রংপুরে বিএনপি-পুলিশ ব্যাপক সংঘর্ষ
ভাঙচুর আগুন নিহত ৫, আহত শতাধিক
মাহবুব রহমান, রংপুর ব্যুরো
প্রকাশ: ২০ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রংপুর নগরীর প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের সমর্থনে বিএনপি, জামায়াত ও সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ সময় পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করলে হামলাকারীরা আরও সহিংস হয়ে ওঠে। হামলাকারীরা মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধুর ম্যুরাল, ঢাকা ব্যাংকের বুথে আগুন ধরিয়ে দেয়। সমবায় মার্কেটে ব্যাপক ভাঙচুর করে। বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়ে ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় সংঘর্ষ বাধলে প্রায় দেড় হাজার রাউন্ড সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে, বিজিবি, র্যাব ও পুলিশ। এ সময় গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাংবাদিক, পুলিশ ও হামলাকারীদের মধ্যে শতাধিক আহত হয়। নিহতরা হলেন-বধূয়া জুয়েলার্সের ম্যানেজার মিলন মিয়া, কলা ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, ফলব্যবসায়ী মেরাজ আলী, আরমান হোসেন ও পথচারী মোজাম্মেল হোসেন। তাদের লাশ রংপুর মেডেকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানান, তিনি তিনজনের নাম পেয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ৪টার সময় বিএনপি অফিসের সামনে থেকে দলীয় সংক্ষিপ্ত সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এই মিছিলের সঙ্গে যুক্ত হয় নগরীর বিভিন্ন অবাঙালি ক্যাম্পে থেকে অবাঙালি তরুণ-যুবকরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
এ ছাড়া মিঠাপুকুর, গঙ্গাচড়া, পীরগাছা, কাউনিয়া উপজেলা ও হারাগাছ এলাকা থেকে বিচ্ছিন্নভাবে মিছিলকারীরা যুক্ত হয়। এ সময় শিবির ও জামায়াতসহ বিভিন্ন পাড়া-মহল্লার তরুণ, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন যুক্ত হলে মিছিলে পরিধি বেড়ে যায়। প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার মিছিলকারী একত্রিত হলে মিছিলটি মারমুখী হয়ে ওঠে। এরপর তারা প্রথমে সমবায় মার্কেটে হামলা চালায়, পুলিশ ট্রাফিক বক্স, সড়কের বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। একই সময়ে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে অগ্নিসংযোগ করে। হামলাকারীদের একটি অংশ জাহাজ কোম্পানি মোড়ে অবস্থান নিয়ে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স, ঢাকা ব্যাংকের এটিএম বুথ, হরিজন বস্তিসহ অর্জন (মডার্ন) মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য অর্জন ভাঙচুর করে। বিভিন্ন দলে ভাগ হয়ে বিক্ষুব্ধ হামলাকারীরা বিভিন্ন পাড়া-মহল্লায় অবস্থান নিয়ে পুলিশ, বিজিবি ও র্যাবের ওপর লাঠিসোঁটা ও বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়ে হামলা চালায়। এই সংঘর্ষ নগরীর প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। মুনশিপাড়া মোড়, ইঞ্জিনিয়ার পাড়া মোড়, জীবন বিমা ভবনের মোড়, জাহাজ কোম্পানি মোড়, জুম্মপাড়ার মিঠুর গলি, সেন্ট্রাল রোড়ের গলি ও ভাঙা মসজিদের গলিসহ মারোয়াড়ি পট্টি, সরকারি কলেজের সামনে রাধাবল্লভ, বঙ্গবন্ধু চত্বর, কেরানীপাড়া মোড়, কেরামতিয়া মসজিদসহ প্রায় ১৫টি পয়েন্টে ছড়িয়ে খণ্ড খণ্ড দলে বিভক্ত হয়ে হয়ে তারা আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নগরজুড়ে এক আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হয়।
এক পর্যায় হামলাকারীরা মুনশিপাড়া মোড় ও ইঞ্জিনীয়ার পাড়াসহ বঙ্গবন্ধু চত্বরে সমেবেত হয়ে বিকাল সাড়ে ৫টার দিকে জেলা জজ আদালতে, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ কমিশনার কার্যালয়, ডিসির বাংলো, ট্রেজারী ভবনে ও পুলিশ লাইন্সে হামলা চালানোর চেষ্টা চালালে নগরীর এসব পয়েন্ট জুড়ে তুমুল সংঘর্ষ শুরু হয় হামলাকারীদের সঙ্গে পুলিশ, র্যাব ও বিজিবি’র মধ্যে। এ সময় তাদের নিভৃত করতে আইন প্রয়োগকারী সংস্থা প্রায় দেড় হাজার রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। রাত ৯টার সময় জামায়াত শিবিরের একটি মিছিল আজাদ হোমিও হলের গলি দিয়ে জুম্মাপড়ায় প্রবেশের চেষ্টা করে এ সময় তারা পুলিশের ওপর হামলা চালালে তুমুল সংঘর্ষ শুরু হয়। এ খবর লেখা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলছিল।
এ দিকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাতভর রংপুর নগরী ছিল কোটা আন্দোলকারী ও বিক্ষুব্ধ জনতার দখলে। বিক্ষুব্ধ জনতা র্যাব, পুলিশ ও বিবিজি’র ৭টি গাড়ি আগুনে ভস্মীভূত করে। রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারের কার্যালয়, তাজহাট মেট্রোপলিটন থানা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ অফিসে হামলা, লুটপাটসহ আগুন ধরিয়ে দেয়। রাতে পুলিশ লাইন্স অস্ত্রাগার লুটের চেষ্টা চালায় হামলাকারীরা। এসব ঘটনায় প্রায় পুলিশ, সাংবাদিকসহ আন্দোলনকারীদের শতাধিক আহত হয়েছেন। এদের মধ্যে পুলিশের এক এসআই পদমর্যাদার কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশের হাতে ১৩ জন আন্দোলনকারী গ্রেফতার হয়েছে। এর মধ্য দিয়ে আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১০টার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান প্রায় ২ শতাধিক পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য নিয়ে বৃহস্পতিবারের ভয়াবহ ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন।
