দলকে কঠোর পরামর্শ মরিনিওর, একাদশে আসছে তিন পরিবর্তন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে মাঠে নামার আগে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিও। প্রতিপক্ষের নাম কিংবা পরিচিতি বড় দলগুলোর মতো না হলেও তাদের কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই বলে খেলোয়াড়দের স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি টানা ম্যাচের ধকল সামলাতে শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনার পরিকল্পনাও করছেন পর্তুগিজ এই কোচ।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দেফেন্সা সেন্ট্রাল’-এর প্রতিবেদন অনুযায়ী, মরিনিও খেলোয়াড়দের জানিয়েছেন, ইন্টার মিলান, আর্সেনাল কিংবা রোমার মতো পরিচিত প্রতিপক্ষ না হলেও পিএসভি যথেষ্ট শক্তিশালী দল। ডাচ লিগের শীর্ষে থাকা দলটি ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চাপে ফেলার সামর্থ্য রাখে। তাই প্রতিপক্ষকে সহজভাবে নেওয়ার কোনো সুযোগ দিতে চান না তিনি।
সেলটা ভিগোর বিপক্ষে রিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্সও মরিনিওর উদ্বেগের কারণ। ওই ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকবার বিপদে পড়েছিল মাদ্রিদ। শেষ পর্যন্ত ম্যাচের ৮৫ মিনিটে কার্লোস এস্পির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি। তবে চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রতিযোগিতায় এমন ভুলের মাশুল দিতে হতে পারে বলে মনে করছেন কোচ। তাই পিএসভির বিপক্ষে শুরু থেকেই সতর্ক ও মনোযোগী ফুটবল প্রত্যাশা করছেন তিনি।
চলতি চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে এখন পর্যন্ত ১২ পয়েন্ট সংগ্রহ করে অপরাজিত রিয়াল। পিএসজির সঙ্গে যৌথভাবে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখা দলটির লক্ষ্য দ্রুত শেষ ষোলোর টিকিট নিশ্চিত করা। আগামী ৯ ডিসেম্বর এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পিএসভিকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে তারা।
এদিকে ঠাসা সূচির কথা বিবেচনায় রেখে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার দিকেও নজর দিচ্ছেন মরিনিও। সেলটা ম্যাচে অরেলিয়েঁ চুয়ামেনি, ফেদে ভালভের্দে ও মার্ক কুকুরেয়াকে শুরুর একাদশের বাইরে রেখেছিলেন তিনি। পিএসভির বিপক্ষেও নিয়মিত কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দিয়ে দলের শক্তি ও সতেজতা ধরে রাখতে চান কোচ।
চোটের কারণে আগের ম্যাচে না খেলা চুয়ামেনি ও ভালভের্দের পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়রেরও একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিশ্রামে থাকতে পারেন ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড ও ইয়ান দিওমান্দে। ডিন হুইসেন, ইব্রাহিমা কোনাতে, এদুয়ার্দো কামাভিঙ্গা ও বের্নার্দো সিলভার খেলার সময় নিয়েও পরিকল্পনা করছে কোচিং স্টাফ।
তবে পায়ের হাড়ে চোটের অস্ত্রোপচারের কারণে রাউল আসেনসিওকে পাওয়া যাচ্ছে না। ইউরোপীয় স্কোয়াডে নিবন্ধিত না থাকায় খেলতে পারবেন না ফারল্যান্ড মেন্দিও।
ম্যাচের নিয়ন্ত্রণ শুরুতেই নিজেদের হাতে নিতে পারলে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামতে পারেন এন্ড্রিক ফেলিপে, ব্রাহিম দিয়াজ, থিয়াগো পিটার্চ ও সেলটা ম্যাচের জয়ের নায়ক কার্লোস এস্পি।


