কেজরিওয়াল ও মেয়েকে হত্যার হুমকি, মুক্তিপণ দাবি ৭ কোটি টাকা
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম
অরবিন্দ কেজরিওয়াল এবং লরেন্স বিষ্ণোই।
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং তার মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে ফোন ও হোয়াটসঅ্যাপ বার্তায় তাদের নিরাপত্তার বিনিময়ে ৭ কোটি টাকা দাবি করেছে এক ব্যক্তি। টাকা না দিলে বাবা ও মেয়েকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় দিল্লিতে রাজনৈতিক ও নিরাপত্তা মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর দিল্লির তিলক নগরের আম আদমি পার্টির বিধায়ক জার্নেল সিংয়ের কাছে একটি ফোন আসে। একই সঙ্গে তার হোয়াটসঅ্যাপ নম্বরেও হুমকিবার্তা পাঠানো হয়। ফোন ও বার্তায় হুমকিদাতা নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেয়।
বার্তায় বলা হয়, অরবিন্দ কেজরিওয়াল ও তার মেয়ে হর্ষিতাকে নিরাপদে রাখতে হলে ৭ কোটি টাকা দিতে হবে। অন্যথায় তাদের প্রাণে মেরে ফেলা হবে। বিষয়টি জানাজানি হওয়ার পর কেজরিওয়াল ও তার পরিবারের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে আম আদমি পার্টি।
এদিকে, হুমকির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। হুমকিদাতার ব্যবহৃত মোবাইল নম্বরের কল রেকর্ড, ইন্টারনেট সংযোগের তথ্য এবং অবস্থান শনাক্তের বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন, এর পেছনে সত্যিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনো সদস্য জড়িত কি না, নাকি গ্যাংটির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজির চেষ্টা করছে। এখন পর্যন্ত এ ঘটনায় গ্যাংটির সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি।
এর আগে বলিউডের কয়েকজন অভিনেতাকেও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে অর্থ দাবির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরের কাছে হুমকিবার্তা পাঠিয়ে টাকা দাবি করা হয়। এর মধ্যে তুষার কাপুরের কাছে ৫ কোটি টাকা চাওয়া হয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। হুমকিদাতা নিজেকে গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দিয়েছিল।
তবে মুম্বাই পুলিশের প্রাথমিক তদন্তে হুমকির অডিওতে থাকা কণ্ঠস্বরের সঙ্গে হ্যারি বক্সারের কণ্ঠস্বরের মিল পাওয়া যায়নি। পরে এ ঘটনায় বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী বৈভব মিশ্রকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার মিথ্যা পরিচয় দিয়ে তিনি একাধিক অভিনেতাকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন। প্রাথমিক তদন্তে তার সঙ্গে গ্যাংটির কোনো যোগসূত্র পাওয়া যায়নি। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কণ্ঠস্বর তৈরি করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখছিল পুলিশ।
অন্যদিকে, অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পরও লরেন্স বিষ্ণোই গ্যাংকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ওই ঘটনায় তার গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। এতে তার গাড়িচালক গুলিবিদ্ধ হন।
এবার একজন সাবেক মুখ্যমন্ত্রী ও তার মেয়েকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসায় বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। তবে কেজরিওয়ালকে দেওয়া হুমকির সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনো প্রকৃত সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না।

