ইস্ট রিভারের তীরে যে ভবনের ৩৮ তলায় বসে ‘বিশ্ব সামলান’ গুতেরেস
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম
বিশ্বের ১৯৩টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী জাতিসংঘের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় এখান থেকেই।
|
ফলো করুন |
|
|---|---|
নিউইয়র্কের ইস্ট রিভারের তীরে দাঁড়িয়ে থাকা ৩৯ তলা ভবনটি শুধু একটি প্রশাসনিক স্থাপনা নয়, বিশ্বের নানা সংকট মোকাবিলার অন্যতম কেন্দ্র। যুদ্ধ, সংঘাত, দুর্ভিক্ষ কিংবা মানবিক বিপর্যয়ের খবর প্রতিদিন এই ভবনে পৌঁছায়। বিশ্বের ১৯৩টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী জাতিসংঘের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় এখান থেকেই। আর ভবনটির ৩৮তম তলায় রয়েছে সংস্থাটির সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা মহাসচিব আন্তোনিও গুতেরেসের দপ্তর।
বিশ্বের কোথাও যুদ্ধ শুরু হলে কিংবা লাখো মানুষ বাস্তুচ্যুত হলে পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিক তৎপরতা শুরু হয় এই দপ্তরকে কেন্দ্র করে। কখনো রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা, কখনো নিরাপত্তা পরিষদের বৈঠক, আবার কখনো সংঘাত বন্ধে মধ্যস্থতার উদ্যোগ নিতে হয় মহাসচিবকে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির এত ব্যস্ততার বাইরে তার ব্যক্তিগত জীবন কেমন? কর্মদিবস শেষে কোথায় থাকেন তিনি? ম্যানহাটনে তার সরকারি বাসভবনের চিত্রই বা কেমন? আর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনের জন্য কত বেতন পান তিনি?
জাতিসংঘ ভবনের ৩৮তম তলায় দপ্তর
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইস্ট রিভারের তীরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। এর সচিবালয় ভবনটি ৩৯ তলাবিশিষ্ট। সংস্থাটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মহাসচিবের কার্যালয়ও রয়েছে এই ভবনে।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সচিবালয় ভবনের ৩৮তম তলায় মহাসচিবের দপ্তর। ১৯৭৩ সালে মহাসচিবের দাপ্তরিক কক্ষের সম্মেলন ও খাবার ঘর সংস্কারসংক্রান্ত নথিতেও এই তলার উল্লেখ রয়েছে। জাতিসংঘের সংবাদমাধ্যম নির্দেশিকাতেও ৩৮তম তলাকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে।
রাজনীতি থেকে জাতিসংঘের শীর্ষ পদে

আন্তোনিও গুতেরেসের জন্ম ১৯৪৯ সালের ৩০ এপ্রিল পর্তুগালের রাজধানী লিসবনে। পদার্থবিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষে ১৯৭১ সালে লিসবন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।
পর্তুগালে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন এবং গণতন্ত্রে উত্তরণের সময় রাজনীতিতে যুক্ত হন গুতেরেস। ১৯৭৪ সালে সমাজতান্ত্রিক দলে যোগ দেন। দুই বছর পর দেশটির সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সংসদীয় কমিটিতে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে সমাজতান্ত্রিক দলের মহাসচিব নির্বাচিত হন তিনি।
১৯৯৫ সালে পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গুতেরেস। ২০০২ সাল পর্যন্ত এই পদে ছিলেন। তার প্রধানমন্ত্রিত্বের সময় পর্তুগাল ইউরো মুদ্রা গ্রহণ করে। এ ছাড়া চীনের কাছে ম্যাকাওয়ের সার্বভৌমত্ব হস্তান্তরের সময়ও দেশটির সরকারপ্রধান ছিলেন তিনি। পূর্ব তিমুরের সংকট নিরসন ও স্বাধীনতার পক্ষেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০০২ সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন দায়িত্বে যুক্ত হন গুতেরেস। ২০০৫ সালে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার নির্বাচিত হন। ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে শরণার্থী সহায়তা কার্যক্রমে দক্ষতা বাড়ানোর পাশাপাশি ব্যয় কমানো এবং বাস্তুচ্যুত মানুষের জন্য সংস্থাটির সাড়াদান সক্ষমতা উন্নত করার উদ্যোগ নেন।
২০১৭ সাল থেকে মহাসচিব
২০১৬ সালের ১৩ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদ আন্তোনিও গুতেরেসকে সংস্থাটির নবম মহাসচিব নির্বাচিত করে। ১২ ডিসেম্বর শপথ নেওয়ার পর ২০১৭ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দক্ষিণ কোরিয়ার বান কি মুনের স্থলাভিষিক্ত হন গুতেরেস।
মহাসচিব হিসেবে জাতিসংঘের সচিবালয় পরিচালনা, সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করেন তিনি। একই সঙ্গে বিশ্বমঞ্চে সংস্থাটির প্রধান মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সূত্র: ব্রিটানিয়া

