বাণিজ্যমেলার মাঠে সচিবালয়
স্থাপনা ভেঙে ট্রাক্টর দিয়ে শিক্ষার্থীদের জমি চাষ
Advertisement
শেকৃবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলা মাঠে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্যমেলার স্থাপনা ও ফটক ট্রাক্টর দিয়ে গুঁড়িয়ে দিচ্ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্যমেলার অবশিষ্ট স্থাপনা ভেঙে ট্রাক্টর দিয়ে জমি চাষ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খামার থেকে দুটি ট্রাক্টর নিয়ে মাঠে গিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণার মাঠ হিসাবে পরিচিত জায়গাটিতে সচিবালয় স্থাপনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে এর আগে তারা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। মেলা বন্ধ না হওয়ায় মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে মন্ত্রণালয় থেকে মেলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলেও মাঠ থেকে অবশিষ্ট স্থাপনা সরানো হয়নি। এর প্রতিবাদে সোমবার সেগুলো অপসারণ করে শিক্ষার্থীরা মাঠে চাষের কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া হাসান বলেন, এই মাঠ শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, বরং পুরো এলাকার জন্য একটি ফুসফুস। ঐতিহাসিক এই গবেষণার মাঠে সচিবালয় স্থাপন করা হলে পুরো এলাকার জীববৈচিত্র্য ধ্বংস হবে। মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সেখানে সবুজায়ন করা হলে পুরো অঞ্চল রক্ষা পাবে।
মেলার একটি স্টলের কর্মচারী রিফাত রহমান বলেন, মেলা বন্ধের ঘোষণা আসার পর আমরা মালামাল নিয়ে চলে যেতে চাইলেও মেলা কমিটির পক্ষ থেকে আমাদের বাধা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, মেলা স্থগিতের সরকারি সিদ্ধান্তের পর এক দিনের মধ্যে মাঠের স্থাপনা সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিল আয়োজক কমিটি। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন করা হয়নি। বরং স্থাপনা সরানোর উদ্যোগ না নিয়ে আয়োজক সংশ্লিষ্টরা এলাকার ক্ষমতাসীন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে সমঝোতার চেষ্টা করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী যুগান্তরকে বলেন, শিক্ষার্থীরা তাদের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করছি।
শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুজ্জামন যুগান্তরকে বলেন, পুরাতন বাণিজ্য মেলার মাঠে এশিয়ান বাণিজ্য মেলার করার জন্য কিছু টিনশেড স্থাপনা করেছিল। শেকৃবির শিক্ষার্থীরা ট্র্যাক্টর দিয়ে সেই টিনশেড ভেঙে চাষাবাদ করছে। শিক্ষার্থীদের দাবি, এই মাঠ তাদের পড়াশোনার অংশ হিসাবে কৃষি গবেষণা কাজে ব্যবহার হয়ে থাকে। তবে তাদের এ কর্মসূচিতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
