চাঁদা না পেয়ে বাসায় ঢুকে যুবককে গুলি
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদা না দেওয়ায় রাজধানীর বাড্ডায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, রাতে গুলিবিদ্ধ অবস্থায় বাড্ডা থেকে রানাকে ঢামেকে নিয়ে আসা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
রানা বলেন, নিজ কক্ষে ঘুমিয়ে ছিলাম। রাত ১০টার দিকে বাসার দরজায় কড়া নাড়ার শব্দ শুনে আমার ভাই ভেতর থেকে পরিচয় জানতে চান। কিন্তু বাইরে থেকে কোনো সাড়াশব্দ আসেনি। এরপর তিনি দরজা খুললে একই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে তামিম ও আরও দুজন ঘরে ঢোকে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর মধ্যেই বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই তামিম আমার ডান পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। ডান পায়ের হাঁটুর ওপরের অংশে গুলি লাগে।
স্বজনরা জানান, রানার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে তামিম নিয়মিত চাঁদা দাবি করতেন। কিন্তু রানা তামিমকে সাফ জানিয়ে দেন যে, কোনো চাঁদা দেওয়া হবে না। চাঁদা না দেওয়ার ক্ষোভ থেকেই এই গুলি করা হয়েছে। স্বজনদের দাবি, তামিমের বিরুদ্ধে বাড্ডায় খুনের মামলাও রয়েছে। যদিও এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার বা শনাক্ত করতে পারেনি পুলিশ।
