Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

নূহ (আ.)-এর নৌকার রহস্যে নতুন মোড়, কাঠ উদ্ধার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম

নূহ (আ.)-এর নৌকার রহস্যে নতুন মোড়, কাঠ উদ্ধার

Advertisement

তুরস্কের রহস্যময় ‘দুরুপিনার ফরমেশন’ এলাকায় মাটির ৩০ ফুটেরও বেশি গভীর থেকে উদ্ধার হওয়া পোড়া কাঠের দুটি টুকরার ল্যাবরেটরি পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য মিলেছে। গবেষকদের দাবি, কাঠের টুকরাগুলো প্রায় চার হাজার ৩০০ বছর আগের—যা ঐতিহাসিক ও ধর্মীয় বর্ণনায় উল্লিখিত মহাপ্লাবনের সময়ের সঙ্গে মিলে যায়।

সোমবার নূহ (আ.)-এর নৌকা বা ‘নোয়াহস আর্ক’ অনুসন্ধানকারী গবেষক দল এই ল্যাব পরীক্ষার ফলাফল প্রকাশ করে।

কাঠের টুকরাগুলো আবিষ্কারকারী তুরস্কের সিভাস কুমহুরিয়েত বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক অধ্যাপক সেনকার আতিলা এই ফলাফলকে ‘গবেষক দলের জন্য এক অসাধারণ ও রোমাঞ্চকর অগ্রগতি’ বলে অভিহিত করেছেন।


প্রকল্পের প্রধান অ্যান্ড্রু জোনস ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানান, তুরস্ক ও সুইজারল্যান্ডের ল্যাবরেটরিতে আরও কিছু নমুনা পরীক্ষা করা হচ্ছে। আগামী মাসেই তুরস্কের ল্যাব থেকে ফল পাওয়া যাবে।

তিনি বলেন, ‘তুরস্কের ল্যাবে কাঠগুলো কোন প্রজাতির গাছের তা শনাক্ত করার পাশাপাশি এতে আলকাতরা বা বিটুমিনের প্রলেপ আছে কিনা, তাও পরীক্ষা করা হচ্ছে।’ 

এ ছাড়া একই সময়ে মার্কিন প্রতিরক্ষা বিজ্ঞানী ড. খসরু বখতারের চূড়ান্ত রাডার প্রতিবেদন এবং ওই এলাকা থেকে সংগৃহীত প্রায় ৪০০টি মাটি ও পাথরের নমুনার প্রাথমিক পরীক্ষার ফলও পাওয়া যাবে।

কার্বন ডেটিংয়ে যা মিলেছে

বৈশ্বিক মহাপ্লাবন চার হাজার ৩০০ বছর আগে ঘটেছিল কিনা, সে বিষয়ে আধুনিক বিজ্ঞানে সর্বসম্মত মত না থাকলেও ধর্মীয় কালপঞ্জি অনুযায়ী ওই সময়ের আশপাশেই প্লাবন হয়েছিল বলে ধারণা করা হয়।

ল্যাবরেটরিতে তেজস্ক্রিয় কার্বন পরিমাপের মাধ্যমে দেখা গেছে, উদ্ধার হওয়া প্রথম কাঠের নমুনাটির সম্ভাব্য সময়কাল খ্রিষ্টপূর্ব ২৪১০ থেকে ২২৬৯ অব্দের মধ্যে (সম্ভাবনা ৬০ দশমিক ৬ শতাংশ)। দ্বিতীয় নমুনাটির সময়কাল খ্রিষ্টপূর্ব ২৩৪৯ থেকে ২১৯৩ অব্দের মধ্যে হওয়ার সম্ভাবনা ৮২ শতাংশ।

গবেষকদের মতে, এই দুটি সময়সীমার মধ্যেই খ্রিষ্টপূর্ব ২৩৪৮ ও ২৩০৪ অব্দ পড়ে—যা ঐতিহ্যগতভাবে নূহ (আ.)-এর মহাপ্লাবনের সময় হিসেবে বিবেচিত। তবে বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন, এই পরীক্ষায় গাছটি কত বছর আগে বেড়ে উঠেছিল তা জানা যায়, কাঠটি ঠিক কবে পোড়ানো বা ব্যবহৃত হয়েছিল তা নয়।


মানুষের হাতের কাজের ছাপ ও রাডার স্ক্যান

গবেষক দলের দাবি, উদ্ধার হওয়া কাঠের টুকরাগুলোতে মানুষের হাতের কাজের স্পষ্ট চিহ্ন রয়েছে। অধ্যাপক আতিলা বলেন, ‘আমার বিশ্বাস এই কাঠটি মানুষের হাতেই তৈরি। এর আকৃতি ও উপরিভাগের সূক্ষ্ম কারুকাজ দেখে বোঝা যায়, বিশেষ কোনো উদ্দেশ্যেই কেউ এটি তৈরি করেছিলেন।’

এর আগে ৫১৫ ফুট দীর্ঘ নৌকাকৃতির ওই ভূতাত্ত্বিক গঠনের ভেতরে শক্তিশালী রাডার স্ক্যান চালিয়েছিলেন মার্কিন বিজ্ঞানী ড. খসরু বখতার। স্ক্যানে মাটির নিচে কক্ষ, করিডর ও সুড়ঙ্গের মতো কাঠামোর অস্তিত্ব পাওয়া যায়। গবেষকরা সেখানে তিনটি আলাদা স্তরও শনাক্ত করেছেন, যা ধর্মগ্রন্থে বর্ণিত তিন তলাবিশিষ্ট নৌকার বর্ণনার সঙ্গে মিলে যায়।

অধ্যাপক আতিলা বলেন, ‘আমাদের পবিত্র গ্রন্থগুলোতে নূহ (আ.)-এর নৌকার তিনটি স্তরের কথা বলা হয়েছে; রাডার গবেষণাতেও আমরা তিনটি স্তরের গঠন শনাক্ত করেছি।’

দীর্ঘ ৩০ বছর ধরে এলাকাটি নিয়ে গবেষণা করা অ্যান্ড্রু জোনস জানান, খনন ও রাডার জরিপে সেখানে কোনো চুনাপাথর বা শক্ত শিলাস্তরের অস্তিত্ব মেলেনি। ফলে এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো পাথুরে গঠন—এমন তত্ত্ব টেকসই নয়।

তবে রাডার সংকেত ও কাঠের নমুনাগুলোকে চূড়ান্ত প্রমাণ হিসেবে না দেখে ‘অত্যন্ত জোরালো নতুন সূত্র’ হিসেবেই অভিহিত করেছেন অ্যান্ড্রু জোনস। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তুরস্কের এই দুরুপিনার ফরমেশনের নিচেই নূহ (আ.)-এর ঐতিহাসিক নৌকাটি চাপা পড়ে আছে।

সূত্র: ডেইলি মেইল

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তুরস্কে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাঁচজনের সবাই নিহত

তুরস্কে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাঁচজনের সবাই নিহত

আল-আকসা মসজিদে নামাজের সময় তুর্কি নারী গ্রেফতার

আল-আকসা মসজিদে নামাজের সময় তুর্কি নারী গ্রেফতার

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

তুরস্কে ইরানি জেনারেলকে হত্যা মোসাদের, নেপথ্যে যে রহস্য

তুরস্কে ইরানি জেনারেলকে হত্যা মোসাদের, নেপথ্যে যে রহস্য

লেবাননের শীর্ষ নেতাদের সঙ্গে এরদোগানের ছেলের বৈঠক, নেপথ্যে কী?

লেবাননের শীর্ষ নেতাদের সঙ্গে এরদোগানের ছেলের বৈঠক, নেপথ্যে কী?

বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব: এরদোগান

বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব: এরদোগান

আরও পড়ুন

নূহ (আ.)-এর নৌকার রহস্যে নতুন মোড়, কাঠ উদ্ধার

নূহ (আ.)-এর নৌকার রহস্যে নতুন মোড়, কাঠ উদ্ধার

ইস্ট রিভারের তীরে যে ভবনের ৩৮ তলায় বসে ‘বিশ্ব সামলান’ গুতেরেস

ইস্ট রিভারের তীরে যে ভবনের ৩৮ তলায় বসে ‘বিশ্ব সামলান’ গুতেরেস

পাইলটের লাইসেন্স ছাড়াই ওড়ানো যাবে উড়োজাহাজ!

পাইলটের লাইসেন্স ছাড়াই ওড়ানো যাবে উড়োজাহাজ!

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম