স্বামী ঘুরতে নিয়ে যেতে না চাওয়ায় বিচ্ছেদ চাইলেন স্ত্রী
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
স্বামী তাকে ঘুরতে বা অবসর কাটাতে বাইরে নিয়ে যেতে আগ্রহী নন—এমন অভিযোগে বিবাহবিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন শারজার এক নারী। গালফভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শারজাহ কোর্টসের ফ্যামিলি গাইডেন্স বিভাগের পরিচালক ড. রাধিয়া হাসান আল রাইসি একটি টেলিভিশন অনুষ্ঠানে ঘটনাটি তুলে ধরেন।
তিনি জানান, ওই নারী ফ্যামিলি গাইডেন্স সার্ভিসে এসে অভিযোগ করেন, তার স্বামী বাড়িতে থাকতেই বেশি পছন্দ করেন। স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া কিংবা বাইরে অবসর কাটানোর ব্যাপারে তার তেমন আগ্রহ নেই।
তবে ওই নারী স্বামীকে উদার, ধৈর্যশীল ও ভালো আচরণের মানুষ হিসেবে বর্ণনা করেছেন। তার মূল অভিযোগ ছিল, স্বামীর বাইরে ঘুরতে যাওয়া বা বিনোদনমূলক কর্মকাণ্ডে অনাগ্রহ তাকে উদ্বিগ্ন করে তুলছে।
পরিস্থিতি বিবেচনায় ফ্যামিলি গাইডেন্স বিভাগের পক্ষ থেকে ওই নারীকে পরামর্শ দেওয়া হয়, তিনি যেন ভাইবোন ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাইরে সময় কাটান। একই সঙ্গে শুধু এই একটি বিষয়কে কেন্দ্র করে যেন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত না নেন, সে পরামর্শও দেওয়া হয়।
কর্মকর্তারা দাম্পত্য জীবনে পারস্পরিক সমঝোতার গুরুত্বের কথাও তুলে ধরেন। অবসর কাটানোর পছন্দে মতের অমিলকে কেন্দ্র করে যেন পরিবারের শান্তি নষ্ট না হয়, সে বিষয়েও নারীকে সতর্ক করা হয়।
ড. আল রাইসি বলেন, জীবনযাপন ও অবসর কাটানোর পছন্দে স্বামী-স্ত্রীর মধ্যে কখনো কখনো মতপার্থক্য তৈরি হতে পারে। তবে প্রতিটি মতবিরোধের পরিণতি বিবাহবিচ্ছেদ হওয়া উচিত নয়।
তিনি আরও সতর্ক করে বলেন, দাম্পত্য জীবনে বড় কোনো সমস্যা না থাকলে ছোটখাটো মতপার্থক্যকে আইনি বা পারিবারিক বিরোধে পরিণত করা উচিত নয়।
সূত্র: সামা টিভি
