Logo
Logo
×

Advertisement

খেলা

প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি

নেয়ামত উল্লাহ

নেয়ামত উল্লাহ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম

প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি

সংগৃহীত

Advertisement

কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম… রিয়াল মাদ্রিদের লাইনআপে তারকার অভাব কোনোকালেই ছিল না, এখনও নেই। ‘গ্যালাকটিকো’রা অতীতেও রিয়ালকে জিতিয়েছেন বহু কিছু, তরিয়ে দিয়েছেন বহু বিপদের রাতে। 

তবে ২০২৬-২৭ মৌসুমে এসে রিয়াল যেন একটু আলাদা কিছু দেখছে। এমবাপ্পে, ভিনি বা বেলিংহাম নয়, তাদের ছাপিয়ে নজর কাড়ছেন, দলকে বাঁচানোর দায়িত্বটা একপ্রকার নিজের কাঁধেই তুলে নিয়েছেন এক আনকোরা তরুণ, যার নাম কার্লোস এসপি!

এই তো, গেল রাতেও যেমন নিলেন। সেলতা ভিগোর বিপক্ষে শুরুতে পিছিয়েই পড়েছিল রিয়াল। সে গোল শোধ করে দল যখন এগোচ্ছে ড্রয়ের দিকে, ঠিক তখনি দৃশ্যপটে সেই তিনি। তার গোল আবারও পুরো ৩ পয়েন্ট এনে দিল রিয়ালকে, ছুঁয়ে ফেলল লিগের শীর্ষে থাকা বার্সাকেও।

অথচ রিয়ালের চলতি মৌসুমের শুরুটা হয়েছিল বেশ বাজে। সেপ্টেম্বরে ১৫ দিনের এদিক ওদিকে ২ হার দলটাকে ঠেলে দিয়েছিল একেবারে খাদের কিনারে। এতটাই যে, মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে সমীকরণটা ছিল হারলেই ব্যবধানটা গিয়ে ঠেকবে ৯ পয়েন্টে, শিরোপা জেতার সম্ভাবনা মিলিয়ে যাবে অনেকটাই। সেই দলটা যে এখন লিগের শীর্ষে বার্সাকে ছুঁয়ে ফেলল, তার পেছনে তো এই এসপির অবদানই অনেক!

সংখ্যার বিচারেও তার প্রভাবটা খুবই স্পষ্ট। লা লিগায় রিয়ালের প্রাপ্ত পয়েন্টের ২৭.২৭ পয়েন্ট এসেছে এই এসপির কল্যাণে। রিয়ালের অর্জন এখন ৩৩ পয়েন্ট, এর ৯ পয়েন্টই এসেছে কার্লোস এসপির গোলে।

লা লিগার তিন গোলই এসেছে এমন তিন ম্যাচে, যেখানে এই গোলগুলো সমতা ভেঙে জয় নিশ্চিত করেছে। হিসাব করলে নয়টি পয়েন্ট, যা এসপি না থাকলে হয়তো আসত না। 

শুধু কি লিগ? চ্যাম্পিয়ন্স লিগেও যে রিয়াল এক কামব্যাকের গল্প লিখে বসল মাসখানেক আগে, রোমার বিপক্ষে সেই ম্যাচেও জালের দেখা পেয়েছেন এসপি। সেই গোলই তো ২ গোলে পিছিয়ে পড়া রিয়ালকে ম্যাচে ফেরার পথ দেখায়!

সব মিলিয়ে এই মৌসুমে এসপির গোল চারটি। এই চার গোলের আবার আলাদা মাহাত্ম্য আছে। সবকটি এসেছে ৮০ মিনিটের পর। এসপানিওলের বিপক্ষে ৯০ মিনিটে, এলচের বিপক্ষে ৯১ মিনিটে, রোমার মাঠে ৮৬, আর সেলতার বিপক্ষে ৮৫ মিনিটে। 

এই চার ম্যাচে তিনি মাঠে ছিলেন মোট ৪০ মিনিট। ১১, ৫, ১২ আর ১২। এর বাইরেও তিনি যেটুকু সময় চলতি মৌসুমে মাঠে থেকেছেন, তার চেয়ে বেশি সময় এক ম্যাচেই খেলেন এমবাপ্পে-বেলিংহামরা। 

সব মিলিয়ে চলতি মৌসুমে তিনি খেলেছেন ৬২ মিনিট, তাতেই চার গোল। মিনিটের বিচারে প্রতি সাড়ে ১৫ মিনিটে করেছেন একটা করে গোল। এত কিছুর পরও কোচ জোসে মরিনিওর অবশ্য সুযোগ মিলছে না তাকে শুরুর একাদশে খেলানোর। এমন তারকাখচিত স্কোয়াড থাকলে ফুরসতটা আর থাকে কোথায়?

তবে এসপি তার দাবি তুলেই যাচ্ছেন। মুখে নয়; পারফর্ম্যান্স দিয়ে, দলকে জিতিয়ে। তাতে একটা প্রশ্নও জাগছে মনে, বদলি হিসেবেই যিনি এমন দুর্ধর্ষ, শুরুর একাদশে এলে না জানি কী করে বসেন!

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পেনাল্টি মিস করাটা ‘অভ্যাস’ হয়ে গেছে এমবাপ্পের

পেনাল্টি মিস করাটা ‘অভ্যাস’ হয়ে গেছে এমবাপ্পের

২০২৮ পর্যন্ত রিয়ালেই থাকছেন কোর্তোয়া

২০২৮ পর্যন্ত রিয়ালেই থাকছেন কোর্তোয়া

২০৩২ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন আর্দা গুলার

২০৩২ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন আর্দা গুলার

হেসুসের মৃত্যুর ঘটনায় বড় শাস্তি পেলেন সেই গোলরক্ষক

হেসুসের মৃত্যুর ঘটনায় বড় শাস্তি পেলেন সেই গোলরক্ষক

ইয়ামালকে হারিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জিতলেন এমবাপ্পে

ইয়ামালকে হারিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জিতলেন এমবাপ্পে

আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলে

আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলে

আরও পড়ুন

বাংলাদেশের হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি

প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি

সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারালেন পারেদেস

সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারালেন পারেদেস

সাফ ব্যর্থতার জেরে কি চাকরি যাবে থমাস ডুলির?

সাফ ব্যর্থতার জেরে কি চাকরি যাবে থমাস ডুলির?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম