হাসিনার ফেরা না ফেরার কূটচাল
দিল্লির কূটনৈতিক ভাষা দুরূহ
আইনি প্রক্রিয়া শব্দটি বিস্তৃত জেনেই ব্যবহার করা হচ্ছে -এম হুমায়ুন কবির * বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক বয়ান তৈরি করা হচ্ছে -অধ্যাপক ড. এম জসিম উদ্দিন * বিষয়টিকে রাজনৈতিকভাবে ‘হ্যান্ডল’ করা প্রয়োজন -মহিউদ্দিন আহমদ
|
ফলো করুন |
|
|---|---|
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ ইস্যুতে দিল্লি থেকে একেক সময় একেকরকম বক্তব্য এসেছে। দিনে দিনে এসব বক্তব্য বোঝা মানুষের কাছে দুরূহ হয়ে উঠছে। কারণ বক্তব্যে কনসিসট্যান্সি বা ধারবাহিকতা থাকছে না। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে ভারত হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে-এমন যৌক্তিক দাবি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সরকারের গুরুত্বপূর্ণ মহল থেকে শুরু থেকেই করা হচ্ছে। কিন্তু এই ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দুই দেশের মধ্যে ‘বন্দিবিনিময় চুক্তি’র বিষয়টি স্পষ্ট না করে আইনি প্রক্রিয়ার কথা বলছেন। কূটনেতিক বিশেষজ্ঞরা বলছেন, এই আইনি প্রক্রিয়ার বিষয়টি অনেক গভীর বলেই ভারত এটিতে জোর দিচ্ছে। তবে হাসিনার ভারতে অবস্থান, রাজনৈতিক বক্তব্য প্রদান এবং তাকে বাংলাদেশে প্রত্যর্পণ ইস্যুতে নানা কূটনৈতিক চাল ইতোমধ্যে স্পষ্ট হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার দেশে প্রত্যর্পণ ইস্যুসহ বাংলাদেশের রাজনৈতিক ও সংখ্যালঘুদের বিষয়ে রণধীর জয়সওয়ালের দেওয়া বক্তব্যে ধারাবাহিকতার অভাব আছে। তাদের মতে, আইনি প্রক্রিয়া অবলম্বন করে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি বেশ বিস্তৃত এবং এর জন্য বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা প্রয়োজন। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির যুগান্তরকে বলেন, ভারতের দিক থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে নানা বক্তব্য দেওয়া হলেও একটি কমন বিষয় কিন্তু আছে। তারা আইনি প্রক্রিয়ার কথা বলেছেন। এটি একটি বা দুটি শব্দ হলেও এর কিন্তু বিস্তৃত প্রেক্ষাপট আছে। হাসিনা সেখানে কীভাবে গেলেন, তিনি যদি এখন তার অবস্থান পরিবর্তন করতে চান সেটা তিনি কীভাবে করবেন তার আইনি ব্যবস্থাপনা কী হবে। তিনি যদি বাংলাদেশে আসতে চান বা বাংলাদেশ সরকার যদি তাকে আনতে চায়, এর পদ্ধতি কী হবে-সেগুলো নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বসা দরকার। আইনি প্রক্রিয়াটি কিন্তু বিস্তারিত, মনে হয় বিষয়টি ভারত এ কারণেই ব্যবহার করছে।
তিনি বলেন, তাই আইনি প্রক্রিয়া বলতে কী বোঝায় এবং তার গভীরতা কতটা এবং সেটার প্রভাব কীভাবে পড়বে-এগুলো সম্পর্কে চিন্তাভাবনা করা দরকার। আইন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আলোচনায় বেশি মনোযোগী হওয়া দরকার, আমরা প্রতিক্রিয়াটা মূলত রাজনীতিকেন্দ্রিক বেশি দেখতে পাচ্ছি।
২০২৪ সালে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, শেখ হাসিনার অবস্থান ও প্রত্যর্পণ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বক্তব্যে স্পষ্ট ও ধারাবাহিক পরিবর্তন দেখা যায়; যা মূলত নয়াদিল্লির অবস্থানকেই স্পষ্ট করে বলে মনে করে কূটনৈতিক মহল।
মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন করার খবর প্রকাশের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
এসব প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের বিষয়। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনা বাংলাদেশ সরকারকে চিঠি লিখে জানিয়েছেন যে তিনি ভারতে নির্বাসনে রয়েছেন। অন্যদিকে বাংলাদেশ সরকার তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে এমন বিষয়ে ভারতের অবস্থান কী জানতে চাইলে জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। বিষয়টি সে অনুযায়ীই এগিয়ে নেওয়া হবে।
প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্ট বাধ্যতামূলক কিনা, ভ্রমণ নথি ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কিনা, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এটি একটি কারিগরি ও আইনি প্রশ্ন। মানুষের যাতায়াতের জন্য ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পরে জানাবেন বলেও উল্লেখ করেন তিনি। তবে একই সময়ে আইনিভাবে প্রত্যর্পণের কথা বলা এবং ভ্রমণসংক্রান্ত নথিপত্রের প্রয়োজনীয়তার কথা বলা কতটা সঙ্গত, এ নিয়ে কূটনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন আছে।
এর আগেও বহুবার হাসিনার প্রত্যর্পণ ও বাংলাদেশের রাজনৈতিক ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্রের কথার মধ্যে পরিবর্তনের নানা ইঙ্গিত পাওয়া যায়।
কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিকে ২০২৪ সালের ১৯ জুলাই এই আন্দোলনকে বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়’ হিসাবে উল্লেখ করেন জয়সওয়াল। এরপর ৫ আগস্ট হাসিনার পদত্যাগ ও ভারতে আশ্রয় নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার দিন তিনি বক্তব্যের সুর কিছুটা পরিবর্তন করেন। একই বছরের ৮ আগস্ট জয়সওয়াল জানান, ভারতের কাছে বাংলাদেশের জনগণের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তারা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন। হাসিনার রাজনৈতিক আশ্রয় বা তৃতীয় কোনো দেশে যাওয়ার বিষয়ে তখন তিনি সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বলেও জানান।
একই বছরের ১৭ অক্টোবর হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবরের পর তার অবস্থান নিয়ে নতুন ব্যাখ্যা দেন জয়সওয়াল। তিনি বলেন, শেখ হাসিনা নিরাপত্তাজনিত কারণে ভারতে এসেছিলেন এবং সেই কারণেই তিনি সেখানে অবস্থান করছেন। ২৩ অক্টোবর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিক পত্র (নোট ভারবাল) পাঠানোর পর জয়সওয়াল শুধু চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে কৌশলী অবস্থান নেন।
এর আগে ২০২৫ সালের ২০ আগস্ট ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশবিরোধী কার্যক্রম নিয়ে ঢাকার উদ্বেগের বিষয়ে সরাসরি কোনো জবাব না দিয়ে কৌশলী অবস্থান নেন তিনি। বলেন, এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয়।
একই বছরের ৭ অক্টোবর দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে জয়সওয়ালের বক্তব্যে স্পষ্ট ইতিবাচক পরিবর্তন আসে। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়; যার মূল লক্ষ্য হবে পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধি।
চলতি বছরের ৫ আগস্ট নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে গণমাধ্যমে ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা। কিন্তু সরকারের দিক থেকে ভারতের কাছে এই বিষয়ে আগেই অবহিত করে বলা হয়েছিল যে, হাসিনা যেন ভারতে বসে এভাবে রাজনৈতিক বক্তব্য না দিতে পারেন সে ব্যবস্থা যেন দেশটির সরকার নেয়। কিন্তু হাসিনা শেষ পর্যন্ত তার বক্তব্য দিয়েছিলেন।
২০২৬ সালের ৭ আগস্ট এই ঘটনার একদিন পর দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে রণধীর জয়সওয়াল স্পষ্ট করেন যে, দিল্লির সংবাদ সম্মেলনে হাসিনা যা বলেছেন তা একান্ত তার ব্যক্তিগত বক্তব্য। একদিন পর জয়সওয়াল আরও বলেন, শেখ হাসিনার এসব বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই এবং ভারত সরকার এগুলোকে সমর্থন করে না।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. এম জসিম উদ্দিন যুগান্তরকে বলেন, দুর্ভাগ্যজনকভাবে ভারতে যখন ব্যাপকভাবে মসজিদ ভাঙা হচ্ছে, মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে তখন রণধীর জয়সওয়াল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক বয়ান তৈরি করছেন। শেখ হাসিনাকে গত ১৫ বছর সবরকম সহযোগিতা করে একটি কর্তৃত্ববাদী সরকার তৈরি করতে ভারতের সম্পূর্ণ সহযোগিতা ছিল। তাই হাসিনা আমলে যা কিছু ঘটেছে; আয়নাঘর থেকে শুরু করে রাষ্ট্র সরকার এবং ধর্মবিরোধী যা কিছু তার দায় কিন্তু আসলে ভারতের ওপরেও পড়ে। জয়সওয়াল বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন যা আসলে কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও একেক সময় একেক রকম বক্তব্য দিচ্ছেন; যার ফলে উনার প্রতি বিশ্বাসযোগ্যতা আর থাকছে না। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি বারবার স্পষ্ট করেছেন। ভারত বাস্তবতাটাকে অনুধাবন করে আন্তর্জাতিক এবং দ্বিপাক্ষিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে এটাই আমাদের প্রত্যাশা।
লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ বলেন, ভারতের দিক থেকে স্পষ্ট করা হয়েছে যে, শেখ হাসিনা কীভাবে ভারতে এসেছেন। কিন্তু এখানে কথা হচ্ছে শেখ হাসিনা আশ্রয় নিয়ে কীভাবে এত তৎপরতা চালাচ্ছেন। শেখ হাসিনার বিষয়টিকে রাজনৈতিকভাবে ‘হ্যান্ডল’ করা প্রয়োজন। কিন্তু সরকার সেরকম অবস্থায় আছে বলে মনে হচ্ছে না।

