Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

পবিপ্রবিতে বহিষ্কৃত যুবদল নেতার নেতৃত্বে হামলা

আহত ২০

Advertisement

Icon

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পবিপ্রবিতে বহিষ্কৃত যুবদল নেতার নেতৃত্বে হামলা

রিপন শরীফের নেতৃত্বে সোমবার পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা -যুগান্তর

Advertisement

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অপসারণের দাবিতে চলা অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মকর্তাদের ওপর আকস্মিক হামলা চালিয়েছে উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য-সচিবের নেতৃত্বে বহিরাগতরা। এতে বিএনপিপন্থি ৮ জন শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনার ভিডিও করায় এক সাংবাদিককেও লাঞ্ছিত করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। শিক্ষকদের পেটানোর পর তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে স্লোগান দিতে থাকেন। 

আহতদের মধ্যে আটজনকে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম, হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. আবদুল মালেক, ডিন কাউন্সিলের আহ্বায়ক ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দীন, ড. মো. শহিদুল ইসলাম, ড. ননী গোপাল, ড.রিপন চন্দ্র পাল, পরিচালক (অর্থ ও হিসাব) মো. জসিম উদ্দিন, কর্মকর্তা ড. হাসিব মোহাম্মদ তুষার, আরিফুর রহমান নোমান ও নাসরিন আক্তারসহ ২০ জন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষক, কর্মকর্তারা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপাচার্যের অপসারণ দাবি জানান। এ সময় উপাচার্যের সমর্থনে দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব রিপন শরিফের নেতৃত্বে অর্ধ-শতাধিক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে কর্মসূচিতে বাধা দেয়। আন্দোলনকারীদের দাবি, বহিষ্কৃত উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফের নেতৃত্বে আসা বহিরাগতরা শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এ সময় শিক্ষকদের চেয়ার দিয়ে পেটানো হয়। 

ঘটনার পর পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিকাল চারটায় শিক্ষক কর্মকর্তাদের এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণাও দেন শিক্ষক নেতারা। 

ঘটনার পর ক্যাম্পাসে অবস্থানরত অভিযুক্ত বহিষ্কৃত যুবদল নেতা সালাউদ্দিন রিপন শরীফ সাংবাদিকদের বলেন, আমরা শুনেছি যে, আওয়ামী লীগের দোসরেরা উপাচার্য সাহেবকে এখানে আসতে দিচ্ছে না। তাই বিশ্ববিদ্যালয়ে শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা এখানে এসেছি। কিন্তু তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তারা মব সৃষ্টিকারী। 

এদিকে হামলায় আহত বিশ্ববিদ্যালয়টির ডিন কাউন্সিলের কনভেনার ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি শিক্ষক-কর্মকর্তাদের ওপর নজিরবিহীন হামলা। তিনি অভিযোগ করে বলেন, জামায়াতপন্থি উপাচার্য এই হামলা করিয়েছেন। 

উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। বর্তমানে ঢাকায় রয়েছেন, ক্যাম্পাসে ফিরে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।

বিএনপি ও অঙ্গসংগঠনের চারজন বহিষ্কার : পবিপ্রবি শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার বিকাল ও সন্ধ্যায় পৃথক চিঠি ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন-দুমকী উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকত এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সন্ত্রাস, হামলা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বশির উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আহসান ফারুক ও সুলতান শওকতকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

সন্ধ্যায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গণির স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুসা ফরাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


Advertisement

Advertisement

আরও পড়ুন

কিশোর গ্যাং-এর বড় ভাইয়েরা আড়ালে অভিযানেও মিলছে না সুফল

অভিযানেও মিলছে না সুফল

দিল্লিতে ফের বিক্ষোভ, উত্তেজনা পতাকা ওড়ানোর আগেই আটক দীপকে ও নেহা

পতাকা ওড়ানোর আগেই আটক দীপকে ও নেহা

উত্তরায় ‘দে লারা’ গ্রুপের মুখোমুখি যুগান্তর ‘একদিন পরই বাইর হইয়া গ্যাছে, ট্যাকায় কথা কয়’

‘একদিন পরই বাইর হইয়া গ্যাছে, ট্যাকায় কথা কয়’

জ্বালানির অজুহাতে চালের দামে সাগরচুরি পরিবহণ ব্যয়ের ১৫ গুণ বোঝা ক্রেতার কাঁধে

পরিবহণ ব্যয়ের ১৫ গুণ বোঝা ক্রেতার কাঁধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম