এবার দেশজুড়ে একাডেমির পরিকল্পনা তামিমের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা শোনা যায়। বাস্তবে ক্রিকেটের উন্নতি খুব একটা চোখে পড়ে না। রোববার সংবাদ সম্মেলন ডেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল আরও কিছু পরিকল্পনার কথা জানালেন। দেশের ক্রিকেটকে ঢাকাকেন্দ্রিকতা থেকে বের করতে চায় বিসিবি। বিভাগীয় শহরগুলোতে প্রতিভাবান ক্রিকেটারদের জন্য বিনামূল্যে একাডেমি চালুর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন, অবকাঠামো উন্নয়ন এবং জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন তামিম। কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার কথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির সভাপতি আসিফ রাব্বানী।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা, ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে এসব পরিকল্পনা। এছাড়া ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে আয়োজনের চেষ্টার কথাও জানিয়েছেন বোর্ড সভাপতি। তামিম বলেন, ‘সাতটা বিভাগীয় শহরে একাডেমি করবে বিসিবি। এই একাডেমির মানে এমন নয় যে স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোকে চ্যালেঞ্জ করব। বরং স্থানীয় একাডেমি থেকেও বিসিবি একাডেমিতে সুযোগ পাওয়ার ব্যবস্থা থাকবে।’ জেলা ও বিভাগীয় পর্যায়ের কোচদের দিয়েই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বোর্ডের। শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টি মাথায় রেখে সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একাডেমিগুলো চালানোর পরিকল্পনা বিসিবির। তামিম বলেন, ‘এটা পুরোপুরি ফ্রি থাকবে। যাদের আমরা বাছাই করব ৫০-৬০ জন, তারা সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ পাবে। বিসিবিই সব দেখভাল করবে।’
এদিকে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ইভেন্টে ছেলেদের বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবে। আট দলের এই প্রতিযোগিতা থেকে একটি দল অলিম্পিকে জায়গা পাবে। টুর্নামেন্টটি ঢাকায় আয়োজনের সম্ভাবনাই বেশি। এ ছাড়া ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে আয়োজনের চেষ্টা করছে বিসিবি। আগামী বছর এশিয়া কাপের আগে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে সরাসরি কিছু বলেননি তামিম। তিনি বলেন, ‘এই মুহূর্তে একটা সিরিজ চলছে, আমাকে সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে আপনারা জানবেন।’
