তুরস্কে ইরানি জেনারেলকে হত্যা মোসাদের, নেপথ্যে যে রহস্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে তুরস্ক থেকে ইরানের এক সাবেক জেনারেলকে অপহরণ, কয়েক সপ্তাহ ধরে নির্যাতন এবং পরে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজ এক ইসরাইলি পাইলটের সন্ধানে কয়েক দশক ধরে চালানো অভিযানের অংশ হিসেবে এ ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৬ সালে লেবাননে বোমা হামলা চালানোর সময় ইসরাইলি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে পাইলট রন আরাদ নিখোঁজ হন। এরপর থেকেই তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে আসছে ইসরাইল। এই অনুসন্ধানের সূত্র ধরে ইরান ও লেবাননের একাধিক ব্যক্তিকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকি লেবাননের একটি গ্রামে চালানো ইসরাইলি হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন।
২০০৬ সালের ডিসেম্বরে এ অভিযানের অন্যতম শিকার হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল আলিরেজা আসগারি। তিনি ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ওই বছরের ডিসেম্বরে তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে তাকসিম এলাকার সিলান হোটেলে ওঠেন আসগারি। এর কিছুক্ষণ পরই মোসাদের সদস্যরা তাকে অপহরণ করেন।
পরে আসগারির অবস্থান জানতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে তথ্য চায়। তখন ইসরাইলি কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের জানান, আরাদের বিষয়ে তথ্য পাওয়ার আশায় আসগারিকে কয়েক সপ্তাহ ধরে নির্যাতন করা হয়েছিল। কিন্তু তিনি নিখোঁজ পাইলট সম্পর্কে কিছুই জানতেন না। তা সত্ত্বেও তাকে হত্যা করে মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তখন মোসাদের প্রধান ছিলেন মেইর দাগান। ইসরাইলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার সিদ্ধান্ত নিতে তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের অনুমোদন প্রয়োজন হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আসগারির নিখোঁজ হওয়ার ঘটনায় ইরান নিজস্ব তদন্ত চালায়। তদন্তকারীদের ধারণা, ইসরাইলি এজেন্টরা ইস্তাম্বুলের হোটেলকক্ষে ঢুকে তাকে অচেতন করে অপহরণ করেছিল। পরে অপহরণে ব্যবহৃত একটি গাড়ি কৃষ্ণসাগরের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
রন আরাদের নিখোঁজ হওয়ার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ না থাকলেও ২০২১ সালে সিরিয়ার দামেস্ক থেকে আরেক আইআরজিসি কমান্ডারকে অপহরণ করে মোসাদ।
প্রতিবেদন অনুযায়ী, সকালে দৌড়াতে বের হলে জেনারেল আবদুল্লাহ সাবেরিকে ধরে একটি রেফ্রিজারেটর রাখার বাক্সে ভরে চলন্ত ভ্যানে তোলা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর তাকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জীবিত অবস্থায় ফেলে আসা হয়। অপহরণের সঙ্গে ইসরাইলের সম্পৃক্ততা আড়াল করতেই এমনটি করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ ও ইরানের যৌথ তদন্তে ধারণা করা হয়, ১৯৮৮ সালে লেবাননের পূর্বাঞ্চলীয় নাবি চিত গ্রামে মারা যান রন আরাদ। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার প্রায় দুই বছর পর তার মৃত্যু হয়েছিল বলে তদন্তকারীদের ধারণা। অপহরণকারীরা তাকে ওই গ্রামে আটকে রেখেছিল এবং পরে সেখানেই দাফন করেছিল বলে মনে করা হয়।
তবে ইসরাইলি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছিলেন, আরাদের নিখোঁজ হওয়ার বিষয়ে ইরানের কাছে তথ্য রয়েছে।
২০২৫ সালের ডিসেম্বরে অবসরপ্রাপ্ত লেবানিজ নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকরকেও অপহরণ করে ইসরাইল। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ব্যবসায়িক বৈঠকের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। লেবাননের কর্মকর্তাদের ধারণা, ইসরাইলি এজেন্টরা তাকে অপহরণ করেছে। এরপর থেকে তাকে আর জীবিত দেখা যায়নি। তার অবস্থানও অজানা।
ইসরাইলি কর্মকর্তাদের বর্তমান ধারণা, ১৯৮৮ সালে নাবি চিতের কাছে ইসরাইলি বাহিনীর হাতে নিজের ভাই নিহত হওয়ার প্রতিশোধ নিতে আহমদ শুকরই রন আরাদকে হত্যা করেছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ নেই।
চলতি বছরের ৬ ও ৭ মার্চ নাবি চিত গ্রামে ৪০টির বেশি বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। তাদের ধারণা ছিল, গ্রামের একটি কবরস্থানে আরাদের মরদেহ দাফন করা হয়েছে। ওই হামলায় অন্তত ৪১ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন। তবে সেখানে আরাদের মরদেহ পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২ মার্চ থেকে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৪ হাজার ৩৫৮ জন নিহত হয়েছেন।

-6afab08bd15b1.png)