Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

শতফুল ফুটতে দাও

ভারতের সংখ্যালঘু কার্ড

Icon

ড. মাহবুব উল্লাহ্

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

১৯৪৭-এ দক্ষিণ এশিয়া উপমহাদেশে দুটি পৃথক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয়। এর একটি পাকিস্তান এবং অন্যটি ভারতীয় ইউনিয়ন। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় মুসলমান এবং সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায় হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী। ভারতে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হিন্দু, সংখ্যালঘিষ্ঠদের মধ্যে রয়েছে প্রধানত মুসলমান। ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্রের উৎপত্তিকালে ১৯৪৬ সালে বাংলা, বিহার ও পাঞ্জাবে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটে। এসব দাঙ্গায় শতসহস্র নারী-পুরুষ ও শিশু নিহত, আহত ও পঙ্গু হয়ে পড়ে। সাম্প্রদায়িক দাঙ্গার শিকারে পরিণত হন শতসহস্র মুসলমান ও হিন্দু। অনেকের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলা হয়। পুরো ব্যাপারটি ছিল অত্যন্ত বিভীষিকাময় এবং রক্তাক্ত এক ট্র্যাজেডি। দাঙ্গায় মানবতা চরমভাবে বিধ্বস্ত হয়ে পড়ে।

১৯৪৭-এ দেশ দুটি স্বাধীন হওয়ার পর ১৯৫০-এ পশ্চিমবঙ্গে আবার ভয়াবহ দাঙ্গা হয়। এ দাঙ্গার ফলে ৪৭-এর পর যেসব মুসলিম পরিবার পশ্চিমবঙ্গে থেকে গিয়েছিলেন, তাদের অনেকে বাস্তুভিটা ত্যাগ করে তৎকালীন পূর্ববঙ্গে চলে আসেন। বিহার থেকে অনেক মুসলমান পরিবার ছিন্নমূল হয়ে তৎকালীন পূর্ববঙ্গে চলে আসতে বাধ্য হয়। ১৯৫০-এ পাকিস্তান ও ভারতের দুই প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও জওহরলাল নেহেরুর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে দুই প্রধানমন্ত্রী একটি চুক্তিতে উপনীত হন, যা লিয়াকত-নেহেরু প্যাক্ট নামে পরিচিতি পায়। এ প্যাক্টের মধ্যদিয়ে দুই প্রধানমন্ত্রী সম্মত হন যে, তারা নিজ নিজ দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন। তা সত্ত্বেও, এর পরবর্তী সময়ে ভারতে মুসলিমবিরোধী অনেক দাঙ্গা হয়েছে। ১৯৬৪ সালে ভারতে মুসলিমবিরোধী দাঙ্গার প্রতিক্রিয়ায় তৎকালীন পূর্ব পাকিস্তানেও দাঙ্গা পরিস্থিতির উদ্ভব হয়। এ দাঙ্গায় হিন্দু সম্প্রদায় আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। তখন তৎকালীন পূর্ব পাকিস্তানের অসাম্প্রদায়িক নেতারা একটি প্রচারপত্র প্রকাশ করেন। এর শিরোনাম ছিল, ‘পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও’। দাঙ্গা প্রতিরোধ করতে গিয়ে আমির হোসেন নামে এক ব্যক্তি দাঙ্গাবাজদের ছুরিকাঘাতে নিহত হন। তৎকালীন পূর্ব পাকিস্তানে অসাম্প্রদায়িক চেতনা এতই প্রখর ছিল যে, প্রগতিশীল মুসলমানরা হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন।

১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে সংঘটিত দাঙ্গায় উসকানি দিয়েছিল তৎকালীন কনভেনশন মুসলিম লীগ। এ শাসক দলটি দাঙ্গা থেকে ফায়দা লোটার চেষ্টা করেছিল। বাংলাদেশোত্তরকালে ভারত ও বাংলাদেশে সাম্প্রদায়িক ঘটনাবলি সম্পূর্ণ ভিন্নরূপ পরিগ্রহ করে। বাংলাদেশে ভারতপন্থি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সংখ্যালঘুদের ওপর কোনো নিপীড়নমূলক ঘটনা ঘটলেও, ভারত সরকার এ নিয়ে টুঁ-শব্দটি পর্যন্ত উচ্চারণ করেনি। এর প্রত্যক্ষ প্রমাণ আমরা পেয়েছি রামু ও নাসিরনগরের মতো ঘটনায়। এসব ঘটনার জন্য আওয়ামী লীগাররাই দায়ী ছিল। মূলত বিষয়-সম্পত্তি দখলে নেওয়ার হীন উদ্দেশ্যে এসব সাম্প্রদায়িক ঘটনা ঘটানো হয়। তবে বাংলাদেশে ভারতের তাঁবেদারি করে না এমন কোনো সরকার ক্ষমতায় থাকলে তাকে নিন্দিত করার জন্য ভারত সব ধরনের চেষ্টা চালায়। এসব নিন্দাসূচক অপপ্রচারের মধ্যে রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে হিন্দু কার্ড খেলা অথবা বলা যেতে পারে সংখ্যালঘু কার্ড খেলা। ভারত তাদের মিডিয়াতে এবং কিছু আন্তর্জাতিক সংস্থাকে ব্যবহার করে বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে বিচ্ছিন্ন ও একঘরে করার জন্য সংখ্যালঘু কার্ড খেলতে মরিয়া হয়ে ওঠে। বিশ্বব্যাপী সবাই জানে, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসবেন বলে গত কিছুদিন ধরে জোর প্রচারণা চালানো হয়। সুবির ভৌমিকের মতো ভারতীয় সাংবাদিকরা অশ্রাব্য ভাষায় বাংলাদেশবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। মৃত্যুদণ্ডে দণ্ডিত হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন চেষ্টাকে ভিত্তি করে ভারতীয় মিডিয়া বিচিত্ররকমের কল্পকাহিনি প্রচার করে চলেছে। পলাতক ও কর্মকাণ্ড-নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন-হরতাল নামে গুপ্ত কর্মসূচি ঘোষণা করছে। এরই ফলে গোপালগঞ্জের সহিংসতার ঘটনা ঘটেছে। বিএনপির নির্বাচিত এমপির বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে। হাসপাতালও বাদ যায়নি আগুন লাগানো থেকে। অন্যদিকে নড়াইলে বিএনপির দুজন কর্মীকে আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করেছে। এর প্রতিক্রিয়ায় সংখ্যালঘুর ওপর আক্রমণ নয়, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনা অভিপ্রেত ছিল না।

রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যদি কোনো ভিন্নধর্মের অনুসারী ব্যক্তির ওপর হামলা ঘটে, তাকে আর যাই হোক সংখ্যালঘু নির্যাতন বলা যায় না। অথচ তিলকে তাল করে বিশ্বব্যাপী বাংলাদেশবিরোধী প্রচারণা চালানো হচ্ছে। ভারত এই সংখ্যালঘু কার্ড বহু সময়েই খেলেছে। কিন্তু তার ফলে কোনো ধরনের রাজনৈতিক ফায়দা লোটা সম্ভব হয়েছে বলে মনে হয় না। এ ধরনের প্রচারণায় ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমান্বয়ে অবন্ধুসুলভ হয়ে উঠেছে এবং বৈরিতার দিকে এগোচ্ছে। ভারত যদি মনে করে, পতিত আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশকে একটা বিপর্যস্ত অবস্থার দিকে ঠেলে দেবে, তাহলে সে মহাভুল করবে। কারণ বাংলাদেশের বিপর্যয় বাংলাদেশের সীমানায় আবদ্ধ থাকবে না। নগরীতে আগুন লাগলে দেউল কি রক্ষা পায়? অকল্পনীয় অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশসংলগ্ন ভারতীয় এলাকাগুলোয়। আশাকরি ভারতের পররাষ্ট্রবিষয়ক পণ্ডিতরা ব্যাপারটি ভালো করেই বোঝেন।

ভারত এমন কোনো দেশ নয় যে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলো শান্তি ও নিরাপত্তায় বসবাস করে। ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একের পর এক উসকানিমূলক ঘটনা ঘটছে। বুলডোজার দিয়ে মসজিদ গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। গো-মাংসের অপবাদ দিয়ে মুসলমানদের পিটিয়ে হত্যা করা হচ্ছে। মসজিদে আজান দেওয়াও বন্ধ করে দেওয়া হচ্ছে। এ ছাড়া মুসলমানদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বাধ্য করা হচ্ছে। প্রচণ্ড মারধর করে ‘জয় শ্রীরাম’ উচ্চারণে বাধ্য করা হয়। ভারতের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ও নিরাপদ নেই। খ্রিষ্টানদের গির্জা আক্রান্ত হচ্ছে। খ্রিষ্টান পাদ্রিদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। দলিত সম্প্রদায়ের ওপর যে মর্মান্তিক নিপীড়ন ও বৈষম্য চালানো হয়, তা কোনো সভ্য সমাজে সম্ভব নয়। ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দিনের পর দিন যেরূপ নিপীড়ন ও বৈষম্য চলছে, তা লিপিবদ্ধ করা হলে আধুনিককালের এক মহাভারত কিংবা রামায়ণ হয়ে উঠবে। মিথুনরত ক্রোঞ্চো-ক্রোঞ্চিকে এক বেদ পরাহত করে হত্যা করায় ঋষি বাল্মিকীর মনে যে বেদনা বোধের সৃষ্টি হয়েছিল, সেই বেদনাবোধ থেকেই রামায়ণ নামক মহাকাব্যের সৃষ্টি হয়েছিল। এই একবিংশ শতাব্দীর ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর নির্মমতা দেখে এ যুগের কোনো বাল্মিকী এক নতুন মহাকাব্য রচনা করে ফেলতে পারে।

ভারতে সংখ্যালঘুদের ওপর যেরূপ নিপীড়ন-নির্যাতন চলছে, তা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে কখনোই কোনো প্রতিবাদ জানানো হয়নি। প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশ রাষ্ট্র কতকাল মৌন থাকবে?

ড. মাহবুব উল্লাহ : জাতীয় অধ্যাপক ও অর্থনীতিবিদ

Advertisement

Advertisement

আরও পড়ুন

শতফুল ফুটতে দাও ভারতের সংখ্যালঘু কার্ড

ভারতের সংখ্যালঘু কার্ড

রোহিঙ্গা গণহত্যার রায় : বাংলাদেশের করণীয়

রোহিঙ্গা গণহত্যার রায় : বাংলাদেশের করণীয়

অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ

অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ

অন্যমত বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে

বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম