খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
Advertisement
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার রূপসা উপজেলার আঠারোবেকি নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার আইচগাতী ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের জেলখানা ঘাটসংলগ্ন নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন রূপসার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে মেহেদী হাসান সোহাগ (৩৮) এবং সিংহের চরের বাসিন্দা আল আমিন হোসেন (৩৪)। তাদের একজন জেলখানা ঘাটের মাঝি ছিলেন বলে জানা গেছে। উদ্ধার হওয়া দুজনের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আঠারোবেকি নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে ভাটার কারণে নদীর পানি কমে গেলে একই এলাকায় তারা আরও একটি লাশ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুটি লাশ উদ্ধার করে।
রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে লাশ দুটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। নিহত মেহেদী হাসান সোহাগ খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী বি কোম্পানির সদস্য ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ সাতটি মামলা রয়েছে। মৃত্যুর কারণ হিসাবে তিনি বলেন, তাদের শরীরে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
