বোনের এক প্রশ্নে ২৬ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম
এই আঁটি মুখে রেখেই খাওয়া, ঘুমানো, দাঁত মাজাসহ দৈনন্দিন সব কাজ করেন তিনি।
|
ফলো করুন |
|
|---|---|
বোনের সঙ্গে করা একটি প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে টানা ২৬ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি নিয়ে ঘুরছেন এক ব্যক্তি। শুধু ঘোরাফেরাই নয়, এই আঁটি মুখে রেখেই খাওয়া, ঘুমানো, দাঁত মাজাসহ দৈনন্দিন সব কাজ করেন তিনি। বোন পৃথিবীতে না থাকলেও তার স্মৃতি আগলে রাখতে এমন ব্যতিক্রমী কাজ করে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গের ৬৮ বছর বয়সি জয়দেব বিশ্বাস।
পশ্চিমবঙ্গের অশোকনগরের কাছুয়া মোড় এলাকার বাসিন্দা জয়দেব বিদ্যুৎ বিতরণ সংস্থার সাবেক কর্মী। প্রায় ২৬ বছর আগে ভাইফোঁটার দিনে বোন অগ্নিবীণা দেবীর সঙ্গে ঘটে একটি ঘটনা। সেই থেকে মুখে জলপাইয়ের আঁটি রাখার অভ্যাস শুরু হয় তার।
জয়দেবের বোন অগ্নিবীণা প্রতি বছর ভাইফোঁটায় তাকে ফোঁটা দিতেন। নিজের ভাইয়ের মতোই ভালোবাসতেন প্রতিবেশী জয়দেবকে। ফোঁটা দেওয়ার পাশাপাশি নিজের হাতে মাছ, মাংসসহ নানা পদের খাবার রান্না করে খাওয়াতেন। তবে খাবারের তালিকায় সবচেয়ে বেশি গুরুত্ব পেত জলপাইয়ের চাটনি।
১৯৯৬ সালে শেষবার বোনের হাতের জলপাইয়ের চাটনি খেয়েছিলেন জয়দেব। সেদিন খাবার খাওয়ার সময় বোন কৌতূহলবশত তাকে প্রশ্ন করেন, কত দিন মুখে জলপাইয়ের আঁটি রাখতে পারবেন? জবাবে জয়দেব বলেছিলেন, বোন যত দিন না তাকে আঁটিটি ফেলে দিতে বলবেন, তত দিন তিনি সেটি মুখে রাখবেন।
বোনের সেই কথাকে প্রতিশ্রুতি হিসেবে নিয়ে মুখ থেকে আর জলপাইয়ের আঁটি বের করেননি তিনি। অগ্নিবীণাও মাঝেমধ্যে ভাইয়ের মুখে আঁটিটি আছে কি না, তা দেখতে আসতেন। শুরুতে আঁটির কারণে মুখের ভেতরে ক্ষত তৈরি হতো। অস্বস্তিও বোধ করতেন জয়দেব। তবে বোনের আগ্রহের কথা ভেবে তা ফেলে দেননি।
২০১২ সালের ২৪ জানুয়ারি আত্মহত্যা করেন অগ্নিবীণা। এরপরও বোনের স্মৃতি ধরে রাখতে মুখে জলপাইয়ের আঁটি রেখেছেন জয়দেব। জীবনের বাকি সময়টুকুও এভাবেই বোনের স্মৃতি নিয়ে কাটাতে চান তিনি।
দিন-রাত কোনো সময়ই আঁটিটি মুখ থেকে বের করেন না। এলাকার বাজার থেকে প্রতিদিন অনেক মানুষ তাকে দেখতে আসেন। বোনের স্মৃতি হিসেবে মুখের জলপাইয়ের আঁটিটি দেখাতেও দ্বিধা করেন না জয়দেব। তার কাছে এটি কেবল একটি জলপাইয়ের আঁটি নয়, বরং প্রিয় বোনের সঙ্গে কাটানো মুহূর্ত ও দেওয়া প্রতিশ্রুতির স্মারক।
সূত্র: নিউজ ১৮

-6af498ca0492a.jpg)