Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

সিপিডির মূল্যায়ন

যে কোনো সময়ের চেয়ে চ্যালেঞ্জে অর্থনীতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুন ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যে কোনো সময়ের চেয়ে চ্যালেঞ্জে অর্থনীতি

Advertisement

অতীতের যে কোনো সময়ের চেয়ে চ্যালেঞ্জে দেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় অসহনীয়। বর্তমানে ঢাকায় ৪ সদস্যের একটি পরিবার দুই রুমের বাসায় থাকলে সবমিলিয়ে মাসিক ব্যয় ৪৭ হাজার ১৮২ টাকা। আর পরিবারটি মাছ, মাংস না খেলে খরচ ৩৩ হাজার ৮৪১ টাকা। কিন্তু কমপক্ষে ২০ ধরনের পেশার শ্রমিকের মাসিক গড় আয় ১০ হাজার টাকার নিচে। আর মূল্যস্ফীতির সরকারি তথ্য বাস্তবতার সঙ্গে মিল নেই। অর্থাৎ জিনিসপত্রের দামের প্রকৃত চিত্র সরকারি তথ্যে আসছে না।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। রোববার সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। এছাড়াও বক্তব্য দেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম এবং সিনিয়র রিসার্স ফেলো তৌফিকুল ইসলাম খান। সংস্থাটি বলছে, দেশে একদিকে বেশির ভাগ মানুষের আয় কমছে, অন্যদিকে কোটিপতির সংখ্যা বাড়ছে। আর আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ব্যয়ের ক্ষেত্রে ৫টি খাত খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই)। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির চিন্তা থেকে বেরিয়ে বৈষম্য রোধ ও সুষম বণ্টনের দিকে মনোযোগ দিতে হবে। ব্যাংকিং খাতে সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আয় বাড়াতে নতুন কর আরোপ না করে, কর ফাঁকি ও অর্থ পাচার বন্ধে পদক্ষেপ নেওয়া জরুরি। আর একটি বাস্তবসম্মত নীতি গ্রহণ করে রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় করতে হবে।

ড. ফাহমিদা খাতুন বলেন, বর্তমানে অসহনীয় পর্যায়ে মূল্যস্ফীতি। মুদ্রাবিনিময় হারেও অস্থিতিশীলতা। বিশ্ব অর্থনীতির নেতিবাচক অবস্থা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর এক ধরনের চাপ রয়েছে। ফলে দেশের সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই চ্যালেঞ্জ অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এর সঙ্গে আমাদের নিয়মিত চ্যালেঞ্জগুলো রয়েছে। ফলে অভ্যন্তরীণ চাহিদা ঠিক রেখে বাজারে সরবরাহ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কর্মসংস্থানে সহায়তা করতে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। পাশাপাশি দরিদ্রদের সামাজিক সুরক্ষা দিতে হবে। ফলে বাস্তবতা বিবেচনায় নিয়ে আমরা ৫টি খাত নিয়ে পর্যালোচনা করেছি। এর মধ্যে রয়েছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি, সরকারের আয়ব্যয়, মূল্যস্ফীতি, ব্যাংকিং খাত এবং বিশ্ব অর্থনীতির প্রভাব। তিনি বলেন, বর্তমানে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মূল্যস্ফীতি। এর অন্যতম কারণ আমদানীকৃত পণ্যের ব্যয় বৃদ্ধি। ফলে সাশ্রয়ী মূল্যে মানুষকে নিত্যপণ্য সংগ্রহের জোগান দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ফলে কিছু খাতে ভতুর্কি ও প্রণোদনা দেওয়ার প্রয়োজন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর উন্নত দেশগুলোও মূল্যস্ফীতির সঙ্গে যুদ্ধ করছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ২ শতাংশ থেকে ৮ শতাংশে উঠেছে। তিনি আরও বলেন, করোনা শেষ না হতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানি তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যায়। সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। তবে বাংলাদেশে সরকারিভাবে মূল্যস্ফীতির যে তথ্য দেওয়া হচ্ছে, তা বাজারের প্রকৃত চিত্র নয়। বাস্তবে মূল্যস্ফীতি আরও বেশি। এক্ষেত্রে সরকারি আরেকটি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রকাশিত জিনিসপত্রের দাম দেখলেই বোঝা যায়। টিসিবি বলছে, ভোজ্যতেল, চাল, ডালসহ কিছু পণ্যের দাম ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে।

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, জীবনযাত্রার ব্যয় নিয়ে আমরা ভিন্ন একটি হিসাব করেছি। আমরা দেখেছি, আমদানীকৃত ২৯টি নিত্যপণ্যে করের প্রভাব অনেক বেশি। এটি এখন কমানো প্রয়োজন। ড. ফাহমিদা খাতুন বলেন, আমরা হিসাব করে দেখেছি, একটি পরিবারে ৪ জন সদস্য থাকলে তারা সাধারণত ২০টি নিত্যপণ্য গ্রহণ করে। এর মধ্যে ভাত, রুটি, সয়াবিন তেল, পেঁয়াজ, মাছ, মাংস, সবজি, ডাল অন্যতম। পণ্যগুলো আমরা সরকারি সংস্থা বিবিএস এবং টিসিবি থেকে নিয়েছি। আবার একজন মানুষ কী পরিমাণে পণ্য ব্যবহার করবে, সেই হারও নেওয়া হয়েছে সরকারি তথ্য থেকে। সেখানে আমরা দেখেছি এই ২০টি পণ্য ব্যবহার করলে ঢাকা শহরে ৪ জনের পরিবারের খাওয়ার খরচ পড়বে ২১ হাজার ৩৫৮ টাকা। তবে তারা মাছ-মাংস বাদ দিলে খরচ পড়বে ৮ হাজার ১৬ টাকা।

অন্যদিকে খাদ্যের বাইরে ঢাকায় ৪ জনের একটি পরিবারের কী পরিমাণ খরচ হতে পারে, আমরা এর একটি হিসাব করেছি। সেখানে বিশ্বব্যাংকের মানদণ্ডে দেখেছি, ঢাকায় কেন্দ্রীয় শহরের একটু বাইরে এক বেডরুমের বাসা ৭ হাজার ২৭৪ টাকা, দুই বেডরুম ১১ হাজার ৯০৯ টাকা এবং তিন বেডরুম ১৮ হাজার ৬৬৭ টাকা। আবার শহরের কেন্দ্রে ৩ বেডরুমের ৩২ হাজার ৫৬৮ টাকা।

এছাড়াও ইউটিলিটি বিল ৩ হাজার ৭৮৯, স্বাস্থ্য খাতে ব্যয় ২ হাজার ৬২৫, হাইজিন (সাবান, ডিটারজেন্ট, টুথপেস্টসহ অন্যান্য সামগ্রী) ৭৫২, সন্তানের শিক্ষায় ৬ হাজার ৮১৮, পরিবহণ ১ হাজার ৭৬০, মোবাইল বিল ১৯২ এবং মোবাইল ফোনে ইন্টারনেট ৫০০ টাকা। সবমিলিয়ে ৪ জন সদস্যের একটি পরিবার যদি এক বেডরুমের বাসায় ঢাকার কেন্দ্রীয় শহরের বাইরে থাকে এবং নিয়মিত খাবার খায়, ওই পরিবারের খরচ পড়বে ৪২ হাজার ৫৪৮ টাকা। দুই বেডরুমের বাসা নিলে ৪৭ হাজার ১৮২ টাকা, তিন বেডরুম ৫৬ হাজার ৪৬৯ টাকা। তবে কেন্দ্রের মধ্যে তিন বেডরুমের বাসা নিয়ে থাকলে মোট খরচ পড়বে ৭০ হাজার ৩৬৯ টাকা। আবার আর এই পরিবারটিই খাদ্যতালিকায় মাছ, মাংস ও আমিষ বাদ দিয়ে এক বেডের বাসায় থাকলে মোট জীবনযাত্রায় ব্যয় হবে ২৯ হাজার ২০৬, দুই বেডরুমে ৩৩ হাজার ৮৪১, কেন্দ্রের বাইরে তিন বেডরুমে ৪৩ হাজার ১২৭ এবং কেন্দ্রের মধ্যে তিন বেডরুমের বাসায় খরচ পড়বে ৫৭ হাজার ২৭ টাকা।

কিন্তু শ্রমিকদের ন্যূনতম বেতন খুবই সীমিত। এক্ষেত্রে চিংড়িশিল্পে জড়িত শ্রমিকদের ন্যূনতম বেতন ৫ হাজার ৬১৬, হোটেল-রেস্টুরেন্টে ৪ হাজার ৩০৪, সাবান-কসমেটিক্স কারখানায় ৬ হাজার ৪৯৬, ওষুধ কোম্পানিতে ৯ হাজার ২৯৩, চা-শ্রমিক ৮ হাজার ২৪০, গার্মেন্ট শ্রমিক ৮ হাজার ৮৮৪, রাইস মিল ৮ হাজার ২৮৭, প্লাস্টিক শ্রমিক ৮ হাজার ৫১৩, ট্যানারি শ্রমিক ১৪ হাজার ৩০৯, নির্মাণ শ্রমিক ১৬ হাজার ৮৩০, কৃষি শ্রমিক ৯ হাজার ৮০৪, ব্যাংক ও বিমা ৩৫ হাজার ১৮, শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিজীবী ২৩ হাজার ৭৮৫ এবং আবাসন খাতে চাকরিজীবীদের মাসিক গড় আয় ২৯ হাজার ২৫০ টাকা। তিনি বলেন, একদিকে মধ্যবিত্তের আয় কমছে, অন্যদিকে কোটিপতি বাড়ছে। ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে দেশের ব্যাংকিং খাতে ৫০ কোটি টাকার ওপরে সম্পদ ছিল ১ হাজার ৫৬৯ জনের। আর এদের টাকার পরিমাণ ছিল ২ লাখ ১৫ হাজার ৯০০ কোটি টাকা। কিন্তু তিন মাস পর ২০২১ সাল শেষে এই সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭১৫ জন। আর এদের টাকার অঙ্ক ২ লাখ ২৫ হাজার ৫শ কোটি টাকা। অর্থাৎ ধনী-দরিদ্রের বৈষম্য অস্বাভাবিক হারে বাড়ছে।

তিনি আরও বলেন, সরকার এ বছর ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির কথা বলছে। গত বছরও লক্ষ্যমাত্রা এখানেই ছিল। অর্থাৎ লক্ষ্যমাত্রায় কোনো পরিবর্তন আসেনি। এক্ষেত্রে জিডিপিতে শিল্পের তুলনায় কৃষি খাতের অবদান কমে গেছে। আর শিল্প খাতের মধ্যেও বড় শিল্পের অবদান বেশি। তবে জিডিপি প্রবৃদ্ধি নিয়ে অনেকদিন থেকেই প্রশ্ন আছে। প্রবৃদ্ধি কোথায় হচ্ছে, তা নিয়ে অনেকে কথা বলছেন। কারণ প্রবৃদ্ধির জন্য অন্যান্য সহায়ক সূচক কোন অবস্থায় রয়েছে, তা খুবই গুরুত্বপূর্ণ। করোনার সময়ে অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে, জিডিপিতে এর প্রতিফলন নেই। অর্থাৎ প্রবৃদ্ধি বিশ্বাসযোগ্য ও নির্ভরতা নিয়ে ভাবতে হবে। এছাড়াও জিডিপির ডেটাগুলো প্রকৃত সময়ের কি না। ইংরেজিতে একে বলে রিয়েল টাইম ডেটা। মূল্যস্ফীতির হিসাব করা হয় ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি ধরে। কিন্তু জিডিপি প্রবৃদ্ধি হিসাব করা হয় ২০১৫-১৬ অর্থবছরকে ভিত্তি ধরে। ফলে এটি বাস্তবসম্মত নয়। এ কারণে আমরা অনেকদিন ধরে বলে আসছি, জিডিপির হিসাবটি বাস্তবসম্মত করা উচিত। কারণ এর ওপর নির্ভর করে পরবর্তী হিসাবগুলো করা হয়। ফলে যত বাস্তব তথ্য পাওয়া যাবে, তত কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে। এছাড়া জিডিপির অনুপাতে বিনিয়োগ ২৪ দশমিক ১ শতাংশ। গত বছরের একই সময়ে যা ছিল ২৩ দশমিক ১ শতাংশ। মাথাপিছু আয় ২ হাজার ৫৯১ থেকে বেড়ে ২ হাজার ৮২৪ ডলারে উন্নীত হয়েছে। আর মাথাপিছু আয়ের ক্ষেত্রে ডলারের দাম ধরা হয়েছে ৮৫ টাকা। কিন্তু বর্তমানে ডলারের দাম ৯৫ টাকায় পৌঁছেছে। ফলে এই তথ্যটিও সময়োপযোগী কি না, তা ভাবতে হবে।

দ্বিতীয় বিষয় হলো-সরকারি আয়ব্যয়। রাজস্ব আদায় গত ৬ মাস যে গতিতে অর্থনীতিতে চলে আসছে, তা বজায় থাকলে ৩০ হাজার কোটি টাকা ঘাটতি থাকবে। যদিও এই ঘাটতি আগের বছরের চেয়ে কম। আর ঘাটতি কম হওয়ার কারণ আছে। এ বছর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জমা টাকা সরকারি কোষাগারে নেওয়া হয়েছে। ফলে কম ঋণ করতে হয়েছে। অন্যদিকে এখানেও তথ্যবিভ্রাট রয়েছে। যেমন: অর্থ মন্ত্রণালয়ের তথ্য একরকম, আবার এনবিআর-এর তথ্য অন্যরকম। অর্থ মন্ত্রণালয় বলছে, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ২৭ দশমিক ৫ শতাংশ। কিন্তু এনবিআর বলছে প্রবৃদ্ধি ১৬ দশমিক ৮ শতাংশ। এছাড়াও সরকারি মোট ব্যয়ে প্রবৃদ্ধি ১ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ। ফলে অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব উদ্বৃত্ত ১ হাজার ১৩০ কোটি টাকা। সবচেয়ে দুঃখজনক হলেও করোনার পরও স্বাস্থ্য খাতে ব্যয়ের প্রবৃদ্ধি নেই। বিপরীতে সরকারের পরিচালন ব্যয় ও ঋণের সুদ পরিশোধে প্রবৃদ্ধি খুবই বেশি। তিনি বলেন, আমাদের রাজস্ব আহরণের অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে আমদানি কর। অর্থাৎ পরোক্ষ করের ওপর সরকারি আয় নির্ভরশীল। ইন্টারনেটের ব্যয় অত্যন্ত বেশি। এক্ষেত্রে ইন্টারনেট দেওয়া প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অনেক নির্দেশনা অনুসরণ করছে না। ড. মোস্তাফিজুর রহমান নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষ কষ্টে আছেন। এবারের বাজেটে তাই নিম্ন আয়ের মানুষের জন্য সহায়তার দরকার হবে। নিম্ন আয় ও নিম্ন মধ্যবিত্তের জন্য খোলাবাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আওতা ঢাকার বাইরে বিস্তৃত করা দরকার। খাদ্যসহায়তা ও নগদ সহায়তার মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়াতে হবে। আগের তুলনায় খাদ্যপণ্যের প্রাপ্যতা বাড়ানো, ভিত্তি বা আওতা বৃদ্ধি বাড়ানো এবং আর্থিক বরাদ্দ বাড়ানোর প্রতিও জোর দিতে হবে সরকারকে। বাজেটে সে সংস্থান থাকা উচিত। আন্তর্জাতিক বাজারে মূল্য হয়তো পরে কমে যাবে। তখন আমরা একটা স্বস্তি পাব। এর আগে এখন এসব কর্মসূচির মাধ্যমে মানুষকে স্বস্তি দেওয়ার ব্যবস্থা করা জরুরি। সরকার রোজার আগে মানুষকে স্বস্তি দিতে ভোজ্যতেল ও চিনির মতো নিত্যপণ্য আমদানিতে শুল্ক-করে একটা নির্দিষ্ট সময়ের জন্য ছাড় দিয়েছিল। বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম এখনো সহনীয় পর্যায়ে আসেনি। মূল্যস্ফীতির চাপও বাড়ছে। এক্ষেত্রে দাম না কমা পর্যন্ত আবারও শুল্ক-কর সমন্বয় করা যেতে পারে। এতে নিত্যপণ্যের দাম একটু সহনীয় হতে পারে। সংকট কাটাতে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ায় স্বাভাবিকভাবে পণ্য আমদানিতে খরচ বাড়বে। তিনি বলেন, নিত্যপণ্যের বাজার যখন খুব অস্থির হবে, তখন এটিকে স্থিতিশীল রাখতে সরকারের হাতে যে মজুত থাকে, এর কৌশলী ব্যবহার করতে হবে। সরকারের হাতে ১২-১৩ লাখ টন চাল-গমের মজুত থাকে। বাজার অস্বস্তিকর পর্যায়ে গেলে সুবিধামতো সময়ে মজুত ছেড়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারে সরকার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর খাদ্যপণ্য রপ্তানিতে নানা বিধিনিষেধ দিয়েছে অনেক দেশ। সংকটকালে বৈশ্বিক বাজারে খোঁজখবর রাখা উচিত যাতে কোনো দেশ নিষেধাজ্ঞা দেওয়ার আগে আভাস পাওয়া যায়। আবার সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য আমদানির জন্য বৈশ্বিক বাজার অনুসন্ধানে সরকারের নজর দেওয়া দরকার। ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘বর্তমানে পোশাক শিল্পে ১৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি হচ্ছে। তার মানে, এ শিল্পের অবস্থা মোটামুটি ভালো। এই অবস্থায় তৈরি পোশাক শিল্পে আর প্রণোদনার দরকার নেই। তিনি মনে করেন, যে কোনো প্রণোদনা কাঠামো চিরস্থায়ী নয়। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে এটি নির্ধারণ করা উচিত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম মোয়াজ্জেম আরও বলেন, এখন সময় এসেছে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানো। কারণ এই শিল্পের ব্যবসা ভালো যাচ্ছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করার প্রয়োজন নেই। আমাদের এখন গ্যাস সরবরাহের দিকে সরকারকে বেশি নজর দিতে হবে।

 

Advertisement

Advertisement

আরও পড়ুন

আওয়ামী লীগবিরোধী ঐক্য জাতীয় সংলাপ ২৭ নভেম্বর

জাতীয় সংলাপ ২৭ নভেম্বর

কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে ব্যর্থ মধ্যবর্তী স্তর সুযোগ আছে চাকরি নেই

সুযোগ আছে চাকরি নেই

ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি শিল্পের বাস্তবতা বিবেচনায় নির্ধারণ জরুরি

শিল্পের বাস্তবতা বিবেচনায় নির্ধারণ জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম