সিপিডির বাজেট মূল্যায়ন
অর্থনৈতিক কাঠামোর সঙ্গে বাস্তবতার মিল নেই
রাজস্ব আদায়ে ৩০ থেকে ৩৫ শতাংশ প্রবৃদ্ধি করতে হবে * বিনিয়োগ ও কর্মসংস্থানের বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা নেই * মুখে বললেও ব্যয়ের দিক থেকে করোনা পরিস্থিতি গুরুত্ব পায়নি * মধ্যবিত্তদের জন্য সুনির্দিষ্ট কিছু নেই * বিভিন্ন খাতে কর ছাড় ইতিবাচক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ জুন ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে যে সামষ্টিক অর্থনৈতিক কাঠামোর কথা বলা হয়েছে, এর সঙ্গে বাস্তবতার মিল নেই। অধিকাংশ সূচক অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। অর্থ মন্ত্রণালয় যে পরিসংখ্যান ব্যবহার করছে, সেগুলো সিরিয়াসলি (গুরুত্ব সহকারে) তৈরি করা হয়নি।
বাজেট বক্তৃতায় করোনার কথা বলা হলেও বরাদ্দের দিক থেকে বিষয়টি গুরুত্ব পায়নি। করোনার ভ্যাকসিন কেনায় এবারের বাজেটে কত টাকা দেওয়া হয়েছে, সেটিও অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় নেই। বিভিন্ন খাতে কর ছাড়ের কথা বলা হয়েছে, এটি ইতিবাচক।
কিন্তু কিভাবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে, তা বলা হয়নি। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু সেখানে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বাজেট মূল্যায়নে এসব কথা বলা হয়।
শুক্রবার রাজধানীর হোটেল লেকশোরে এক সংবাদ ব্রিফিংয়ে এ মূল্যায়ন প্রতিবেদন তুলে ধরা হয়। সেখানে বক্তব্য রাখেন সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম এবং সিনিয়র রিসার্স ফেলো তৌফিকুল ইসলাম খান।
সিপিডি বলছে, ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও ব্যয়ের সক্ষমতা ও গুণগত মান নিয়ে প্রশ্ন আছে। ফলে এ বাজেট বাস্তবায়ন অত্যন্ত চ্যালেঞ্জের।
মূল প্রবন্ধে বলা হয়, এবারের বাজেটে সামষ্টিক অর্থনীতির অধিকাংশ সূচকে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ে বেশি।
এর মধ্যে জিডিপির অনুপাতে ৩৩ দশমিক ১ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু অষ্টম বার্ষিকী পরিকল্পনায় ২০২২ সালে এ লক্ষ্যমাত্রা ৩২ দশমিক ৭ শতাংশ।
এক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের লক্ষ্য ২৫ শতাংশ। কিন্তু অষ্টম পঞ্চ বার্ষিকীতে ২৪ দশমিক ৫ শতাংশ। এছাড়া সরকারি ব্যয় ১৭ দশমিক ৫ শতাংশ।
সেখানে অষ্টম পঞ্চবার্ষিকীতে ১৭ দশমিক ৯। এছাড়া বেসরকারি খাতের ঋণ প্রবাহ ১৪.৫-১৫ শতাংশ, রেমিট্যান্সে (প্রবাসী আয়) ৮ থেকে ১৫ শতাংশ প্রবৃদ্ধি, আমদানি প্রবৃদ্ধি ১০ থেকে ১৪ এবং রপ্তানি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় থাকা ১০ দশমিক ৩ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে।
সিপিডি বলছে, এর কোনোটিই বাস্তবতার সঙ্গে মিল নেই। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আগামী অর্থবছরের জন্য ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি ধরা হয়েছে।
কিন্তু কিসের ভিত্তিতে লক্ষ্য ধরা হয়েছে, তা পরিষ্কার নয়। এ ব্যাপারে সরকারি সংস্থা বিবিএসের কাছে তথ্য চাইলেও পাওয়া যায় না।
এছাড়া বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং এশীয় উন্নয়ন ব্যাংক প্রবৃদ্ধির যে পূর্বাভাস প্রকাশ করেছে, এটি তার চেয়ে অনেক বেশি। অন্যদিকে বেসরকারি খাতে জিডিপির ২৫ শতাংশ বিনিয়োগের কথা বলা হয়েছে।
এ পরিমাণ বিনিয়োগের জন্য অতিরিক্ত ১ লাখ ১৭ হাজার কোটি টাকা দরকার। এ টাকা কোত্থেকে আসবে, তা পরিষ্কার নয়।
এছাড়া চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রপ্তানিতে ৮ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সেখানে আগামী অর্থবছরে ১৫ শতাংশ প্রবৃদ্ধি ধরা হয়েছে। এটি উচ্চাভিলাষী। এছাড়াও আমদানি বাড়ছে।
কিন্তু মূলধনী যন্ত্রপাতি বাড়ছে না। এর মানে হলো বিনিয়োগ হচ্ছে না। অপরদিকে বর্তমানে রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধি রয়েছে। কিন্তু নতুন করে মানুষ বিদেশ যাচ্ছে না। ফলে আগামীতে রেমিট্যান্সের প্রবৃদ্ধি ধরা রাখা নিয়ে সংশয় রয়েছে।
সিপিডির মূল্যায়নে আরও বলা হয়, বাজেটে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এটি বড় নয়।
তবে ব্যয়ে করার সক্ষমতা এবং গুণগতমান নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা।
বছরের সংশোধিত বাজেটের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৫১ হাজার কোটি টাকা। সিপিডি মনে করছে, বাস্তবে ২ লাখ ৯৮ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হবে।
ফলে এ বছরের চেয়ে ১০ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি ধরা হলেও বাস্তবে তা ৩০ শতাংশ ছাড়িয়ে যাবে। অন্যদিকে এবার বিভিন্ন খাতে কর ছাড় দেওয়া হয়েছে।
এ কর ছাড় ইতিবাচক। এতে দেশীয় শিল্প সুরক্ষা পাবে। কিন্তু এ পরিমাণ কর ছাড়ের পর আয়ের লক্ষ্যমাত্রা পূরণ অত্যন্ত চ্যালেঞ্জের।
এ ব্যাপারে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় পরিষ্কার করে কিছু বলা হয়নি। এছাড়াও ১ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে।
এ ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ৫২ দশমিক ৮ শতাংশ অর্থায়নের কথা বলা হয়েছে। করোনা মোকাবিলায় প্রণোদনার কথা বলা হলেও তার ৮০ ভাগই ঋণ নির্ভর। অন্যদিকে স্বাস্থ্য গুরুত্বের কথা বলা হয়েছে। কিন্তু বরাদ্দে ওইভাবে গুরুত্ব খুঁজে পাওয়া যায়নি।
সিপিডির মূল্যায়নে আরও বলা হয়, বিভিন্ন খাতে কর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এর অধিকাংশই উচ্চবিত্তরা পাবে। মধ্যবিত্তদের জন্য তেমন কিছু নেই। বিভিন্ন মহল থেকে দাবি করা হলেও করমুক্ত আয় সীমা বাড়ানো হয়নি।
তৌফিকুল ইসলাম খান বলেন, একটি বিষয় পরিষ্কারভাবে বলছি, অর্থ মন্ত্রণালয়ের ডকুমেন্টে জিডিপি প্রবৃদ্ধির যে হিসাব দেওয়া হয়েছে, এটি তাদের অনুমান বা চিন্তা।
এরসঙ্গে পরিসংখ্যান ব্যুরোর কোনো সম্পর্ক নেই। আর এই পরিসংখ্যানের বিষয়টিকে মন্ত্রণালয় সিরিয়াসলি নেয়নি।
পরিসংখ্যান তৈরি করা অর্থ মন্ত্রণালয়ের কাজও না। রুলস অব বিজনেসেও এটি নেই। তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির ব্যাপারে অর্থমন্ত্রীর মনোভঙ্গি কী, তার ওপর ভিত্তি করে তিনি বাজেট তৈরি করেছেন।
এরসঙ্গে বাস্তবতার মিল নেই। গত ৯ মাস পর্যন্ত বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৯ শতাংশের নিচে।
কিন্তু এ বছরের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ শতাংশ। তিনি বলেন, আমার ধারণা অর্থ মন্ত্রণালয় এটি সিরিয়াসলি তৈরি করেনি। যে কারণে আমাদেরও সিরিয়াসলি নেওয়া ঠিক হবে না।
তিনি বলেন, করোনার টিকার ব্যাপারে এ অর্থবছরের বাজেটে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সেটি আমরা পাইনি।
এ তথ্য কোথাও নেই। কিন্তু এটি এ বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হওয়া উচিত ছিল। এটি শুধু সাধারণ মানুষের নয়, স্বাস্থ্য মন্ত্রণালয়েরও এটি জানা জরুরি। তাদের আশ্বস্ত করা উচিত, টিকার জন্য টাকা লাগলে সমস্যা নেই।
বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজেটে বিভিন্ন কর ছাড়ের পর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা।
এক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা হলো সংশোধিত বাজেটের ওপর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটি বাস্তবতার ওপর ভিত্তি ধরে করা হয়নি। তৌফিকুল ইসলাম খান বলেন, কিছুদিন আগেই অর্থমন্ত্রী ৯ মাসের রাজস্ব পরিস্থিতির একটি হিসাব দিয়েছেন।
ওই হিসাব মিলালেও তিনি বুঝতে পারতেন, এ লক্ষ্যমাত্রা ঠিক হয়নি। সিপিডির এ রিসার্স ফেলো আরও বলেন, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের যে লক্ষ্যমাত্রা রয়েছে, প্রস্তাবিত বাজেটে সেখানে ১৫ শতাংশ প্রবৃদ্ধি ধরা হয়েছে।
কিন্তু বছর শেষে বাস্তবে যে পরিমাণ রাজস্ব আদায় হবে, তার সঙ্গে তুলনা করলে নতুন লক্ষ্যমাত্রার প্রবৃদ্ধি ৩০ থেকে ৩৫ শতাংশ ছাড়িয়ে যাবে। প্রশ্ন হলো, এ লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব কিনা। তবে সম্ভব করতে হলে সব ধরনের কর ফাঁকি এবং অবৈধ অর্থ বন্ধ করতে হবে।
বাংলাদেশের কর ব্যবস্থায় যে পরিমাণ ফাঁকি দেওয়া হয়, তা বন্ধ করতে পারলে ৩০ শতাংশ প্রবৃদ্ধি সম্ভব। কিন্তু এ ধরনের ফাঁকি বন্ধে যে ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং পরিকল্পনা থাকা দরকার ছিল, এবারের বাজেটে সেই ধরনের পদক্ষেপ দেখা যায়নি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আধুনিক বিশ্বে যখন কোনো দেশে কর ছাড় দেওয়া হয়, সেই ছাড়ের ফলে কত টাকার রাজস্ব আয় কমবে, তা পরিষ্কার করে বলা হয়। একইভাবে নতুন কর আরোপের ফলে কত টাকা রাজস্ব আদায় হবে, সেটিও উল্লেখ থাকে।
এতে মানুষ বুঝতে পারে, এ পদক্ষেপের অভিঘাত কী, এ পদক্ষেপ কার জন্য কতটুকু লাভ বা ক্ষতি হলো। এরপরও আমরা রাজস্ব আয় নিয়ে, যত বেশি চিন্তিত, তার চেয়ে বেশি চিন্তিত সরকারি ব্যয় নিয়ে।
লক্ষ্যমাত্রা অনুসারে সরকারি ব্যয় করা যাবে কিনা, আর ব্যয় করতে পারলেও তার গুণগতমান ঠিক থাকবে কিনা সেটি দুশ্চিন্তার কারণ।
এখানে সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবহিদিতা এবং দুর্নীতিমুক্ত ব্যয়ের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তবে বাজেট পাশ হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে বিবেচনা করার সুযোগ রয়েছে।
ড. মোস্তাফিজুর রহমান বলেন, বাজেটের অনুমিতি দুর্বল। কাঠামোগত দুর্বলতা নিয়েই বাজেট তৈরি করা হয়েছে। কিন্তু অর্থমন্ত্রী একটি স্বস্তির জায়গা থেকে বাজেট তৈরির সুযোগ পেয়েছিলেন।
সংশোধিত বাজেটের ওপর রাজস্ব আয়ে প্রবৃদ্ধি ধরে বাজেট তৈরি করা হয়েছে, বাস্তবে সে লক্ষ্যমাত্রা আরও বাড়বে। এছাড়া অর্থমন্ত্রী বাজেটে বক্তৃতায় করোনার কথা বলেছেন।
কিন্তু বরাদ্দের ক্ষেত্রে প্রতিফলন নেই। অর্থাৎ বক্তৃতায় উল্লেখ না থাকলে বরাদ্দ দিয়ে বুঝাই যেত না, দেশে করোনা আছে। মনে হতো এটি চলমান বাজেট। তিনি বলেন, আগেই থেকেই দেশে আয় বৈষম্য ছিল।
কিন্তু করোনায় সেটি আরও ঘনীভূত হয়েছে। তারমতে, বাজেটে অন্যতম দর্শন হলো আয়, ভোগ ও সম্পদের বৈষম্য কমিয়ে আনা। কিন্তু এবারের বাজেটে সে রকম কোনো পদক্ষেপ দেখছি না। তিনি বলেন, বিনিয়োগ বাড়ানো কথা বলা হয়েছে।
কিন্তু শুধু কর ছাড় দিয়ে বিনিয়োগ বাড়ানো যায় না। এজন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি। কিন্তু জিডিপির অনুপাতে এবার ১৭ দশমিক ৫ শতাংশ ১৭ দশমিক ৫ শতাংশ ব্যয়ের কথা বলা হয়েছে। আর বাস্তবে ব্যয় হবে ১৬ শতাংশের মতো।
দক্ষিণ এশিয়ায় দেশগুলো গড় ব্যয় জিডিপির ২৪ শতাংশ। ওই হিসাবে বাজেটের আকার বড় হওয়া উচিত ছিল। তিনি আরও বলেন, আমরা এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ হচ্ছি।
এটি গর্বের বিষয়। কিন্তু এর অভিঘাত মোকাবিলায় প্রস্তুতি জরুরি। রাজস্বনীতিতে তারও প্রতিফলন থাকা উচিত।
ড. ফাহমিদা খাতুন বলেন, দেশের কৃষি খাতে বিভিন্ন কর কমানো হয়েছে। এটি ইতিবাচক। তবে কৃষকদের জন্য বরাদ্দ বাড়ানো হয়নি। তিনি বলেন, উন্নয়ন ব্যয় পরিচালন ব্যয়ের চেয়ে বেশি হওয়াটা ভালো লক্ষণ।
তবে এ সময় সরকারি ব্যয় বাড়ানো উচিত। তিনি বলেন, এতদিন ১৭টি খাত ধরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দ দেওয়া হতো। এবারই প্রথম সংস্কার করে ১৫টি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।
ফলে দুটি খাত কোথায় ঢুকে গেছে খুঁজে পাওয়া মুশকিল ছিল। তিনি আরও বলেন, চলতি অর্থবছর সংশোধিত এডিপির বাস্তবায়ন ৮০ শতাংশের বেশি হবে না।
কারণ গত ১০ মাসে বাস্তবায়নের হার গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। করোনা পরিস্থিতিতে অর্থ ছাড় ও ব্যয় আরও বেশি হওয়া উচিত ছিল।
সংস্থাটির মতে, ২০২১-২২ অর্থবছরের এডিপিতে বরাবরের মতোই সর্বোচ্চ বরাদ্দ পরিবহণ ও যোগাযোগ খাতে। এখানে মোট এডিপির ৪৮ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ বিদ্যুৎ ও জ্বালানিতে। ভৌত অবকাঠামোর বিনিয়োগ গুরুত্বপূর্ণ।
পাশাপাশি সামাজিক অবকাঠামো খাতেও গুরুত্ব দেওয়া উচিত ছিল। স্বাস্থ্য খাতে তেমন বরাদ্দ বাড়েনি। এ খাতে নতুন প্রকল্প মাত্র দুটি। বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে কোভিড সংক্রান্ত নতুন এ দুটি প্রকল্প চলছে।
এডিপিতে প্রচুর ছোট ছোট প্রকল্প রয়েছে। ফলে ছোট বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে বাস্তবায়নের যে দক্ষতা তা ব্যাহত হয়। চলমান প্রকল্পে বরাদ্দ কমেছে। সামনে এগিয়ে যাবে এরকম প্রকল্পে বরাদ্দ বেড়েছে।
তবে যেসব প্রকল্প শেষের পথে সেগুলোতে পর্যাপ্ত বরাদ্দ দিয়ে দ্রুত শেষ করা উচিত। এরকম প্রকল্পে বরাদ্দ মাত্র ২৬ শতাংশ। ৪৪১টি উন্নয়ন প্রকল্প শেষ করা হবে বলে বলা হয়েছে।
এগুলো বিশেষ নজরদারি করা প্রয়োজন। একটি ভালো দিক হচ্ছে অন্যান্য বছরের মতো নামে মাত্র বরাদ্দ দেওয়ার প্রকল্পের সংখ্যা কমেছে।
সিপিডির মূল্যায়নে আরও বলা হয়েছে, ১ হাজার ৩০৮টি প্রকল্পেই সময় শেষ হলেও কাজ শেষ হচ্ছে না। বেশ কিছু প্রকল্পে গড়ে ৩ হতে ৫ বছর অতিরিক্ত সময় চলে গেছে। এর ১৬৩ প্রকল্পের বয়স ৬ বছরের পুরনো।
৩১টি প্রকল্প ১০ হতে ১৫ বছরের পুরনো। ২৪ দশমিক ১ শতাংশ প্রকল্প ১-৩ বার সংশোধন করা হয়েছে। প্রকল্প সময়মতো শেষ না হওয়ায় বাড়ছে ব্যয়ও। এদিকে মেগা প্রকল্পগুলোতে মেগা বরাদ্দ দেওয়া হচ্ছে।
কিন্তু বাস্তবায়ন হার বাড়ছে না। যেমন পদ্মা সেতু ২০০৯ সালে শুরু হয়েছে এখন অগ্রগতি ৭৭ দশমিক ৬ শতাংশ। বেড়েছে মেয়াদ ও ব্যয়ও। ১৪টি মেগা প্রকল্পে ২২ শতাংশের মতো বরাদ্দ আছে। মেগা প্রকল্প মানে মেগা অর্থ।
এসব প্রকল্প যত দেরি হবে, ততই চিন্তার বিষয়। ফাহমিদা খাতুন বলেন, এডিপির মূল কাঠামোয় কোনো পরিবর্তন হয়নি। করোনা পরিস্থিতির মধ্যেও গতানুগতিক প্রকল্পের বেশি গুরুত্ব আছে। বৈদেশিক অর্থের ব্যবহার বাড়াতে হবে।
এক্ষেত্রে মেয়াদ শেষ হওয়া প্রকল্প দ্রুত শেষ করার সুপারিশ দেওয়া হয়েছে। এছাড়া মেগা প্রকল্প দ্রুত শেষ করতে হবে। কেননা দেরি হলে ব্যয় আরও বাড়তে পারে। প্রাতিষ্ঠানিক সংস্কার আনার মাধ্যমে উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।
প্রকল্প বাস্তবায়ন দেরি হওয়ার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। তিন মাস পরপর ধীরগতির প্রকল্পে মূল্যায়ন কার্যক্রম চালাতে হবে। পাশাপাশি যারা ভালো কাজ করবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখতে হবে।
ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বরাদ্দের ক্ষেত্রে নিম্ন ও মধ্যবিত্তদের প্রতি খুব বেশি নজর নেই। কারণ খুলনার কয়রার মানুষ একটি বাঁধের জন্য আন্দোলন করছে। সেখানে বরাদ্দ নেই। কিন্তু মেগা প্রকল্পের টাকা খরচ হয় না।
তবুও সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ গরিব মানুষের পক্ষে কথা বলার লোক সংসদে নেই। তিনি বলেন, কর ছাড় দিলে বিনিয়োগ বাড়বে কিনা, তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে।
কিন্তু সাধারণ মানুষের কাছে টাকা গেলে, তারা খরচ করবে এবং অর্থনীতিতে গতি আসবে, সেটি নিশ্চিত। ফলে করমুক্ত আয় সীমা আরও বাড়ানো উচিত।
এক প্রশ্নের উত্তরে ড. গোলাম মোয়াজ্জেম বলেন, এমন কিছু প্রকল্প আছে যেগুলোতে বরাদ্দ না দিলেও হতো। যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সর্বোচ্চ বরাদ্দ না দিলেও হতো।
এটি ২০২৫ সালে উৎপাদনে যাবে। এছাড়া বঙ্গবন্ধু রেল সেতুতে এখনি এত বরাদ্দ প্রয়োজন ছিল না।
