Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

পাইলটের লাইসেন্স ছাড়াই ওড়ানো যাবে উড়োজাহাজ!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

পাইলটের লাইসেন্স ছাড়াই ওড়ানো যাবে উড়োজাহাজ!

উড়োজাহাজটির নাম ‘হেলিক্স’। এটি সম্পূর্ণ বৈদ্যুতিক এবং একজন যাত্রীর ব্যবহারের উপযোগী করে তৈরি।

Advertisement

আকাশে উড়তে হলে পাইলটের লাইসেন্স থাকতে হবে, এমন ধারণা বদলে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান। এক আসনের বৈদ্যুতিক উড়োজাহাজ তৈরি করেছে সিলিকন ভ্যালিভিত্তিক মহাকাশ ও উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান পিভোটাল। 

তাদের দাবি, বিশেষ প্রশিক্ষণ নিলেই সাধারণ মানুষ এই উড়োজাহাজ একাই চালিয়ে আকাশে উড়তে পারবেন। এ জন্য প্রচলিত অর্থে কোনো পাইলট লাইসেন্সের প্রয়োজন হবে না। ২০২৭ সাল থেকে গ্রাহকদের হাতে উড়োজাহাজটি তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

উড়োজাহাজটির নাম ‘হেলিক্স’। এটি সম্পূর্ণ বৈদ্যুতিক এবং একজন যাত্রীর ব্যবহারের উপযোগী করে তৈরি। প্রতিষ্ঠানটির লক্ষ্য, যারা কখনো উড়োজাহাজ চালাননি, তারাও যেন কয়েক দিনের প্রশিক্ষণ নিয়ে এটি চালাতে পারেন।

পিভোটালের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান ফ্লাইট কর্মকর্তা ক্রিস্টিনা মেনটন সিএনএনকে বলেন, তাদের উড়োজাহাজে পরীক্ষামূলকভাবে প্রশিক্ষণ নিয়েছেন যুদ্ধবিমানের পরীক্ষামূলক চালক, স্কুলশিক্ষক, হিসাবরক্ষক ও প্রকৌশলীরা। তাদের কারও কারও গাড়ি চালানোরও অভিজ্ঞতা ছিল না।

হেলিক্সের আগের সংস্করণ ‘ব্ল্যাকফ্লাই’ নামে পরিচিত ছিল। ২০১১ সালে এর প্রোটোটাইপ প্রথম উড্ডয়ন করে। এর নকশার ধারণাগত ভিত্তি প্রায় এক শতাব্দী পুরোনো। ১৯২০-এর দশকে সার্বীয়-আমেরিকান প্রকৌশলী নিকোলা টেসলা এমন একটি উড়োজাহাজের নকশার পেটেন্ট করেছিলেন, যেটি হেলিকপ্টারের মতো লেজের ওপর ভর করে উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। পরে সাধারণ বিমানের মতো সামনের দিকে এগিয়ে চলবে।

হেলিক্সে সেই ধারণার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। উড়োজাহাজটির দুটি ডানায় আটটি করে মোট ১৬টি বৈদ্যুতিক মোটর ও প্রপেলার রয়েছে। এগুলোর সাহায্যে উড়োজাহাজটি প্রথমে নাক সামনের দিকে রেখে আকাশে ওঠে। প্রতি মিনিটে সর্বোচ্চ ৫০০ ফুট উচ্চতায় উঠতে পারে এটি। এরপর ডানায় তৈরি বায়ুগতীয় শক্তির সহায়তায় সামনের দিকে ঝুঁকে স্বাভাবিক উড়োজাহাজের মতো চলতে শুরু করে।

এর উড্ডয়ন ও নিয়ন্ত্রণব্যবস্থা সহজ রাখার চেষ্টা করা হয়েছে। একটি জয়স্টিকের মাধ্যমে বৈদ্যুতিক সংকেত পাঠিয়ে উড়োজাহাজের ১৬টি অ্যাকচুয়েটর নিয়ন্ত্রণ করা যায়। মেনটনের ভাষায়, এটি চালানোর অনুভূতি অনেকটা বাতাসে নাচা কিংবা বরফের ওপর স্নোবোর্ড চালানোর মতো।

হেলিক্স ঘণ্টায় সর্বোচ্চ ৬৬ মাইল গতিতে চলতে পারে। একবার চার্জে সর্বোচ্চ ২০ মাইল পর্যন্ত উড়তে সক্ষম। ভূমি থেকে ১৫০ ফুট উচ্চতায় উড়লে এর শব্দের মাত্রা প্রায় ৭০ ডেসিবেল। ফলে প্রচলিত হেলিকপ্টারের তুলনায় এটি অনেক কম শব্দ তৈরি করে।

সাধারণ বাড়ির বিদ্যুৎ সংযোগ থেকেই এর ব্যাটারি চার্জ দেওয়া যায়। ২৪০ ভোল্টের সংযোগে চার্জ হতে সময় লাগে প্রায় ৭৫ মিনিট। আর ১২০ ভোল্টের সংযোগে লাগে সাড়ে চার ঘণ্টা। প্রতিষ্ঠানটির হিসাবে, প্রতিবার উড্ডয়নে বিদ্যুৎ খরচ হবে প্রায় ১ থেকে ২ ডলার। অবতরণের ক্ষেত্রেও রয়েছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। ককপিটের ১২ ইঞ্চি টাচস্ক্রিনে থাকা ক্যামেরার সাহায্যে চালক অবতরণের জায়গা দেখে নিতে পারবেন। এরপর ‘অ্যাপ্রুভ ল্যান্ডিং’ বাটনে চাপ দিলেই শুরু হবে স্বয়ংক্রিয় অবতরণ প্রক্রিয়া।

প্রশিক্ষণ নিয়েই চালানো যাবে

হেলিক্সের দাম শুরু হচ্ছে ১ লাখ ৯০ হাজার ডলার থেকে। উড়োজাহাজটি চালানোর ক্ষেত্রে চালকের ওজন সর্বোচ্চ ২২০ পাউন্ড এবং উচ্চতা সর্বোচ্চ ৬ ফুট ৮ ইঞ্চি হতে হবে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বিধিমালা অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করলে ২৫৪ পাউন্ডের কম খালি ওজনের আলট্রালাইট উড়োজাহাজ চালাতে পাইলট সনদের প্রয়োজন হয় না। হেলিক্সের খালি ওজন ৩৪৮ পাউন্ড হলেও এর ব্যালিস্টিক প্যারাসুট ও ভাসমান নিরাপত্তাসামগ্রীর ওজন এ হিসাবের বাইরে রাখা হয়েছে। তবে জনবহুল আকাশসীমা, ঘনবসতিপূর্ণ শহর কিংবা রাতে এটি চালানো যাবে না।

লাইসেন্সের প্রয়োজন না হলেও প্রশিক্ষণ বাধ্যতামূলক। প্রথমে ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটরে অনুশীলন করতে হবে। এরপর বাতাসের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলাসহ জরুরি অবস্থা সামলানোর প্রশিক্ষণ দেওয়া হবে। আটটি ধাপে উড্ডয়ন অনুশীলন শেষে পরীক্ষামূলক ফ্লাইটে উত্তীর্ণ হতে হবে। সাধারণত এ প্রশিক্ষণে পাঁচ দিন লাগে, তবে তিন দিনেও শেষ করা সম্ভব।

বাণিজ্যিক ব্যবহার নিয়ে প্রশ্ন

তবে উড়োজাহাজটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন এভিয়েশন বিশেষজ্ঞ রায়ান ওয়ালেস। এমব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটির সেন্টার ফর অ্যাডভান্সড এয়ার মোবিলিটির নির্বাহী পরিচালক ওয়ালেসের মতে, দাম বেশি হওয়ায় এটি কেনার মতো ক্রেতার সংখ্যা সীমিত থাকবে। পাশাপাশি ওজন বহনের সীমাবদ্ধতা এবং মাত্র ২০ মাইল পাল্লা ব্যক্তিগত যান হিসেবে এর ব্যবহারকে বাধাগ্রস্ত করতে পারে।

অন্যদিকে, পিভোটাল মনে করছে, বিনোদনমূলক ব্যবহারের বাইরেও সামরিক ও জরুরি সেবায় হেলিক্স কার্যকর হতে পারে। হেলিকপ্টারের তুলনায় পরিচালন ব্যয় কম এবং দুর্গম এলাকায় পৌঁছানোর সক্ষমতা থাকায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গত আগস্টে যুক্তরাষ্ট্রের হাইড কাউন্টি জরুরি চিকিৎসাসেবা বিভাগ দুটি জরুরি ঘটনায় পিভোটালের বৈদ্যুতিক উড়োজাহাজ ব্যবহার করে। এতে অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন।

প্রতিষ্ঠানটির দাবি, চিকিৎসাকর্মীদের প্রশিক্ষণ দিয়ে এই উড়োজাহাজ চালানোর উপযোগী করা সম্ভব। বর্তমানে চূড়ান্ত পরীক্ষা চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালে প্রথম গ্রাহকদের কাছে হেলিক্স সরবরাহ করা হবে।

সূত্র: সিএনএন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড ঠেকাতে আদালতে মেজর নিদাল হাসান

ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড ঠেকাতে আদালতে মেজর নিদাল হাসান

ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

বাংলাদেশসহ যে ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশসহ যে ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

বাংলাদেশে সহিংসতা ও গ্রামীণ ব্যাংকে হামলা, কেরি কেনেডির উদ্বেগ প্রকাশ

বাংলাদেশে সহিংসতা ও গ্রামীণ ব্যাংকে হামলা, কেরি কেনেডির উদ্বেগ প্রকাশ

ইরান যুদ্ধ বন্ধে শর্ত মানতেও রাজি ৫৫ শতাংশ মার্কিনি: জরিপ

ইরান যুদ্ধ বন্ধে শর্ত মানতেও রাজি ৫৫ শতাংশ মার্কিনি: জরিপ

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

আরও পড়ুন

পাইলটের লাইসেন্স ছাড়াই ওড়ানো যাবে উড়োজাহাজ!

পাইলটের লাইসেন্স ছাড়াই ওড়ানো যাবে উড়োজাহাজ!

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

বমি করতে গিয়ে পেটের ভেতর ঢুকল আস্ত কাঁটাচামচ!

বমি করতে গিয়ে পেটের ভেতর ঢুকল আস্ত কাঁটাচামচ!

সিনেমা-গেমের সব রেকর্ড ভাঙার পথে জিটিএ ৬

সিনেমা-গেমের সব রেকর্ড ভাঙার পথে জিটিএ ৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম