পড়লেন এনদ্রিক

চোটে ছিটকে পড়লেন এনদ্রিক

দলকে কঠোর পরামর্শ মরিনিওর, একাদশে আসছে তিন পরিবর্তন

দলকে কঠোর পরামর্শ মরিনিওর, একাদশে আসছে তিন পরিবর্তন

লা লিগায় এমবাপ্পে-ইয়ামালের লজ্জার রেকর্ড

লা লিগায় এমবাপ্পে-ইয়ামালের লজ্জার রেকর্ড

প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি

প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি

পেনাল্টি মিস করাটা ‘অভ্যাস’ হয়ে গেছে এমবাপ্পের

পেনাল্টি মিস করাটা ‘অভ্যাস’ হয়ে গেছে এমবাপ্পের

২০২৮ পর্যন্ত রিয়ালেই থাকছেন কোর্তোয়া

২০২৮ পর্যন্ত রিয়ালেই থাকছেন কোর্তোয়া

আরও পড়ুন

আবারও রিয়ালের কামব্যাক, গোলে ফিরলেন ভিনি

আবারও রিয়ালের কামব্যাক, গোলে ফিরলেন ভিনি

আজকের খেলা: ২৫ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ২৫ নভেম্বর ২০২৬

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

ক্রীড়া আদালতের রায় জিতে আফকন চ্যাম্পিয়ন সেনেগাল

ক্রীড়া আদালতের রায় জিতে আফকন চ্যাম্পিয়ন সেনেগাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম