আসলামের কলাম
অনেক দূর যাবে ফ্রান্স
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বকাপের নকআউট-পর্বের প্রথম ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়েছে ফ্রান্স। তাদের আক্রমণভাগের গতি ও সমন্বয় সত্যিই অসাধারণ। দলটি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলছে। প্রতিপক্ষের রক্ষণভাগকে বারবার ছিন্নভিন্ন করে দিচ্ছে তারা। এত দ্রুতগতির আক্রমণের সামনে অনেক দলই খেই হারিয়ে ফেলছে। এতে হয়তো দৃষ্টিনন্দন ফুটবলের কিছুটা ঘাটতি রয়েছে; কিন্তু কার্যকারিতার দিক থেকে ফ্রান্স অনেক এগিয়ে। আমার বিশ্বাস, এই দল অনেক দূর যাবে। তবে লাতিন আমেরিকার শক্তিশালী কোনো দলের মুখোমুখি হলে তাদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।
এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার লড়াইটাও দারুণ জমে উঠেছে। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে সমান ছয়টি করে গোল করেছেন। পাঁচ গোল নিয়ে তাদের পেছনে রয়েছেন আর্লিং হলান্ড। এমন তীব্র প্রতিযোগিতা অন্য বড় টুর্নামেন্টে খুব একটা দেখা যায় না। খেলোয়াড়দের মান যেমন অনেক উঁচু, তেমনই কৌশলগত লড়াইটাও অসাধারণ। আমার ধারণা, এবার সর্বোচ্চ গোলদাতা ১০টির বেশি গোল করতে পারেন।
স্বাগতিক হিসাবে মেক্সিকো আবারও চমকে দিয়েছে। তারা আত্মবিশ্বাসী ও সংগঠিত ফুটবল খেলছে। স্বাগতিক হওয়ার বাড়তি সুবিধাও দারুণভাবে কাজে লাগাচ্ছে। ফলে তাদের বিপক্ষে যে দলই খেলুক, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। এটি ব্রাজিলের জন্য সহজ ম্যাচ হবে না। আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ে খুব ভালো না খেললেও তারা শক্তিশালী দল। উচ্চতা ও শারীরিক সক্ষমতা তাদের বড় অস্ত্র। ব্রাজিলকে এই ম্যাচে আরও ভালো ফুটবল খেলতে হবে। দলের মূল খেলোয়াড়রা যদি চোটমুক্ত থাকেন, তাহলে তাদের সম্ভাবনা উজ্জ্বল। নেইমার খেলতে পারলে দল অবশ্যই বাড়তি শক্তি পাবে। পাশাপাশি অন্যদের শারীরিক অবস্থাও গুরুত্বপূর্ণ। জাপানের বিপক্ষে যে পারফরম্যান্স ছিল, তার চেয়েও ভালো খেলতে হবে ব্রাজিলকে। ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।
আজ মাঠে নামবে স্পেন। অস্ট্রিয়া তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। স্পেনের সবচেয়ে বড় শক্তি তাদের রক্ষণভাগ। পাশাপাশি লামিন ইয়ামালকে কতটা কার্যকরভাবে কাজে লাগানো যায়, সেটিও গুরুত্বপূর্ণ হবে। দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াই অবশ্য পর্তুগাল ও ক্রোয়েশিয়ার। ইউরোপের দুই শক্তিশালী দলের এই ম্যাচে মুখোমুখি হবেন দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লুকা মদরিচ। এটিই শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে যেতে পারে কোনো একজনের। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও নিজেদের সামর্থ্যরে শেষ ঝলক দেখানোর সুযোগ রয়েছে তাদের সামনে। দলগত সমন্বয় ও ভারসাম্যের দিক থেকে পর্তুগালকে কিছুটা এগিয়ে রাখব।
