Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

দিল্লিতে ফের বিক্ষোভ, উত্তেজনা

পতাকা ওড়ানোর আগেই আটক দীপকে ও নেহা

পুলিশের বিরুদ্ধে পতাকা ছেঁড়ার অভিযোগ বিক্ষোভকারীদের, বহু আটক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পতাকা ওড়ানোর আগেই আটক দীপকে ও নেহা

নয়াদিল্লিতে বিক্ষোভ চলাকালে শুক্রবার অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকে আটক করছে পুলিশ -এএফপি

Advertisement

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকা দেশটির জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এ কর্মসূচি পালন করতে শত শত বিক্ষোভকারী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কের কাছে উপস্থিত হলে পুলিশ ব্যাপক ধরপাকড় চালায়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটে। এদিন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও ছাত্রনেত্রী নেহা বোরাকে আবারও আটক করে পুলিশ।

তবে এদিনের আন্দোলনে অন্য দিনগুলোর চেয়ে ভিন্ন এক চিত্র দেখা যায়। বিবিসির এক ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীদের আটক করে পুলিশ একটি বাসে করে নিয়ে যাওয়ার সময় এক বিক্ষোভকারী সড়কে শুয়ে পড়েন। পুলিশ এ সময় গাড়ি থামাতে বাধ্য হয়। সৃষ্টি হয় অচলাবস্থা। পরে ওই বিক্ষোভকারীকে চ্যাঙদোলা করে সরিয়ে নেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় নানা স্লোগানে দিল্লির ওই সড়ক মুখরিত হয়ে ওঠে।

এর আগে যন্তর মন্তরে ভারতের পতাকা ওড়ানোর কারণে দলের দুই শীর্ষ নেতা গ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেন ককরোচ নেতা দীপকে। শুক্রবার বিকাল ৫টায় এতে অংশ নিতে বের হওয়ার কিছু আগে দিল্লির ঝান্ডেনওয়ালানের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার আটক হলেন দীপকে।

একই দিনে আটক করা হয় অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নেহা বোরাকেও। সূত্র জানায়, দিল্লির আন্দোলনকেন্দ্র যন্তর মন্তরের কাছ থেকে নেহাকে আটক করা হয়। ছবিতে দেখা যায়, পুলিশ জোর করে তাকে উঠিয়ে নিচ্ছে। এ সময় সঙ্গে থাকা অন্যরা তাকে হাতে ধরে আটকানোর চেষ্টা করছেন। এদিনের পতাকা ওড়ানোর কর্মসূচিতে সাড়া দিয়ে দিল্লির কনট প্লেসের আশপাশে জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শুক্রবার কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ (পতাকা উত্তোলন) মিছিল চলাকালে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। দিল্লির পালিকা বাজারের ২ নম্বর গেটের কাছে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ তাদের পতাকা ছিঁড়ে ফেলেছে। এছাড়া নিরাপত্তা কর্মীদের পোশাকে নামফলক না থাকা নিয়েও তারা প্রশ্ন তোলেন। এর আগে সেন্ট্রাল পার্কের চারপাশে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দেয়।

এ কর্মসূচি ঘিরে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেয় ভারতের নিরাপত্তা বাহিনী। দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয় পুলিশ ও আধাসামরিক বাহিনী সদস্য। বেশকিছু সড়কে যান চলাচল সীমিত করা হয়। সব মিলিয়ে পতাকা ওড়ানো কর্মসূচি ঘিরে আগে থেকেই বড় প্রস্তুতি ছিল কর্তৃপক্ষের। এ পর্যায়ে কর্মসূচি শুরুর আগেই আটকের মাধ্যমে তা দমন করা হয়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এর আগে গত শনিবার যন্তর মন্তরে কর্মসূচিতে যোগ দেওয়ার আগে আটক হন দীপকে। মুম্বাই থেকে দিল্লিতে নামার পর উড়োজাহাজের ভেতর থেকেই তাকে আটক করা হয়। শুক্রবার তাকে আবার আটক করা হলো। দীপকেদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসদের গ্রেফতারের প্রতিবাদে বিকাল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙা ওড়াও’ (ভারতের পতাকা) কর্মসূচির ডাক দেন দীপকে। কিন্তু তার আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতার দিল্লির বাসস্থান ঘিরে ফেলে পুলিশের বিশাল বাহিনী। এর আটকের কয়েক ঘণ্টা আগেই দীপকের বাসায় গিয়ে কর্মসূচি বাতিলের বার্তা দিয়েছিল পুলিশের একটি দল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাঁধে ছোট জাতীয় পতাকা জড়িয়ে হলুদ রঙের সোফায় বসে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন ৩১ বছর বয়সি এ আন্দোলনকারী। সামনে রাখা নোটিশের কাগজ পড়ে তিনি জানতে চান, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে।

দীপকের দাবি, সামাজিক মাধ্যমে সাধারণ মানুষকে উসকানি দেওয়ার অভিযোগ তুলে তাকে নোটিশ দেওয়া হয়েছে। পুলিশের এ পদক্ষেপের প্রতিবাদ করে তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগের পক্ষে পুলিশ কোনো ভিডিও দেখাতে পারবে না। নোটিশের ভাষা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার বক্তব্যে পুলিশের পদক্ষেপকে চ্যালেঞ্জ করার সুর স্পষ্ট ছিল।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এনআরসি) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চালাচ্ছে সিজেপি ও সংশ্লিষ্ট বিরোধী রাজনৈতিক শক্তিগুলো। এর আগে যন্তর মন্তরে বিক্ষোভের পর এবার কনট প্লেসে কর্মসূচি ঘিরেও সতর্ক অবস্থান নেয় পুলিশ।

গত ১৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে প্রবেশ করে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে প্রতিবাদ জানান ককরোচ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। তখনই তাদের গ্রেফতার করে পুলিশ। পরে এ দুজনকে পাঁচ দিনের জন্য দিল্লির তিহার জেলে পাঠানো হয়। এ গ্রেফতারের প্রতিবাদেই শুক্রবার কনট প্লেসে তেরঙা মিছিলের ডাক দেন অভিজিৎ দীপকে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কিশোর গ্যাং-এর বড় ভাইয়েরা আড়ালে অভিযানেও মিলছে না সুফল

অভিযানেও মিলছে না সুফল

দিল্লিতে ফের বিক্ষোভ, উত্তেজনা পতাকা ওড়ানোর আগেই আটক দীপকে ও নেহা

পতাকা ওড়ানোর আগেই আটক দীপকে ও নেহা

উত্তরায় ‘দে লারা’ গ্রুপের মুখোমুখি যুগান্তর ‘একদিন পরই বাইর হইয়া গ্যাছে, ট্যাকায় কথা কয়’

‘একদিন পরই বাইর হইয়া গ্যাছে, ট্যাকায় কথা কয়’

জ্বালানির অজুহাতে চালের দামে সাগরচুরি পরিবহণ ব্যয়ের ১৫ গুণ বোঝা ক্রেতার কাঁধে

পরিবহণ ব্যয়ের ১৫ গুণ বোঝা ক্রেতার কাঁধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম