বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর বিচার এবং ক্ষেত্র প্রস্তুতের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ কথা জানান।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনার শাসনামলে আন্দোলন চলাকালে হতাহতের ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে ফারহান হক নিজের অবস্থান ব্যাখ্যা করেন। সাংবাদিক বলেন, ‘বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন শেখ হাসিনা। এটি কেবল একটি দাবি নয়-এ তথ্য গণমাধ্যম ও জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশন প্রমাণ করেছে এবং তার সমর্থকরা আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ নির্দিষ্ট বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?’ উত্তরে ফারহান হক বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। অবশ্যই, আমাদের তথ্য অনুসন্ধান মিশনের নথিভুক্ত অপরাধসহ বাংলাদেশে সংঘটিত অপরাধগুলোর জবাবদিহির ওপর আমরা জোর দিচ্ছি। তবে নিশ্চিতভাবেই, রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে, সব রাজনৈতিক দল এবং সব রাজনৈতিক ব্যক্তিত্বের অংশগ্রহণ করার স্বাধীনতা থাকা উচিত।’ জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন অনুসারে-২০২৪ সালের জুলাই থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময়জুড়ে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। একই সময়কালে হওয়া সংঘর্ষে আরও কয়েক হাজার মানুষ আহত হয়েছে।
