পুরস্কারও জাগাতে পারল না তিরন্দাজদের নিশানা
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দশ লাখ টাকার স্বর্ণ, পাঁচ লাখের রুপা। তিন লাখের ব্রোঞ্জ। পুরস্কারের অঙ্কটা কম ছিল না। নাগোয়ার আরচারি রেঞ্জে রোববার লক্ষ্যটাই ঝাপসা হয়ে গেল বাংলাদেশের। তির ছুটল, নিশানা কাঁপল। শেষ পর্যন্ত ছয়টি দলগত ইভেন্টেই পদকের লড়াই থেকে বিদায় লাল-সবুজের তিরন্দাজদের।
বাংলাদেশ আরচারি ফেডারেশন এশিয়ান গেমসের আগে ঘোষণা করেছিল, স্বর্ণে ১০ লাখ, রুপায় পাঁচ লাখ, ব্রোঞ্জে তিন লাখ টাকা পুরস্কার। সেই প্রণোদনাও নাগোয়ার বৃষ্টিভেজা দিনে তিরন্দাজদের নিশানায় প্রাণ ফেরাতে পারল না। রিকার্ভ ও কম্পাউন্ডে পুরুষ, নারী ও মিশ্রের ছয় ইভেন্টের কোনো দলই শেষ পর্যন্ত পদকের পথে টিকে থাকতে পারেনি। দুটি ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। সবচেয়ে নাটকীয় বিদায় কম্পাউন্ড পুরুষ দলের। ইরানের বিপক্ষে প্রথম সেটে ৫৯-৫৭ জিতে শুরু। দ্বিতীয় সেট ৫৮-৫৮। তৃতীয় সেটে ৫৬-৫৯ ব্যবধানে হারলেও চতুর্থ সেটে ৫৯-৫৮ জয়। মোট স্কোর ২৩২-২৩২। শুট-অফেও ৩০-৩০। কিন্তু ইরানের তিনটি ‘এক্স’ এর বিপরীতে বাংলাদেশের দুটি। এক নিশানার ব্যবধানেই শেষ বাংলাদেশের পথচলা। নারী কম্পাউন্ডে কাজাখস্তানের কাছে হার ২২৯-২২৮। রিকার্ভ মিশ্র জুটি আব্দুর রহমান আলিফ-মনিরা আক্তার থাইল্যান্ডকে ৬-০ ব্যবধানের হারানোর পর জাপানের কাছে ৫-১ ব্যবধানে হেরে থেমেছে। কম্পাউন্ড মিশ্র দল ইরানের কাছে হেরেছে ১৫৮-১৫৪। রিকার্ভ পুরুষ দলও ইরানের কাছে হেরে বিদায় নিয়েছে। রিকার্ভ নারী দল অবশ্য জাপানকে ৫-৪ এ হারিয়ে কোয়ার্টারে উঠেছিল। সেমির পথে ইন্দোনেশিয়ার কাছে ৫-৩ ব্যবধানে হার। দলগত লড়াই শেষ। এবার ব্যক্তিগত ইভেন্টে শেষ আশার পালা। ছেলেদের কম্পাউন্ডে হিমু বাছাড়-আন্দ্রেই তাইয়ুতাইয়ুন এবং নেওয়াজ আহমেদ রাকিব-মিলাদ রশিদিদির লড়াই। মেয়েদের বন্যা আক্তার-গিসা বাইবরদি ও কুলসুম আক্তার মনি-নিনো বনিতা প্যারেইরা মুখোমুখি। দল হারিয়েছে, তির এখনো হাতে। ব্যক্তিগত নিশানায় নাগোয়ায় আলো ফেরাতে চান আরচাররা।
