Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

সিনেমা-গেমের সব রেকর্ড ভাঙার পথে জিটিএ ৬

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

সিনেমা-গেমের সব রেকর্ড ভাঙার পথে জিটিএ ৬

গেমটি তৈরিতে ব্যয় হয়েছে ১০০ কোটি ডলারের বেশি।

Advertisement

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে এসেছে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)।

বৃহস্পতিবার মুক্তির পরপরই বিক্রিতে একের পর এক রেকর্ড গড়ছে গেমটি। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রি-অর্ডার ও প্রথম দিনের বিক্রি মিলিয়ে গেমটির ২ কোটি ৪৫ লাখের বেশি কপি বিক্রি হয়েছে। এতে আয় হয়েছে প্রায় ২৩৬ কোটি ডলার। এর মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিনোদনমূলক পণ্য উন্মোচনের রেকর্ড গড়েছে গেমটি।

বিশ্লেষণবিষয়ক প্ল্যাটফর্ম সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, জিটিএ ৬-এর আয় ২৩৬ কোটি ডলারে পৌঁছেছে, যা প্রায় ১৮০ কোটি পাউন্ডের সমান। তুলনা করলে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ প্রেক্ষাগৃহে পুরো প্রদর্শনকাল মিলিয়ে আয় করেছে ২.৫ বিলিয়ন ডলার। 

তবে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার এবং এর মূল প্রতিষ্ঠান টেক-টু এখনো আনুষ্ঠানিকভাবে বিক্রির পরিসংখ্যান প্রকাশ করেনি। তারা জানিয়েছে, গেমটির প্রতি মানুষের আগ্রহ ও চাহিদা নজিরবিহীন। এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির কাছে মন্তব্য জানতে চেয়েছে বিবিসি।

প্রায় তিন দশকের পুরোনো অপরাধভিত্তিক গেম সিরিজের সর্বশেষ সংস্করণ জিটিএ ৬। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদলে তৈরি কাল্পনিক অঞ্চল লিওনিডাকে কেন্দ্র করে গেমটির কাহিনি সাজানো হয়েছে। এতে লুসিয়া ও তার সঙ্গী জেসন নামের দুই অপরাধীর জীবন ও কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।

গেমটি তৈরিতে ব্যয় হয়েছে ১০০ কোটি ডলারের বেশি। এই হিসাব সত্য হলে এটি হবে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেম।

সেন্সর টাওয়ারের পূর্বাভাস, জিটিএ ৬-এর জনপ্রিয়তার কারণে অন্যান্য একক খেলোয়াড়ের গেমে সময় দেওয়া ১০ শতাংশ কমিয়ে দেবেন খেলোয়াড়রা। প্রতিষ্ঠানটি ই-মেইলের ক্রয় রসিদসহ বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে এ হিসাব করেছে। তাদের তথ্য অনুযায়ী, গেমটির মোট বিক্রির প্রায় ৭৫ শতাংশ হয়েছে প্লেস্টেশন ৫-এর জন্য। বাকি বিক্রি হয়েছে এক্সবক্সে।

গেম বাজার গবেষণা প্রতিষ্ঠান নিকো পার্টনার্সের ধারণা, চলতি বছর বিশ্বজুড়ে জিটিএ ৬-এর বিক্রি ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে সর্বকালের সর্বোচ্চ আয়ের বিনোদনমূলক পণ্য ‘গন উইথ দ্য উইন্ড’-এর আয় ছাড়াতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। ১৯৩৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটির মূল্যস্ফীতি সমন্বয় করা আয় প্রায় ৪৫০ কোটি ডলার।

বিশ্লেষকদের ধারণা, আগামী বছরগুলোতেও জিটিএ ৬ থেকে বিপুল আয় করবে রকস্টার। এখনো পিসি সংস্করণ প্রকাশের তারিখ ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি। পাশাপাশি অনলাইনে একাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে খেলার সুযোগ থাকা মাল্টিপ্লেয়ার সংস্করণের বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ৫-এর অভিজ্ঞতা বলছে, মাল্টিপ্লেয়ার সংস্করণ গেমটির জনপ্রিয়তা ও আয় আরও বাড়াতে পারে। কারণ, খেলোয়াড়রা গেমের ভেতরে বাড়ি, গাড়ি ও বিভিন্ন সুবিধা কিনতে অর্থ ব্যয় করেন।

এদিকে মুক্তির আগে বারবার সময় পিছিয়ে যাওয়ায় গেমটি নিয়ে আগ্রহ আরও বেড়েছিল। বৃহস্পতিবার বিভিন্ন সময় অঞ্চলে মধ্যরাতে গেমটি উন্মুক্ত হওয়ার পর অনেক খেলোয়াড় রাত জেগে এটি খেলেছেন। কেউ কেউ খেলার জন্য পরদিন ছুটিও নিয়েছেন। গেমটির ২১২ গিগাবাইটের বিশাল ফাইল ডাউনলোড করতে গিয়ে ভার্জিন মিডিয়া ওটু-এর সন্ধ্যাকালীন ইন্টারনেট ব্যবহারের রেকর্ডও ভেঙেছে।

তবে গেমটির গ্রাফিক সহিংসতার কারণে জাপানে কিছু বিষয়বস্তু সেন্সর করা হয়েছে। আগের সংস্করণগুলোর মতো মূল ভূখণ্ড চীনেও এটি বিক্রির অনুমোদন পায়নি।

সূত্র: বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৫ গ্রহাণু

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৫ গ্রহাণু

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?

ইউটিউব থেকে আয়ে নতুন নিয়ম, মানতে হবে যে ৩ শর্ত

ইউটিউব থেকে আয়ে নতুন নিয়ম, মানতে হবে যে ৩ শর্ত

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

প্লাস্টিকের চেয়ে বেশি ক্ষতিকর কাগজের স্ট্র! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্লাস্টিকের চেয়ে বেশি ক্ষতিকর কাগজের স্ট্র! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

কম্পিউটার স্লো? সফটওয়্যার ছাড়াই টাস্ক ম্যানেজার দিয়ে গতি বাড়ানোর উপায়

কম্পিউটার স্লো? সফটওয়্যার ছাড়াই টাস্ক ম্যানেজার দিয়ে গতি বাড়ানোর উপায়

আরও পড়ুন

সিনেমা-গেমের সব রেকর্ড ভাঙার পথে জিটিএ ৬

সিনেমা-গেমের সব রেকর্ড ভাঙার পথে জিটিএ ৬

মাত্র ৪৩.৫ সেকেন্ডে স্ট্যাচু অব লিবার্টির ছবি এঁকে বিশ্বরেকর্ড!

মাত্র ৪৩.৫ সেকেন্ডে স্ট্যাচু অব লিবার্টির ছবি এঁকে বিশ্বরেকর্ড!

মানুষ না যন্ত্র, সেই বিতর্কেই বছরের সেরা শব্দ ‘হিউম্যান’

মানুষ না যন্ত্র, সেই বিতর্কেই বছরের সেরা শব্দ ‘হিউম্যান’

মসজিদে নববির অপরূপ ক্যালিগ্রাফির নেপথ্যে যে শিল্পী

মসজিদে নববির অপরূপ ক্যালিগ্রাফির নেপথ্যে যে শিল্পী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম