মাত্র ৪৩.৫ সেকেন্ডে স্ট্যাচু অব লিবার্টির ছবি এঁকে বিশ্বরেকর্ড!
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম
আর্টিস্ট ডেভিড গ্যারিবাল্ডি মাত্র ৪৩ দশমিক ৫ সেকেন্ডে স্ট্যাচু অব লিবার্টির ছবি এঁকে গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের পারফরম্যান্স আর্টিস্ট ডেভিড গ্যারিবাল্ডি মাত্র ৪৩ দশমিক ৫ সেকেন্ডে স্ট্যাচু অব লিবার্টির ছবি এঁকে গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। নিউইয়র্ক শহরে আয়োজিত এক বিশেষ গতিচিত্র আঁকার আয়োজনে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।
নিউইয়র্কের ওয়াটারফ্রন্ট থেকে দেখা স্ট্যাচু অব লিবার্টির দৃশ্যকে সামনে রেখে ছবিটি আঁকেন গ্যারিবাল্ডি। পুরো কাজটি শেষ করতে তার সময় লাগে মাত্র ৪৩ দশমিক ৫ সেকেন্ড।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তার এই কৃতিত্বের স্বীকৃতি দেয়। সংস্থাটির ২২তম বার্ষিক ‘ওয়ার্ল্ড রেকর্ডস ডে’ উদ্যাপনের অংশ হিসেবে এই রেকর্ডের ঘোষণা দেওয়া হয়।
গ্যারিবাল্ডি জানান, প্রচলিত পারফরম্যান্স পেইন্টিংয়ের ধারণা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ গতিনির্ভর একটি চ্যালেঞ্জ তৈরি করাই ছিল তার উদ্দেশ্য। একই সঙ্গে তার এই অর্জন অন্যদেরও বড় লক্ষ্য নির্ধারণ ও তা অর্জনে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রেকর্ড গড়ার পুরো প্রচেষ্টা সরাসরি পর্যবেক্ষণ করেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক মাইকেল এমপ্রিক। তিনি বলেন, নিউইয়র্কের ওয়াটারফ্রন্টের মনোরম পরিবেশ এমন একটি রেকর্ড গড়ার জন্য আদর্শ স্থান ছিল।
সূত্র: সামা টিভি

