দৃষ্টিপাত
জাতীয় ঐক্য এখন সময়ের দাবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজনৈতিক প্রত্যাবর্তন অনেক সময়ই আন্দোলনের নতুন মোড় বা কর্মীদের উজ্জীবনের উপলক্ষ্য হয়ে ওঠে। এটা দোষের কিছু নয়। কিন্তু চব্বিশের ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনগুলোর ঘোষিত কর্মসূচি ও তৎপরতাকে কেন্দ্র করে যে সহিংসতা, অস্থিতিশীলতা, নৈরাজ্য এবং জনজীবনে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। দলটি যেভাবে দেশে নাশকতা সৃষ্টির অপকৌশল গ্রহণ করেছে, তা সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। প্রশ্ন উঠেছে, রাজনৈতিক বার্তা দেওয়ার নামে সৃষ্ট এ অচলাবস্থা শেষ পর্যন্ত কার স্বার্থ রক্ষা করছে এবং এর খেসারত দিচ্ছে কারা? আওয়ামী লীগের একশ্রেণির নেতাকর্মী আন্দোলনের নামে যে তাণ্ডব চালাচ্ছে, তা দেশকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? পলাতক সাবেক প্রধানমন্ত্রী আইনের চোখে একজন অপরাধী। দেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তিনি চাইলে নির্ধারিত সময়ে আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ মোকাবিলা করতে পারতেন। কিন্তু তিনি সে পথে না গিয়ে বিদেশে বসে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একশ্রেণির নেতাকর্মী দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও আন্দোলনের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আন্দোলনের নামে সহিংস কর্মকাণ্ড দলটির জন্য কতটা সুফল বয়ে আনবে, তা নিয়ে সংশয় রয়েছে। বরং এ ধরনের কার্যক্রম দলটিকে আরও বেশি করে জনবিচ্ছিন্ন করে ফেলতে পারে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের অধিকাংশ নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন; যারা এখনো দেশে আছেন, তারা আত্মগোপনে রয়েছেন। অনেকেই মনে করছেন, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের ঘোষণা দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের চাঙা করার কৌশল মাত্র। আসলে তিনি দেশে ফিরে আসবেন না; আর যদি তিনি সত্যি দেশে ফিরে আসেন, তাহলে তাকে গ্রেফতার বরণ করতে হবে। তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না। কারণ আপিল করার জন্য যে সময় নির্ধারিত ছিল, তা ইতোমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে। কাজেই স্বাভাবিক অবস্থায় শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের আর কোনো সুযোগ নেই। কিন্তু তার প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে দলটির একশ্রেণির নেতাকর্মী যেভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, তা চূড়ান্ত পরিণতিতে দলটির গ্রহণযোগ্যতাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারে। গত কয়েক দিনে আওয়ামী লীগের কর্মীরা দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি থানায় আক্রমণ চালিয়ে ক্ষতি করেছে। কোনো কোনো এলাকায় থানায় অগ্নিসংযোগ করা হয়েছে। যেমন-গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর থেকে পরবর্তী ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রোল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। ২৩টি ক্ষেত্রে পেট্রোলবোমা বা ককটেল নিক্ষেপ করা হয়েছে। গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের ৮টি শাখায় হামলা অথবা অগ্নিসংযোগ করা হয়েছে। গাজীপুর গ্রামীণ ব্যাংকের ৬টি শাখায় হামলা চালানো হয়েছে। গত ১৮ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে রাত ১১টার দিকে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আরও অনেক প্রতিষ্ঠান ও বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্দোলনের নামে এ ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড নিশ্চিতভাবেই জনমনে শঙ্কার সৃষ্টি করে চলেছে। একটি রাজনৈতিক দলের কাছ থেকে এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাঙ্ক্ষিত হতে পারে না। তাদের এ সমাজবিরোধী কার্যকলাপ ১৯৯৬ সালের ২৮ অক্টোবর পুরানা পল্টন চত্বরে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডবের কথা মনে করিয়ে দেয়। সেই সময় বিএনপিদলীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পদত্যাগ করলে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় কর্মীরা জামায়াতে ইসলামীর সভায় আক্রমণ চালিয়ে বেশ কয়েকজন নিরীহ কর্মীকে হত্যা করেছিল। একটি দল ক্ষমতার জন্য কতটা লালায়িত হলে এমন নির্মমতার জন্ম দিতে পারে, তা ভাবলেও বিস্মিত হতে হয়। সেই দলটি আবার তাদের চেনারূপে আত্মপ্রকাশ করেছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে তার আত্মীয়স্বজনদের দেশত্যাগের নির্দেশ দেন। ফলে শেখ পরিবারের সঙ্গে সম্পৃক্ত কেউ চব্বিশের গণ-অভ্যুত্থানের পর গ্রেফতার হননি। তারা বিদেশে নিরাপদে রয়েছেন। আর দেশে তাদের কর্মীদের আন্দোলনের নামে সমাজবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করছেন। যারা শীর্ষনেতাদের নির্দেশে আন্দোলনের নামে সহিংস কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন, তাদের মনে রাখতে হবে, এর পরিণতি কিন্তু তাদেরই ভোগ করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সরকারি ও বিরোধী দল দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার যে প্রত্যয় ব্যক্ত করেছে, তা জাতিকে আশান্বিত করেছে। ইতোমধ্যে ১১ দলীয় জোটের নেতারা ঐক্যবদ্ধভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব অপচেষ্টা রুখে দেওয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন, কোনো অজুহাতেই দেশে আর স্বৈরাচারের পুনর্বাসন হতে দেওয়া যাবে না। তারা জাতির বৃহত্তর স্বার্থে সব ভেদাভেদ ভুলে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনৈতিক সন্ত্রাসের মোকাবিলা করবেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৯ নভেম্বর লালমনিরহাটে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপনকালে দেশের জনগণকে যে কোনো সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রভুকে খুশি করতে সারা দেশে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, হামলা, খুনসহ বিভিন্ন ধরনের সমাজবিরোধী কাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় নিয়োজিত রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এনাফ ইজ এনাফ। মানুষ আর অগ্নিসন্ত্রাস ও গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। সারা দেশের মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আসুন আমরা চব্বিশের গণ-অভ্যুত্থানের মতো সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে দুর্বার ঐক্য গড়ে তুলি।
দেশ আজ নানামুখী সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। ফ্যাসিবাদী দুঃশাসনের ছোঁয়া প্রশাসন ও অর্থনীতিসহ সর্বত্র দৃশ্যমান। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের ভুলত্রুটি হতে পারে। তা সংশোধনের জন্য সরকারকে পরামর্শ ও সময় দিতে হবে। ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন মার্কিন ডলারের উন্নীত করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিবছর গড়ে ১০ বিলিয়ন ডলারের স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন হবে। প্রতিবছর গড়ে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে হবে ৮ থেকে ৯ শতাংশ। এসব লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। এ মুহূর্তে আন্দোলনের নামে যদি অরাজকতা সৃষ্টি করা হয়, তাহলে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে। সন্ত্রাস-নৈরাজ্যের মাধ্যমে স্থিতিশীলতা নষ্ট করা হলে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হবে না। যারা নেতা-নেত্রীর উসকানিতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাদের ভেবে দেখতে হবে দেশে ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হলে কার লাভ হবে? ঐক্য ও সংহতি বজায় রেখে দেশকে উন্নয়নের পথে ধাবিত করতে না পারলে আমাদের নিজেদেরই ক্ষতি হবে। আমাদের মনে রাখতে হবে, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’ তাই এমন কোনো কাজ করা উচিত হবে না, যা দীর্ঘমেয়াদে দেশের ধ্বংস ডেকে আনতে পারে।
সচেতন নাগরিক হিসাবে আমাদের সবার উচিত হবে, যে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তোলা। মনে রাখতে হবে, জনগণের দৃঢ় ঐক্য বিজয় নিশ্চিত করে। আর অনৈক্য পতন অনিবার্য করে তোলে। আমরা অবশ্যই সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সমালোচনা করব; প্রতিবাদ জানাব। কিন্তু এমন কিছু করা ঠিক হবে না, যাতে চব্বিশের গণ-অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য বিনষ্ট হতে পারে। জাতীয় সংসদের বিরোধী দল এবং সংসদের বাইরে থাকা বিরোধী রাজনৈতিক দলগুলো চলমান নৈরাজ্যের বিরুদ্ধে তাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। সব রাজনৈতিক দলকে বিবেচনায় নিয়ে এ মুহূর্তে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা একান্ত প্রয়োজন। মনে রাখতে হবে, আমাদের ঐক্য নষ্ট করার জন্য অনেকেই তৎপর রয়েছে। তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে; যারা আন্দোলনের নামে সমাজবিরোধী কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন, তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে। তবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সময়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসনে এক ধরনের মন্থরতা পরিলক্ষিত হচ্ছে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কিছু কর্মকর্তা আছেন, যারা সরকারকে ঠিকমতো সহায়তা করছেন না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনকি প্রজাতন্ত্রের কোনো কোনো কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের কেউ কেউ, যারা ফ্যাসিস্ট সরকারের বিশেষ সুবিধাভোগী ছিলেন, তারা বর্তমান সরকারের প্রতি প্রশ্নাতীত আনুগত্য প্রদর্শন করছেন না। আমলাতন্ত্র এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে এবং নির্বাচিত সরকারের প্রতি প্রশ্নাতীত আনুগত্য প্রদর্শন না করে, তাহলে সরকারের পক্ষে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই এ বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া দরকার; যারা এখনো বিগত সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করে চলেছেন এবং বর্তমান সরকারের বিরুদ্ধাচরণ করার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
বিতাড়িত ফ্যাসিবাদী সরকারপ্রধানকে দেশে ফিরিয়ে আনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একশ্রেণির নেতাকর্মী যেভাবে সন্ত্রাস, অগ্নিসংযোগরে মাধ্যমে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করে চলেছে, তা যে কোনো মূল্যে দমন করতে হবে। তবে সবকিছুই করতে হবে প্রচলিত আইনের আওতায়। এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের মধ্যে দৃঢ় ঐক্যের বন্ধন সৃষ্টি করা। জনগণ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো শক্তি পরাজিত হতে বাধ্য।
ড. আনোয়ারউল্লাহ চৌধুরী : প্রফেসর ইমেরিটাস, অবসরপ্রাপ্ত উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়; বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত

