১০২ বিলিয়ন ডলারের সম্পদ বেড়েছে জেফ বেজোসের
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:১২ পিএম
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদের পরিমাণ ১০২ বিলিয়ন ডলার বেড়েছে। এর ফলে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়াল ৩৭২ বিলিয়ন ডলার।
ব্লুমবার্গের তথ্যের বরাতে রোববার (১১ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বেজোসের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিনে বাহ্যিক বিনিয়োগ বাড়ায় বর্তমানে কোম্পানিটির মূল্য দাঁড়িয়েছে ১৩০ বিলিয়ন ডলার।
মহাকাশে মনোযোগ দেওয়ায় বেজোসকে অভিনন্দন জানিয়েছেন আরেক মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন, আমি খুবই খুশি যে জেফ বেজোস মহাকাশে নজর দিয়েছে।
২০০০ সালে প্রতিষ্ঠিত ব্লু অরিজিনে সর্বশেষ বিনিয়োগ বৃদ্ধির ঘটনা কোম্পানিটির জন্য একটি বড় পদক্ষেপ। প্রথমবারের মতো কোম্পানিটি বাইরের বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নিল।
সম্প্রতি জেফ বেজোস নিজে এখানে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। বাকি অর্থ অন্য বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন বলে জানা গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে ব্লু অরিজিনে বড় ধরনের বিনিয়োগ করেছেন বেজোস। কম্পানিটিতে তার বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলার।
এ ছাড়া বেশ কয়েকটি সরকারি চুক্তি করেছেন বেজোস। তার কম্পানি ব্লু অরিজিন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে একটি ৭০ কোটি ডলারের চুক্তি করেছে। এ ছাড়া মানুষবিহীন চন্দ্র অভিযানের জন্য প্রায় ৪৭ কোটি ডলারের চুক্তি করেছে তার কোম্পানি।
বেজোসের সম্পদ বাড়ার পেছনে অ্যামাজনেরও ভূমিকা রয়েছে। ফেব্রুয়ারিতে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৯৬ ডলার। বর্তমানে তা বেড়ে হয়েছে ২৬২ ডলার।

