Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

চালু হচ্ছে বিশেষ ওএমএস

পোশাক শ্রমিকরা চাল পাবেন ৩০ টাকায়

এম শাহজাহান

এম শাহজাহান

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পোশাক শ্রমিকরা চাল পাবেন ৩০ টাকায়

ফাইল ছবি

Advertisement

সরকার পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তাদের খাদ্য ব্যয় কিছুটা কমাতে ৩০ টাকা দরে চাল বিক্রির পরিকল্পনা নিয়েছে। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগেই ৩ মাসের জন্য এ কর্মসূচি বাস্তবায়িত হবে। কর্মসূচির আওতায় একজন শ্রমিক মাসে ১০ কেজি চাল কিনতে পারবেন। কর্মসূচি বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশ্লিষ্ট বাজেট খাত থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

অর্থনীতিবিদদের মতে, সাময়িক এ সহায়তার পাশাপাশি শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ জরুরি। কারণ ৩ মাস পর সস্তায় চাল পাওয়ার সুযোগ বন্ধ হলে শ্রমিকদের সংকট আবারও বাড়তে পারে। অর্থ মন্ত্রণালয়ে পাঠানো খাদ্য মন্ত্রণালয়ের বুধবারের এই চিঠিতে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য খোলাবাজারে পণ্য বিক্রি বা ওএমএসের (ওপেন মার্কেট সেল) বিশেষ কার্যক্রম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। চিঠিটি পাঠানো হয়েছে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বরাবর। এতে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আল মামুন। চিঠিতে বলা হয়, শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে সরকার ভর্তুকি মূল্যে চাল সরবরাহের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তাব অনুযায়ী, একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজির দাম হবে ৩০ টাকা। প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলে এ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ প্রতি শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে প্রতি ট্রাকে ৫ টন চাল হিসাবে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে বিক্রয় করা হবে। কার্যক্রমটি প্রাথমিকভাবে ৩ মাসব্যাপী পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। এজন্য চাল সরবরাহ, ট্রাকের মাধ্যমে বিক্রি এবং পরিবহণসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনার বিষয়ও চিঠিতে তুলে ধরা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে বিশেষ ওএমএস কার্যক্রমের জন্য অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল সংস্থানের কথা উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, সরকারি খাদ্যশস্যের বিদ্যমান মজুত ব্যবহার করে এ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব বলেও মনে করছে মন্ত্রণালয়। এখন অর্থ বিভাগের অনুমোদন ও বরাদ্দের ওপর নির্ভর করছে কর্মসূচি বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ।

এ প্রসঙ্গে অর্থনীতিবিদ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ যুগান্তরকে বলেন, খাদ্যপণ্যের দাম বৃদ্ধির এই সময়ে শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস বর্তমান সরকারের একটি ভালো উদ্যোগ। তবে এটি ৩ মাসের জন্য না করে অব্যাহত রাখলে শ্রমিকরা বেশি উপকৃত হবেন।

তিনি বলেন, ৩ মাস পর ৩০ টাকা কেজি দরে চাল পাওয়ার সুবিধা বন্ধ করে দিলে শ্রমিকদের মধ্যে আবার নতুন সংকট তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে পুরো বিষয়টি বেতনের সঙ্গে সমন্বয় করে খাদ্য সহায়তার সুবিধাটি স্থায়ীভাবে বহাল রাখা গেলে সবচেয়ে ভালো হবে।

আবু আহমেদ বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে শ্রমিকদের নতুন মজুরি দ্রুত নির্ধারণ করা। নিত্যপণ্যের উচ্চমূল্যের মধ্যে বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। দ্রুত নতুন মজুরি নির্ধারণের বিষয়টির সমাধান করা গেলে শ্রমিক অসন্তোষ ও সামগ্রিক সংকট অনেকাংশে কমে আসবে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, শ্রমিকদের ৩০ টাকা কেজিতে ভর্তুকি মূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় খাদ্য ভর্তুকি আরও বাড়বে। এতে বাজেটের ওপর অতিরিক্ত চাপ তৈরি হলেও সরকার শ্রমিকদের ব্যাপারে আন্তরিক। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলগুলোতে একাধিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন। এখন খাদ্যে ভর্তুকি দেওয়া হবে। তিনি বলেন, সরকারের পাশাপাশি শ্রমিকদের ব্যাপারে মালিকপক্ষের আরও আন্তরিক হওয়া প্রয়োজন।

শ্রমিক অসন্তোষের মধ্যে নতুন করে মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো তুলে ধরে। এতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সন্ত্রাসের অভয়ারণ্য খুলনা (পর্ব ১) পুলিশ ও রাজনৈতিক প্রশ্রয়ে অপরাধ

পুলিশ ও রাজনৈতিক প্রশ্রয়ে অপরাধ

চাঞ্চল্যকর সেই তদন্ত প্রতিবেদন জমা প্রমাণ মিলেছে শত শত কোটি টাকা দুর্নীতির

প্রমাণ মিলেছে শত শত কোটি টাকা দুর্নীতির

জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহায়তায় জোর

জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহায়তায় জোর

বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ

বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম