সিসিটিভি ক্যামেরা ভেঙে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম নগরীর বাকলিয়ার তক্তারপুল এলাকায় মাদক ব্যবসার বিরোধে সোবহান (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১টার দিকে বাসার দরজায় লাগানো সিসিটিভি ক্যামেরা ভেঙে সন্ত্রাসীরা সোবহানের বাসায় ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
শাহ আলমসহ মাদক কারবারি একাধিক গ্রুপের ২০ থেকে ৩০ জন এ হামলায় অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সূত্র জানায়, বাকলিয়ার তক্তারপুল, মিয়াখাননগর, তুলাতলীসহ আশপাশের এলাকায় মাদক তথা ইয়াবা ব্যবসা করে বেশ কয়েকটি গ্রুপ। এ ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে কিছুদিন আগে মাদক কারবারি শাহ আলমের গ্যারেজে ভাঙচুর চালায় সোবহানের লোকজন। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। এর জেরে শাহ আলমের নেতৃত্বে একাধিক গ্রুপ বৃহস্পতিবার গভীর রাতে সোবহানের ওপর হামলা চালায়।
বাসার সিসিটিভি ক্যামেরা আগেই ভেঙে ফেলে তারা। এরপর বাসায় ঢুকে সোবহানকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সোবহানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীরা কুমিল্লা গ্রুপ হিসেবে পরিচিত।
নিহত সোবহান তক্তারপুল এলাকার নুর ইসলামের ছেলে।
বাকলিয়া থানার ওসি শাহীনূর আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, সোবহানের বিরুদ্ধেও ১৮টি মাদক মামলা ও একটি হত্যা মামলা রয়েছে।
