Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

সিপিডির মূল্যায়ন

মূল্যস্ফীতির তথ্যের সঙ্গে বাস্তবের মিল নেই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মূল্যস্ফীতির তথ্যের সঙ্গে বাস্তবের মিল নেই

Advertisement

দেশের মোট অর্থনীতির ৩০ শতাংশই বিশ্ব অর্থনীতির সম্পৃক্ত। এরমধ্যে আমদানি, রপ্তানি, রেমিট্যান্স এবং বিদেশি সহায়তা অন্যতম। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ বিশ্বের সাম্প্রতিক ইস্যুগুলো বাংলাদেশে বড় ধরনের প্রভাব ফেলেছে। বিশেষ করে দেশীয় বাজারে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। কোনো কোনো পণ্যের দাম যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। কিন্তু সরকার মূল্যস্ফীতির যে তথ্য প্রকাশ করছে, তা স্থিতিশীল। অর্থাৎ মূল্যস্ফীতির তথ্যের সঙ্গে বাস্তবতার মিল নেই। বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক। সবকিছু মিলে গভীর সংকটের মধ্যদিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। আর এ সংকট মোকাবিলায় চলতি অর্থবছরে অতিরিক্ত ৩২ হাজার ৪৩০ কোটি টাকা লাগবে। তবে চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেট যে ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, তা সঠিকভাবে বাস্তবায়ন করলেও কোনো পণ্যের দাম না বাড়িয়ে এ সংকট মোকাবিলা সম্ভব। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ব্রিফিংয়ে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান, বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সিনিয়র রিসার্স ফেলো তৌফিকুল ইসলাম খান, জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক ড. আহসান হাবিব। ড. জাহিদ হোসেনের মতে, বর্তমান বাজেটীয় কাঠামোর মধ্যেই ২৮ হাজার ৫০০ থেকে ৯৪ হাজার ৯০০ কোটি টাকা রয়েছে।

সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতি বহির্খাত অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত। ফলে বৈশ্বিকভাবে বিভিন্ন পণ্যের দাম ওঠা-নামার সঙ্গে বাংলাদেশও সম্পর্কযুক্ত। দেশের ব্যালেন্স অব পেমেন্টে গত ৭ মাসে যে অবস্থা দাঁড়িয়েছে সেক্ষেত্রে এতবড় চ্যালেঞ্জ আর আসেনি। জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত লেনদেনের ভারসাম্য ছিল ২ বিলিয়ন ডলার। যা তার আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬ বিলিয়ন ডলার। এর অর্থ হলো ভারসাম্য ৮ বিলিয়ন ডলার কমেছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে।

দেখা যাচ্ছে বাণিজ্য ঘাটতি গত অর্থবছরে ছিল ১০ বিলিয়ন। চলতি অর্থবছর ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলার হয়েছে। ফলে বড় ধরনের ঋণাত্মক ভারসাম্যের দিকে যাচ্ছে দেশের আমদানি ও রপ্তানি। আর একটি বড় সমস্যা হচ্ছে আমরা যে আমদানি করছি সেটি হচ্ছে মূল্য নির্ভর। অর্থাৎ বিদেশে দাম বাড়লে বেশি দামেই আনতে হচ্ছে। ফলে বেশি টাকায় কম পণ্য পাওয়া যাচ্ছে। আর উলটোচিত্র হচ্ছে রপ্তানির ক্ষেত্রে। কেননা রপ্তানি পরিমাণ (ভলিউম) নির্ভর। অর্থাৎ রপ্তানি পণ্যের পরিমাণ বাড়ছে। কিন্তু টাকার অঙ্কে বাড়ছে না।

বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, যুদ্ধের পর দেশের অর্থনীতির বড় ঝুঁকি হচ্ছে একদিকে মূল্যস্ফীতি বাড়ছে, অন্যদিকে জিডিপি প্রবৃদ্ধি কমছে। এটি অর্থনীতিতে বড় ঝুঁকি তৈরি করেছে। গত চার দশকে এমন পরিস্থিতির তৈরি হয়নি। করোনা মহামারি থেকে ক্ষুদ্র প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের পুনরুদ্ধার দ্রুত আসেনি। তবে দ্রুত পুনরুদ্ধার এসেছে বড় শিল্পগুলোর ক্ষেত্রে। টিসিবির ট্রাকের পেছনেই যে বড় লাইন সেটিই বড় সূচক যে নিম্ন আয়ের মানুষের কতটা রিকভারি হয়েছে। তিনি বলেন চলতি অর্থবছর অর্থাৎ জুন পর্যন্ত যদি জ্বালানির দাম না বাড়ানো হয় তাহলে অর্থনীতিতে কতটুকু চাপ আসবে, এটা বড় প্রশ্ন। আগামী ৩ মাসে যদি কোনো মূল্যবৃদ্ধি না করা হয় তাহলে ডিজেলের জন্য বাড়তি খরচ করতে হবে প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদনে প্রায় ৩ হাজার ৯১৫ কোটি টাকা, এলএনজিতে প্রায় ১৭ হাজার ২০০ কোটি টাকা। ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বাবদ প্রায় ৪৩০ কোটি টাকা এবং ভোজ্যতেলের ভ্যাট মওকুফ করায় কিছুটা রাজস্ব কমবে। এসব নিয়ে প্রায় ৩৫ হাজার কোটি টাকার মতো অতিরিক্ত বোঝা আসবে বাজেটের ওপর। কিন্তু বাজেট পর্যালোচনা করে দেখা যায়, সর্বোচ্চ প্রায় ৯৪ হাজার ৯০০ কোটি টাকার মতো ফিসক্যাল স্পেস আছে। সর্বনিম্ন এই স্পেস প্রায় সাড়ে ২৮ হাজার ৫০০ কোটি টাকার মতো। জ্বালানি ক্ষেত্রে যে বাড়তি বোঝা আসবে তা মোটামুটি মেটানো সম্ভব। তাই বর্তমান পরিস্থিতিতে তেলের দাম বাড়ানোর প্রয়োজন নেই। এটি করলে দেশের অর্থনীতিতে ঝুঁকি বাড়বে। আগামী অর্থবছরের বাজেটে ভর্তুকি কমানোর বিষয়টি ভেবে দেখা যেতে পারে। তবে এনার্জি পলিসির সংস্কার না করে আমলাতান্ত্রিক পরামর্শে দাম বাড়ানো বা কমানো ঠিক হবে না।

ড. ফাহমিদা খাতুন বলেন, পর্যালোচনায় ৫টি বিষয় প্রাধান্য পাচ্ছে। দ্রব্যমূল্য, বহির্খাত, ব্যাংকিং খাত, বিদ্যুৎ জ্বালানি এবং বাজেট ব্যবস্থাপনা। এই ৫ খাতের পর্যালোচনায় দেখা গেছে, বর্তমানে দেশের অর্থনীতি একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এরমধ্যে অন্যতম কারণ হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এমন একটি সময় অর্থনীতিতে সংকট শুরু হয়, যখন আমরা করোনা থেকে বেরিয়ে এসে অর্থনীতি পুনরুদ্ধারের দিকে যাচ্ছি। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো মূল্যস্ফীতি বা পণ্যমূল্যবৃদ্ধি। গত কয়েক মাসে এটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম অত্যান্ত বেশি। সরকারি হিসাবে বলা হচ্ছে মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ শতাংশ। এটি আমাদের লক্ষ্যমাত্রার কাছাকাছি। কিন্তু এই মূল্যস্ফীতি বাস্তব পরিস্থিতির সঠিক চিত্র নয়। এতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তসহ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ওপর চাপ পড়েছে। তিনি বলেন, আমরা একদিকে দেখছি নিত্যপণ্যের মূল্য আকাশচুম্বী। কিন্তু সরকারি তথ্যে তা স্থিতিশীল দেখানো হচ্ছে। এটি বিপরীতমুখী প্রবণতা। কারণ বাস্তবে আমরা দেখছি, কোনো কোনো খাদ্যপণ্যের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

অন্যদিকে গত কয়েক বছর পর্যন্ত সরকারি তথ্যে সমস্যা দেখা যাচ্ছে। বিশেষ করে মূল্যস্ফীতির রিপোর্ট তৈরির জন্য যেসব পণ্য নেওয়া হয়, তা বাস্তবসম্মত নয়। সাধারণত মানুষের আয় বাড়লে খাদ্যের ওপর খরচ কমতে থাকে। ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত নমিনাল আয় বেড়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ এবং প্রকৃত আয় বেড়েছে মাত্র শূন্য দশমিক ১৬ শতাংশ। খাদ্য ব্যয়ের ক্ষেত্রে ২০১০ সালে ছিল মোট আয়ের ৫৩ শতাংশ এবং ২০১৬ সালে তা ৪৬ শতাংশ। আর মোট ব্যয়ের ক্ষেত্রে ২০১০ সালে খাদ্যের ব্যয় ছিল ৫৫ শতাংশ এবং ২০১৬ সালে তা ৪৮ শতাংশ। অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি হিসাবের ক্ষেত্রে ২০০৫ সাল থেকে এটি ৫৬ শতাংশ ধরে হিসাব করা হচ্ছে। অর্থাৎ মানুষের খাদ্য অভ্যাস পরিবর্তন হলেও ১৭ বছর ধরে একই হিসাব নেওয়া হচ্ছে। আমরা এখানে পরিবর্তন আনতে বলেছিলাম।

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশের কয়েকটি পণ্যের সঙ্গে আন্তর্জাতিক বাজারের একটি তুলনামূলক মূল্যায়ন করেছি। সেক্ষেত্রে চালের মূল্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে মানুষ সাধারণ তিন ধরনের চাল খায়। এগুলো হলো মিনিকেট, পাইজাম এবং মোটা চাল। তিনটির দামই ঊর্ধ্বমুখী। সেক্ষেত্রে থাইল্যান্ড ও ভিয়েতনামের চেয়ে বাংলাদেশে চালের দাম বেশি। কিন্তু এসব দেশের তুলনায় বাংলাদেশে চালের উৎপাদন বেশি। ময়দা ও ভোজ্যতেলের ক্ষেত্রে এটি আরও বেশি। এছাড়াও চিনি ও গরুর মাংসের দাম অন্যান্য বাজারের চেয়ে ঢাকার বাজারে বেশি। তিনি বলেন, আয়ের সঙ্গে মিলিয়ে আমরা আরেকটি তুলনামূলক পর্যালোচনা করেছি। সেখানে দেখা যাচ্ছে, ঢাকায় একজন মানুষের মাসিক গড় আয় ১৪৯ মার্কিন ডলার। কিন্তু এক লিটার দুধের দাম ৮০ টাকা। এক ডজন ডিম ১১০ টাকা। চেক রিপাবলিকে মানুষের মাসিক গড় আয় ১ হাজার ৩৩১ ডলার। প্রতি লিটার দুধ সেখানে ৬২ টাকা। স্পেনে মাসিক আয় ২ হাজার ২২৭ ডলার। দুধের লিটার ৬২ টাকা। আবার মার্কিন যুক্তরাষ্ট্রে মাসিক আয় ৩ হাজার ৯৫৫ ডলার। সেখানে এক ডজন ডিম ১০৩ টাকা। মালয়েশিয়ায় মাসিক আয় ৬৬৯ ডলার। প্রতি ডজন ডিম ৮৫ টাকা।

ব্যাংকিং খাত বিশেষজ্ঞ ড. আহসান হাবিব বলেন, মূল্যস্ফীতির বর্তমান চাপ ব্যাংকগুলোর ওপর পড়বে। যুদ্ধের কারণে সুইফটের নিষেধাজ্ঞার প্রভাব এরই মধ্যে ব্যাংকিং খাতে পড়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের দায়িত্ব ছিল ব্যাংকগুলোর ওপর। এ কথা সত্য যে করোনার কারণে সবার আগে ক্ষতিকর প্রভাব পড়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। অথচ প্রণোদণার সুযোগ এ খাত পেয়েছে অনেক পরে। আর বড় শিল্পগুলো দেরিতে প্রভাব পড়লেও প্রণোদনার সুযোগ পেয়েছে আগে। এসএমইর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হচ্ছে চাহিদার দিক থেকেও সমস্যা ছিল। দেশের অর্থনীতি কোভিড পরিস্থিতি থেকে পুনরুদ্ধার হলে ব্যংকিং খাত সমস্যায় পড়বে। বাড়বে খেলাপি ঋণ।

ম. তামিম বলেন, জ্বালানির বর্তমান অবস্থা অস্বাভাবিক। তেলের দাম ওঠানামাটাই ধর্ম। কিন্তু বিশ্বের যখনই কোথাও কোনো সমস্যা হয়, তখনই তেলের সরবরাহ কমতে পারে এই ভয়ে দাম আরও বেশি ওঠানামা করে। মোট জ্বালানির প্রায় ৪০ শতাংশ আমদানি করতে হয়। আর গ্যাস আমদানি করতে হয় ২৫ শতাংশ। জ্বালানির মূল্য বাড়ানো হলে জিডিপি প্রবৃদ্ধি কমে যাবে। বর্তমানে অন্যতম চ্যালেঞ্জ হলো এলএনজির অতিরিক্ত দাম। এ পরিস্থিতিতে গ্যাসের দাম খুব বেশি কমার সম্ভাবনা নেই। তবে বর্তমান দামের চেয়ে গ্যাসের দাম কিছুটা কমে আসবে। আর জ্বালানি তেলের দাম ইতোমধ্যেই অনেকটা কমেছে। আশা করছি ৮০ ডলারের মধ্যেই থাকবে।

সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় রাজস্ব ব্যবস্থাপনা নীতি ঠিক করতে হবে। কর ফাঁকি রোধে পদক্ষেপ নিতে হবে। মুদ্রানীতি বিনিময় হার স্থিতিশীল রাখতে হবে।

 

Advertisement

Advertisement

আরও পড়ুন

আওয়ামী লীগবিরোধী ঐক্য জাতীয় সংলাপ ২৭ নভেম্বর

জাতীয় সংলাপ ২৭ নভেম্বর

কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে ব্যর্থ মধ্যবর্তী স্তর সুযোগ আছে চাকরি নেই

সুযোগ আছে চাকরি নেই

ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি শিল্পের বাস্তবতা বিবেচনায় নির্ধারণ জরুরি

শিল্পের বাস্তবতা বিবেচনায় নির্ধারণ জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম