|
ফলো করুন |
|
|---|---|
বল টেম্পারিংয়ের দায়ে গেল এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন ডেভিড ওয়ার্নার। তার পরিবর্তে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে ওপেন করছিলেন দুই বছর পর জাতীয় দলে ফেরা উসমান খাজা। প্রত্যাবর্তনের পর দুদার্ন্ত খেলছেন তিনি।
গেল মাসেও অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেনিংয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে দারুণ করেছেন খাজা। তবে বিশ্বকাপে তিনি নন, ইনিংস উদ্বোধনে ওয়ার্নারকে চান সাবেক অজি কিংবদন্তি মার্ক ওয়াহ। তার যুক্তি, পাকিস্তানি বোলাররা নির্বিষ। তাদের বিপক্ষে ভালো করে বিশ্বমঞ্চে সেরকম কিছু প্রত্যাশা করা ঠিক নাও হতে পারে।
চলতি বছর ভারতের বিপক্ষে আটটি এবং পাকিস্তানের বিপক্ষে পাঁচটি- মোট ১৩টি ওয়ানডেতেই অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধন করেছেন খাজা। সেঞ্চুরি করেছেন দুটি। প্রত্যেকটি টিম ইন্ডিয়ার বিপক্ষে। পাশাপাশি ৬টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। সবমিলিয়ে ৫৯.১৫ গড়ে মোট ৭৬৯ রান করেছেন বাঁহাতি ব্যাটার। যেখানে এ বছরের আগে ক্যারিয়ারের প্রথম ১৮টি ম্যাচে তার রান ছিল মাত্র ৪৫৬ রান। নামের পাশে ছিল না কোনো তিন অংক ছোঁয়া ইনিংস।
এদিকে গেল মার্চে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও এখনো হলুদ জার্সিতে খেলতে নামা হয়নি ওয়ার্নারের। তবে ওয়াহ মনে করেন, কন্ডিশন বিবেচনায় সে-ই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সেরা ওপেনিং জুটির একজন। তিনি বলেন, খাজা ও ফিঞ্চ ওপেনিংয়ে খুব ভালো করছে। তবে এর আগে অসাধারণ খেলেছে ওয়ার্নার ও ফিঞ্চ জুটি।
তো ওয়ার্নার নাকি খাজা? জবাবে পাকিস্তানের বোলিং আক্রমণকে নির্বিষ বলে উল্লেখ করেন ওয়াহ। তিনি বলেন, আমি মনে করি বিশ্বকাপে ফিঞ্চ ও ওয়ার্নারেরই ওপেন করা উচিত। পাকিস্তানের বিপক্ষে ভালো করেছে তাই খাজা ও ফিঞ্চকে দিয়ে ওপেন করানো নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে, সেখানে তারা ভালো করেছে পাটা উইকেট ও নির্বিষ বোলিং আক্রমণের বিপক্ষে। তাই ইংলিশ কন্ডিশনে আমার পছন্দ ওয়ার্নারই।
