Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

জিইডির প্রতিবেদন

বিনিয়োগে গতি নেই রাজস্বেও টান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমছে, বিনিয়োগে গতি নেই। এর বিরূপ প্রভাব পড়ছে ব্যবসা সম্প্রসারণ ও উৎপাদন কার্যক্রমে। অন্যদিকে সরকারের রাজস্ব আদায়েও বড় ঘাটতি। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও দেখা যাচ্ছে ধীরগতি। এর সঙ্গে রপ্তানি কমে যাওয়া এবং মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার কম থাকায় অর্থনীতির ওপর বহুমুখী চাপ তৈরি হয়েছে।

সোমবার সরকারের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) প্রকাশিত ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুক, সেপ্টেম্বর ২০২৬ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

জিইডির তথ্য বলছে, গত আগস্টে ব্যাংক খাতে আমানতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৯৬ শতাংশ। অথচ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৪ দশমিক ৭৫ শতাংশ। আগের বছরের একই সময়ে এ হার ছিল ৬ দশমিক ৩৫ শতাংশ। অর্থাৎ ব্যাংকে আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণ সম্প্রসারণে তার প্রতিফলন নেই। উচ্চ ঋণব্যয়, ব্যবসায়ীদের আস্থা ফিরতে সময় লাগা এবং ঋণঝুঁকিকে এর সম্ভাব্য কারণ হিসাবে বলছে জিইডি। সরকারের ঋণগ্রহণ বেড়ে গেলে বেসরকারি খাতে ঋণ দেওয়ার সুযোগ সংকুচিত হতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

তবে বিনিয়োগের ক্ষেত্রে কিছু ইতিবাচক সংকেতও রয়েছে। জুলাইয়ে মূলধনি যন্ত্রপাতি আমদানি আগের মাসের তুলনায় বেড়ে ৩০৭ দশমিক ৫ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কিন্তু এক মাসের এই বৃদ্ধি সামগ্রিক বেসরকারি বিনিয়োগে গতি ফেরার প্রমাণ নয়। অন্যদিকে আগস্টে মোট রপ্তানি আয় আগের মাসের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ কমেছে। তৈরি পোশাক রপ্তানি কমেছে ৭ দশমিক ১ শতাংশ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি এনবিআর। জুলাই-আগস্ট সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮১ হাজার ৫৩ কোটি টাকা। আদায় হয়েছে ৫৫ হাজার ৫৬২ কোটি টাকা। ঘাটতি দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৯১ কোটি টাকা। শুধু আগস্টে ৪২ হাজার ১৭২ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২৯ হাজার ৩০১ কোটি টাকা। ঘাটতি ১২ হাজার ৮৭১ কোটি টাকা। এর মধ্যে ভ্যাট আদায়ে ঘাটতি ছয় হাজার ৭৬২ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ কর মিলিয়ে ঘাটতি তিন হাজার ৬৮৯ কোটি টাকা এবং আমদানি-রপ্তানি শুল্কে ঘাটতি দুই হাজার ৪১৯ কোটি টাকা।

যদিও আগের অর্থবছরে আগস্টের তুলনায় রাজস্ব আদায় ৭ দশমিক ৬০ শতাংশ বেড়েছে, তবু লক্ষ্যমাত্রার তুলনায় বড় ব্যবধানে পিছিয়ে গেছে। রাজস্ব আদায়ের এই ঘাটতি সরকারের বাজেট বাস্তবায়ন ও ব্যয় ব্যবস্থাপনায় চাপ তৈরি করতে পারে। পাশাপাশি উন্নয়ন ব্যয়েও গতি নেই। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এডিপিতে ব্যয় হয়েছে পাঁচ হাজার ৭০৯ কোটি ৭০ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল পাঁচ হাজার ৭১৪ কোটি ৮৩ লাখ টাকা। অর্থাৎ ব্যয়ের পরিমাণ প্রায় একই থাকলেও এডিপি বাস্তবায়নের হার আগের বছরের ২ দশমিক ৩৯ শতাংশ থেকে কমে ১ দশমিক ৮৫ শতাংশ হয়েছে। বিদেশি ঋণ ও অনুদাননির্ভর প্রকল্পে ব্যয়ের গতি আরও কম। আগস্টে এসব প্রকল্পে ব্যয় হয়েছে ৮৫৭ কোটি ৪৪ লাখ টাকা, যা আগের বছরের একই মাসের তুলনায় ৪৮ দশমিক ৪ শতাংশ কমেছে। বিপরীতে সরকারি অর্থায়নের প্রকল্পে ব্যয় বেড়েছে ২৮ দশমিক ২ শতাংশ। অর্থনীতির বিভিন্ন খাতে চাপের মধ্যে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। আগস্টে দেশে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ২২ শতাংশ থেকে কমে ৮ দশমিক ০৫ শতাংশ হয়েছে। ফলে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার কম ছিল ০ দশমিক ২১ শতাংশীয় পয়েন্ট।

অর্থাৎ মূল্যস্ফীতি কিছুটা কমলেও মজুরি বৃদ্ধির হার তার চেয়ে কম থাকায় মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে চাপ রয়ে গেছে। বিশেষ করে সীমিত আয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে বাড়তি চাপ অব্যাহত থাকতে পারে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিশ্বব্যাংক-আইএমএফ’র বার্ষিক সভা শুরু জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ

জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ

মার্কিন গবেষক উইনস্টন ল্যাংলি নজরুলের দর্শন ভূরাজনৈতিক অবক্ষয় নিরাময়ে মহৌষধ

নজরুলের দর্শন ভূরাজনৈতিক অবক্ষয় নিরাময়ে মহৌষধ

বিআইডিএসের গবেষণা কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয়

কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয়

জিইডির প্রতিবেদন বিনিয়োগে গতি নেই রাজস্বেও টান

বিনিয়োগে গতি নেই রাজস্বেও টান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম