Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নতুন চাল নেতানিয়াহুর, ফেঁসে যেতে পারেন দপ্তরের কর্মকর্তারা!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম

নতুন চাল নেতানিয়াহুর, ফেঁসে যেতে পারেন দপ্তরের কর্মকর্তারা!

বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইলের নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট কেনাবেচার অভিযোগ তুলে গ্রেফতারের ঘটনা ঘটানোর পেছনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের কর্মকর্তাদের ভূমিকা ছিল কি না, তা তদন্ত করছেন দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

অভিযোগ উঠেছে, নির্বাচনের ফল নিয়ে বিতর্ক তৈরি এবং আরব দলগুলো ভোট চুরি করেছে—নেতানিয়াহুর এমন দাবিকে জোরালো করতেই পরিকল্পিতভাবে পুলিশকে তথ্য সরবরাহ করা হয়েছিল।

রোববার (১৫ নভেম্বর) ইসরাইলের চ্যানেল ১২-এর অনুসন্ধানী অনুষ্ঠান ‘উভদা’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ অক্টোবর নির্বাচনের দিন ভোরে দক্ষিণ ইসরাইলের তিন বেদুইন নাগরিককে গ্রেফতারের সূত্রপাত হয় নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেনের দেওয়া একটি অভিযোগ থেকে। নির্বাচনের আগের দিন তিনি পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভির দপ্তরে অভিযোগ করেন, আরব দল রা'আমের কর্মীরা ভোটারদের কেন্দ্রে আনতে অর্থ দিচ্ছেন।

এ অভিযোগের পক্ষে আরও তথ্য দিতে পারবেন, এমন একজন ব্যক্তির সঙ্গেও পুলিশকে যোগাযোগ করিয়ে দেন নর্ডেন। ওই ব্যক্তি প্রধানমন্ত্রীর দপ্তরের সাবেক কর্মী বলে দাবি করেছে উভদা।

এরপর নির্বাচনের দিন ভোটকেন্দ্র খোলার কয়েক ঘণ্টা আগে ১৪ জন পুলিশ সদস্য তিন রা'আম কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। পুলিশের দাবি, বাড়িগুলো থেকে কয়েক হাজার শেকেল নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

তবে রহাত শহরের বাসিন্দা ড. সায়েফ আবু রিয়াশের বাড়িতে তল্লাশি চালিয়ে কোনো অর্থই পায়নি পুলিশ। তারপরও তাকে ছয় দিন আটক রাখা হয়। পরে আদালত তাকে নিঃশর্ত মুক্তির নির্দেশ দেন। অন্য দুই ব্যক্তি হুসেইন আল-মাসউদিন ও ইব্রাহিম আল-গারিবিকেও কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয়। তারা দাবি করেন, উদ্ধার করা অর্থ দাতব্য কাজের জন্য রাখা হয়েছিল।

এ ঘটনায় অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা এবং পুলিশের তদন্ত ও গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। তাদের অনুসন্ধানের বিষয়, নির্বাচনের গ্রহণযোগ্যতা নষ্ট করতে প্রধানমন্ত্রীর দপ্তর পরিকল্পিতভাবে পুলিশকে ব্যবহার করেছিল কিনা।

নেতানিয়াহুর দপ্তর অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, নর্ডেন একজন নাগরিকের কাছ থেকে অপরাধসংক্রান্ত তথ্য পেয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে পুলিশের কাছে পৌঁছে দিয়েছিলেন।

এদিকে বিরোধী নেতা গাদি আইজেনকোট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তদন্তে কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, নেতানিয়াহু ও তার সহযোগীদের কর্মকাণ্ড ইসরাইলের গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির খবরের বিষয়ে যা বলল আইজেনকোটের দল

নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির খবরের বিষয়ে যা বলল আইজেনকোটের দল

নেতানিয়াহুর জোটে ভাঙনের সুর, বেন-গভিরকে ছাড়াই সরকার গঠনের প্রস্তাব

নেতানিয়াহুর জোটে ভাঙনের সুর, বেন-গভিরকে ছাড়াই সরকার গঠনের প্রস্তাব

হঠাৎ মধ্যপ্রাচ্যে কেন তিন মার্কিন বিমানবাহী রণতরি?

হঠাৎ মধ্যপ্রাচ্যে কেন তিন মার্কিন বিমানবাহী রণতরি?

বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর

বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর

নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না: আইজেনকোট

নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না: আইজেনকোট

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

আরও পড়ুন

এনভিডিয়ারের নেতৃত্বে ‘ফিরতে চান’ জেনসেন হুয়াং, চলছে লবিং

এনভিডিয়ারের নেতৃত্বে ‘ফিরতে চান’ জেনসেন হুয়াং, চলছে লবিং

নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির খবরের বিষয়ে যা বলল আইজেনকোটের দল

নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির খবরের বিষয়ে যা বলল আইজেনকোটের দল

নতুন চাল নেতানিয়াহুর, ফেঁসে যেতে পারেন দপ্তরের কর্মকর্তারা!

নতুন চাল নেতানিয়াহুর, ফেঁসে যেতে পারেন দপ্তরের কর্মকর্তারা!

এবার রাশিয়ার সঙ্গে সব সীমান্ত বন্ধের ঘোষণা এস্তোনিয়ার

এবার রাশিয়ার সঙ্গে সব সীমান্ত বন্ধের ঘোষণা এস্তোনিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম