পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি
শিল্পের বাস্তবতা বিবেচনায় নির্ধারণ জরুরি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পোশাকশিল্পের সক্ষমতা ক্রমেই কমছে। করোনাভাইরাস-পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ‘ট্রাম্প ট্যারিফ’ এই শিল্পকে খাদের কিনারে নিয়ে গেছে। গত তিন বছরে আন্তর্জাতিক বাজারে পোশাকের চাহিদা ও মূল্য দুটোই কমেছে। পোশাকের গড় মূল্য কমেছে ২ দশমিক ৫৬ শতাংশ। পক্ষান্তরে জ্বালানির মূল্যবৃদ্ধিসহ আনুষঙ্গিক কারণে শিল্পের গড় উৎপাদন খরচ বেড়েছে ২৫-৩০ শতাংশ। ফলে এ সময়ে ২৮৭টি কারখানা বন্ধ হয়ে গেছে, চাকরি হারিয়েছেন প্রায় পৌনে ২ লাখ শ্রমিক। এ প্রেক্ষাপটে ন্যূনতম মজুরি বৃদ্ধি শিল্পের উদ্যোক্তাদের দুশ্চিন্তা আরও বাড়াচ্ছে।
প্রাপ্ত তথ্যমতে, পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড প্রথম গঠন হয় ১৯৮৪ সালে। ওই সময় ন্যূনতম মজুরি ছিল ৫৬০ টাকা। এর ১০ বছর পর দ্বিতীয় মজুরি বোর্ড গঠন হয়। তখন মজুরি নির্ধারণ করা হয় ৯৩০ টাকা। পর্যায়ক্রমে ২০০৬ সালে এক হাজার ৬৬২ টাকা, ২০১০ সালে ৩ হাজার, ২০১৩ সালে ৫ হাজার ৩০০ টাকা, ২০১৮ সালে ৮ হাজার এবং সর্বশেষ ২০২৩ সালে ৫৬ শতাংশ বাড়িয়ে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। আগে ৫ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও চলতি বছরের ১০ এপ্রিল শ্রম আইন সংশোধন করে মজুরি বোর্ড গঠনের সময়কাল ৫ বছরের পরিবর্তে ৩ বছর করা হয়।
অবশ্য গার্মেন্ট মালিকরা বলছেন, ৪র্থ গ্রেডের একজন শ্রমিকের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা বলা হলেও বাস্তবে তারা ১৯ হাজার ৬০০ টাকা বেতন পান। ওভারটাইম (মাসে ৭৮ ঘণ্টা হিসাবে), উৎসব ভাতা, হাজিরা বোনাস, ছুটি নগদায়ন বাবদ এই বেতন বাসায় নিতে পারেন একজন শ্রমিক। এ হিসাবে ৩য় গ্রেডের ২১ হাজার ৩০০, ২য় গ্রেডের ২২ হাজার ৫০০ এবং প্রথম গ্রেডের শ্রমিক ২৩ হাজার ৬০০ টাকা বেতন বাসায় নিতে পারেন। অর্থাৎ কারখানার সব শ্রমিকের গড় টেক-হোম বেতন প্রায় ২২ হাজার টাকা।
পক্ষান্তরে গত ৫ অর্থবছরে পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। ২০২১-২২ অর্থবছরে পোশাক রপ্তানি হয়েছিল ৪২ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরে কমে ৩৯ দশমিক ৩ বিলিয়ন ডলার হয়। ২০২৫-২৬ অর্থবছরে আরও কমে ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলার হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবরে ৫.৮২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, তবে সাম্প্রতিক মাসগুলোয় প্রবৃদ্ধি আবারও কমতে শুরু করেছে। গত ৩ বছরে শিল্পের উৎপাদন খরচ বেড়েছে ২৫-৩০ শতাংশ। গ্যাসের দাম ৩৩ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। বিদ্যুতের দাম ৪৩, ডিজেলের দাম ২৩.৮৫ এবং বন্দর চার্জ ৪১ শতাংশ বেড়েছে; ব্যাংক সুদের হার ৯ শতাংশ থেকে ১২-১৬ শতাংশ হয়েছে, পরিবহণ খরচ বেড়েছে প্রায় ১৫ শতাংশ। এর বাইরে ক্রেতাদের বিলম্বিত পেমেন্টের ফলে ফ্যাক্টরিং খরচ বাড়ছে এবং ওয়ার্কিং ক্যাপিটাল আটকে থাকছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাড়তি ১০-২০ শতাংশ শুল্ক আরোপের কারণে বাড়তি চাপ তৈরি হয়েছে।
শিল্পমালিকরা বলছেন, তিন বছরে মূল্যস্ফীতির প্রভাবে জীবনযাত্রার ব্যয় বেড়েছে, এটি সত্য। শত প্রতিকূলতা সত্ত্বেও শ্রমিকদের স্বস্তি দিতে ন্যূনতম মজুরি বাড়ানোর বাস্তবতাকে সামনে রেখেই আলোচনা এগিয়ে চলেছে। শিল্পের ব্যয় বহনের সক্ষমতা, পণ্যের দরপতন এবং বৈশ্বিক প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও বিবেচনায় নেওয়া জরুরি। তাদের মতে, একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, অপরদিকে রপ্তানি মূল হ্রাস-এই উভয়সংকট পরিস্থিতিতে শুধু টাকা অবমূল্যায়ন (রিটেনশন ভ্যালুর ওপর) এবং কিছুটা উৎপাদনশীলতা বৃদ্ধির কল্যাণে অধিকাংশ পোশাক কারখানা টিকে আছে। অন্যথায় শুধু কাটিং-মেকিং করে শিল্প টিকে থাকতে পারত না। কেননা তিন বছরে আন্তর্জাতিক রপ্তানিকৃত পোশাকের গড় এফওবি মূল্য কমেছে ২.৫৬ শতাংশ।
বিবিএস-এর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, পোশাক খাতে কর্মরত শ্রমিকদের মজুরি সর্বশেষ কার্যকর করা হয়েছে ২০২৩ সালের ডিসেম্বরে। তখন থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সাধারণ মূল্যস্ফীতি ২৯ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৩২ দশমিক ৮২ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ২৬ দশমিক ৮৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে টেক্সটাইল মূলধনি যন্ত্রপাতি আমদানি ২৫ দশমিক ৭০ শতাংশ কমেছে এবং গার্মেন্ট মূলধনি যন্ত্রপাতি আমদানি ১৯ দশমিক ৪৮ শতাংশ কমেছে। আর ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে টেক্সটাইল মূলধনি যন্ত্রপাতি আমদানি ২৯ শতাংশ কমেছে এবং গার্মেন্ট মূলধনি যন্ত্রপাতি আমদানি ৮ দশমিক ৯০ শতাংশ কমেছে।
পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশের পোশাক খাতের মজুরি পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশে একজন তৈরি পোশাক শ্রমিকের মজুরি ১০১ ডলার। ভারতে ১১৩, পাকিস্তানে ১৩০, ভিয়েতনামে ১৪১, ইন্দোনেশিয়ায় ১৩৯ এবং চীনে ২৭৭ ডলার। তবে ১০ বছরে ন্যূনতম মজুরি বৃদ্ধির হারের দিক থেকে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে আছে, যা ১৩৬ শতাংশ। যেখানে ভারতে মজুরি বেড়েছে ৫৯ শতাংশ, ভিয়েতনামে ৫৪ এবং কম্বোডিয়ায় ৫০ শতাংশ। পোশাক শ্রমিকদের মজুরিতে প্রতিযোগী দেশের সরকারগুলো নানা নীতিসহায়তা দিয়ে আসছে। যেমন : ভারত সরকার শ্রমিকদের ৩ থেকে ৫ হাজার রুপি মজুরি দেয়, রোডট্যাপের আওতায় শুল্ক অব্যাহতি দেওয়া হয়, ব্যাংক ঋণের সুদেও ছাড় দেয়। অপরদিকে ভিয়েতনাম ৩-১৫ বছর জমির ভাড়া মওকুফ, ট্রায়াল প্রোডাকশনে ৫০ শতাংশ ভর্তুকি এবং ৪ বছরের কর অবকাশ সুবিধা দিচ্ছে। পক্ষান্তরে গত ৩ বছরে পোশাকশিল্পে সরকার প্রদত্ত রপ্তানি প্রণোদনা ৭০ শতাংশ কমানো হয়েছে। তৈরি পোশাক রপ্তানির ওপর উৎসে কর ধাপে ধাপে দশমিক ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করা হয়েছে। রপ্তানির তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ১০ মিলিয়ন ডলারের কম রপ্তানি করে ১ হাজার ৭৮টি কারখানা; যা বিজিএমইএ-এর সদস্যের প্রায় ৫৭ শতাংশ। আর ২১ শতাংশ কারখানা ১০-২৫ মিলিয়ন ডলার রপ্তানি করে। এই ৭৮ শতাংশ ছোট ও মাঝারি শ্রেণির কারখানার আর্থিক সক্ষমতা অনেক কম। এসব কারখানার সঙ্গে জড়িত কয়েক লাখ শ্রমিকের কর্মসংস্থান এবং অনেক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান।
তাদের মতে, মাসিক ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণ করা হলে ছোট কারখানাগুলো গড়ে প্রায় ০.৩ থেকে ০.৫ শতাংশ লোকসানে পড়বে। ফলে এসব কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে এবং প্রায় ১০ লাখ শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে। কোনো অযৌক্তিক দাবির পরিপ্রক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা অধিকাংশ পোশাক শিল্পপ্রতিষ্ঠানের, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য মারাত্মক বস বয়ে আনবে। নানা কারণে ২০২৩ থেকে এ পর্যন্ত প্রায় ২৮৭টি কারখানা বন্ধ হয়ে গেছে, যার ফলে চাকরি হারিয়েছেন প্রায় ১ লাখ ৭৫ হাজারজন শ্রমিক।
অন্য শিল্প খাতের মজুরি কাঠামো পর্যালোচনায় দেখা যায়, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০, ওষুধ খাতে ১৩ হাজার ৭৫০, হোসিয়ারি শিল্পে ১২ হাজার ৮০, সিমেন্ট শিল্পে ১২ হাজার, স্টিল শিল্পে ১০ হাজার ৬৫০, প্লাস্টিকশিল্পে ৮ হাজার, টেইলারিং শিল্পে ৭ হাজার ২৭৫, ডাইস ও কেমিক্যাল শিল্পে ১৪ হাজার (প্রস্তাবিত) এবং চামড়া ও পাদুকাশিল্পে ১১ হাজার ৯০০ টাকা (প্রস্তাবিত)। পক্ষান্তরে সরকারি কর্মচারীদের বেতন ১৫ বছর পর ১৪২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যেখানে পোশাক খাতের শ্রমিকদের মজুরি গত ১৬ বছরে ৩১৬.৬৭ শতাংশ বাড়ানো হয়েছে।
গার্মেন্ট মালিকরা বলছেন, অর্থনৈতিক বাস্তবতা ও শিল্পের সীমাবদ্ধতার মাঝেই একটি ভারসাম্যপূর্ণ মজুরি কাঠামো ঠিক করতে হবে। যেখানে একদিকে শ্রমিকদের সম্মান ও স্বস্তি নিশ্চিত হবে। অন্যদিকে শিল্প ও কর্মসংস্থানও সুরক্ষিত থাকবে। কারণ, শ্রমিক আর শিল্প-কেউ কারও প্রতিপক্ষ নয়; উভয়ই একে অপরের পরিপূরক। পারস্পরিক বোঝাপড়া, বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ন্যূনতম মজুরি বাস্তবায়িত হলে পোশাক খাতে স্থিতিশীলতা ও আস্থা আরও দৃঢ় হবে।
