ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিড়াল মানুষের সঙ্গে কথা বলতে পারে না, তবে নানা অঙ্গভঙ্গি, চোখের দৃষ্টি, লেজের নড়াচড়া ও বিভিন্ন শব্দের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে। কখনো ধীরে চোখের পাতা বন্ধ করা, কখনো গরগর শব্দ কিংবা বিশেষ ধরনের ডাকের মাধ্যমে তারা ভালোবাসা, স্বস্তি, ভয় বা খাবারের চাহিদা জানায়। এসব সংকেত বুঝতে পারলে পোষা বিড়ালের সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর হতে পারে বলে মনে করছেন প্রাণী আচরণ বিশেষজ্ঞরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিড়াল মানুষের সঙ্গে যোগাযোগের জন্য শব্দ, গন্ধ, স্পর্শ, মুখের অভিব্যক্তি ও শরীরের নড়াচড়া ব্যবহার করে। তবে একটি অঙ্গভঙ্গি দেখেই বিড়ালের মনের অবস্থা বোঝা যায় না। তার পুরো শরীরের ভাষা এবং পরিস্থিতি একসঙ্গে বিবেচনা করা জরুরি।
মানুষকে কীভাবে দেখে বিড়াল?
বিড়াল মানুষকে বড় আকারের অদ্ভুত কোনো বিড়াল হিসেবে দেখে, নাকি খাবার সরবরাহকারী হিসেবে— এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। তবে বিড়ালের আচরণে মানুষের সঙ্গে অন্য বিড়ালের সম্পর্কের কিছু মিল পাওয়া যায়।
প্রাণী আচরণ ও প্রশিক্ষণবিষয়ক পরামর্শক জেসিকা মোকেট বলেন, বিড়াল কখনো মানুষের গা চেটে দেয়, শরীরের ওপর থাবা দিয়ে মথনের মতো করে কিংবা পাশাপাশি ঘুমায়। অন্য বিড়ালের সঙ্গেও তারা এমন আচরণ করে থাকে। আবার মানুষের কাছে খাবার চাওয়া বা মিউ মিউ করে ডাকাও অনেকটা মা-বিড়ালের কাছে বাচ্চাদের চাহিদা জানানোর মতো।
বিশেষজ্ঞদের মতে, বিড়াল মানুষের সঙ্গে গভীর আবেগীয় সম্পর্ক তৈরি করতে পারে। গবেষণায় দেখা গেছে, শিশুদের সঙ্গে মা-বাবার যেমন নিরাপদ বা অনিরাপদ আবেগীয় বন্ধন তৈরি হয়, বিড়ালের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে।
চোখ ও শরীরের ভাষায় কী বোঝায়?
বিড়ালের চোখ, কান, লেজ, গোঁফ ও শরীরের ভঙ্গি তার মনের অবস্থা প্রকাশ করে।
ধীরে চোখের পাতা বন্ধ করা: সাধারণত স্বস্তি, বিশ্বাস ও ভালোবাসার সংকেত।
লেজ খাড়া করে এগিয়ে আসা: বন্ধুত্বপূর্ণ মনোভাব ও যোগাযোগের আগ্রহ বোঝাতে পারে।
শরীর শিথিল রাখা: স্বস্তি ও নিরাপদ বোধ করার লক্ষণ।
কান পেছনে বা পাশে ঘুরিয়ে রাখা: অস্বস্তি, ভয় বা বিরক্তির ইঙ্গিত হতে পারে।
শরীর গুটিয়ে রাখা বা লুকিয়ে পড়া: ভয়, চাপ কিংবা অসুস্থতার সংকেত হতে পারে।
ঠোঁট চাটার মতো জিহ্বা বের করা: মানসিক চাপ বাড়ার প্রাথমিক লক্ষণ হতে পারে।
বিড়ালের আচরণ বিশেষজ্ঞ মিশেল নাগেলসনাইডার বলেন, বিড়ালের ঠোঁট চাটার মতো ছোট্ট অঙ্গভঙ্গিও উপেক্ষা করা উচিত নয়। এটি অনেক সময় আক্রমণাত্মক আচরণের আগে মানসিক চাপ বাড়ার ইঙ্গিত দেয়।
বিড়ালের বিভিন্ন শব্দের অর্থ কী?
বিড়ালের প্রতিটি শব্দের পেছনে আলাদা অর্থ থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রাপ্তবয়স্ক বিড়াল সাধারণত অন্য বিড়ালের সঙ্গে যোগাযোগের জন্য মিউ মিউ করে না। মানুষের সঙ্গে যোগাযোগের জন্য তারা এই ডাককে বিশেষভাবে ব্যবহার করে।
প্রাণী আচরণবিষয়ক পরামর্শক লিসা স্টেমকোস্কির ব্যাখ্যা অনুযায়ী—
মিউ মিউ: সাধারণত খাবার, মনোযোগ বা অন্য কোনো চাহিদা প্রকাশের জন্য।
ট্রিল বা কিচিরমিচির শব্দ: বন্ধুত্বপূর্ণ ও সামাজিক যোগাযোগের সংকেত।
চ্যাটারিং: শিকার দেখলে উত্তেজনা বা শিকারের প্রবৃত্তি প্রকাশ করে।
গরগর শব্দ: স্বস্তি ও আনন্দের প্রকাশ হতে পারে। তবে ব্যথা বা মানসিক চাপের সময়ও বিড়াল এমন শব্দ করতে পারে।
গর্জন ও হিসহিস শব্দ: ভয়, বিরক্তি কিংবা দূরত্ব বজায় রাখার সতর্কবার্তা।
বিড়ালের সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন?
বিশেষজ্ঞদের মতে, বিড়ালের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে প্রথমে নিজের আচরণ সহজ ও শান্ত রাখতে হবে। ধীরে চলাফেরা করা, কোমল স্বরে কথা বলা এবং বিড়ালকে নিজের মতো কাছে আসার সুযোগ দেওয়া জরুরি।
বিড়াল কাছে এলেই যে তাকে আদর করতে হবে, এমন নয়। তার পছন্দের জায়গা— সাধারণত মাথা ও গালে— আলতো করে হাত বুলিয়ে কিছুক্ষণ থামতে হবে। এরপর বিড়াল যদি নিজে থেকে হাতের দিকে এগিয়ে আসে বা গা ঘষে, তাহলে আদর চালিয়ে যাওয়া যায়। অন্যদিকে মুখ ফিরিয়ে নিলে বা সরে গেলে তাকে বিরক্ত করা উচিত নয়।
একইভাবে, বিড়াল চিৎ হয়ে শুয়ে পেট দেখালেই যে সে পেটে হাত বুলিয়ে দিতে বলছে, তা নয়। অনেক সময় এটি কেবল তার স্বস্তি ও বিশ্বাসের প্রকাশ।
গবেষণায় দেখা গেছে, বিড়াল নিজের নাম চিনতে পারে এবং পরিচিত মানুষের কণ্ঠস্বর অন্যদের কণ্ঠস্বর থেকে আলাদা করতে পারে। এমনকি ছবি ও শব্দের মধ্যেও অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করার সক্ষমতা তাদের থাকতে পারে।
