শিশুদের মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে ক্যাফেইন, বলছে গবেষণা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
শিশুদের ক্যাফেইন গ্রহণের সঙ্গে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যার লক্ষণের সম্পর্ক থাকতে পারে।
|
ফলো করুন |
|
|---|---|
শিশুদের ক্যাফেইন গ্রহণের সঙ্গে ঘুমের সময় কমে যাওয়া এবং মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যার লক্ষণের সম্পর্ক থাকতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ৯ থেকে ১১ বছর বয়সি ৯ হাজার ৬০০-এর বেশি শিশুর ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছেন গবেষকরা।
গবেষণায় শিশুদের ক্যাফেইন গ্রহণের পরিমাণ, ঘুমের ধরন এবং মস্তিষ্কের স্ক্যান বিশ্লেষণ করা হয়। ক্যাফেইন নামের উদ্দীপক পদার্থটি শিশুদের বিকাশের সঙ্গে কীভাবে সম্পর্কিত, তা জানাই ছিল গবেষণার উদ্দেশ্য।
বায়োলজিক্যাল সাইকিয়াট্রি: কগনিটিভ নিউরোসায়েন্স অ্যান্ড নিউরোইমেজিং সাময়িকীতে প্রকাশিত গবেষণার ফলাফলে দেখা গেছে, যেসব শিশু বেশি ক্যাফেইন গ্রহণ করে, তাদের ঘুমের সময় তুলনামূলক কম হয়।
গবেষণায় শিশুদের মস্তিষ্কের বাইরের স্তর সেরিব্রাল কর্টেক্সের পৃষ্ঠতলেও কিছু পার্থক্য লক্ষ্য করেছেন গবেষকরা। মস্তিষ্কের এই অংশটি সিদ্ধান্ত গ্রহণ, মনোযোগ ধরে রাখা এবং আবেগ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে।
সপ্তাহে একবার ক্যাফেইন গ্রহণেও দেখা গেছে পার্থক্য
গবেষণায় দেখা গেছে, সপ্তাহে মাত্র একবার ক্যাফেইনযুক্ত পানীয় পান করা শিশুদের মস্তিষ্কের গঠনেও কিছু পার্থক্য লক্ষ্য করা গেছে। পাশাপাশি, যারা তুলনামূলক বেশি ক্যাফেইন গ্রহণ করে, তাদের মধ্যে মনোযোগ, মেজাজ এবং আচরণগত সমস্যার সঙ্গে সম্পর্কিত লক্ষণও বেশি দেখা গেছে।
গবেষণায় অংশ নেওয়া শিশুদের ক্যাফেইন গ্রহণের প্রধান উৎস ছিল কোমল পানীয়। এ ছাড়া চা ও কফিও তাদের ক্যাফেইন গ্রহণের উল্লেখযোগ্য উৎস হিসেবে চিহ্নিত হয়েছে।
গবেষণার জ্যেষ্ঠ লেখক এবং কিংস কলেজ লন্ডনের সঙ্গে সংশ্লিষ্ট এক গবেষক বলেন, দৈনন্দিন জীবনে ক্যাফেইন এতটাই সাধারণ হয়ে উঠেছে যে শিশুরাও এটি গ্রহণ করছে—অনেক সময় বিষয়টি মানুষের নজর এড়িয়ে যায়।
তিনি জানান, আগের গবেষণাগুলোতে দেখা গেছে, প্রায় দুই-তৃতীয়াংশ শিশু সপ্তাহে অন্তত একবার ক্যাফেইন গ্রহণ করে। অথচ ক্যাফেইনের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব থাকলেও শিশুদের ক্যাফেইন গ্রহণের বিষয়ে পর্যাপ্ত নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ নেই।
ক্যাফেইনই সরাসরি কারণ, এমন সিদ্ধান্ত নয়
গবেষকদের ধারণা, ঘুমের সময় কমে যাওয়ার বিষয়টি শিশুদের মস্তিষ্কের গঠনে দেখা দেওয়া পার্থক্যের একটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে।
তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এই গবেষণার ফলাফল থেকে ক্যাফেইন সরাসরি মস্তিষ্কের গঠন পরিবর্তন করে কিংবা মানসিক স্বাস্থ্যের সমস্যা তৈরি করে—এমন সিদ্ধান্তে আসার সুযোগ নেই।
তাদের মতে, অতিরিক্ত চিনি গ্রহণ এবং জীবনযাপনের ধরনসহ অন্যান্য বিষয়ও গবেষণায় পাওয়া এই সম্পর্কের পেছনে ভূমিকা রাখতে পারে।
সূত্র: সামা টিভি

