বুরকিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতার বদলে বিজ্ঞান প্রতিযোগিতা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম
ইব্রাহিম ট্রাওরের সরকার বুরকিনা ফাসোর সাংস্কৃতিক পরিচিতি রক্ষায় জোর দিয়েছে।
|
ফলো করুন |
|
|---|---|
সুন্দরী প্রতিযোগিতার বদলে বিজ্ঞান প্রতিযোগিতা আয়োজন করেছে আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। গত জুনে দেশটিতে সব ধরনের সুন্দরী প্রতিযোগিতা সাময়িকভাবে স্থগিত করা হয়। এর দুই মাস পর দেশটি তরুণীদের জন্য একটি বিজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তরুণীদের গণিত, প্রযুক্তি এবং প্রকৌশলের মতো ক্ষেত্রগুলো অন্বেষণে উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য। শিক্ষা ও পেশাগত সহায়তা দেওয়ার মাধ্যমে পশ্চিম আফ্রিকার দেশটি তরুণীদের এসব ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে সাহায্য করার প্রত্যাশা করছে।
‘আফ্রিকা নেশনের’ প্রতিবেদন অনুযায়ী, ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বাধীন সামরিক সরকার দেশের ‘সাংস্কৃতিক পরিচিতি, সামাজিক মূল্যবোধ এবং মানবিক মর্যাদা’ রক্ষায় জোর দিয়েছে। এ ছাড়া তারা সুন্দরী প্রতিযোগিতার জন্য নতুন নীতিমালা তৈরির কাজও করছে, যাতে এই ধরনের প্রতিযোগিতাগুলো দেশের সাংস্কৃতিক মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।
আগস্ট মাসে সরকার ‘হাকিলি মুসো’ নামে একটি জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে ৮৪ জন তরুণী গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারীদের পুরস্কার ও বৃত্তি দেওয়া হয়।
প্রতিযোগিতা শেষে প্রেসিডেন্ট ট্রাওরে বিজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। নিজেদের সক্ষমতার ওপর বিশ্বাস রাখতে, বিজ্ঞানের ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে এবং ভবিষ্যতের জন্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করতে প্রতিযোগীদের উৎসাহ দেন প্রেসিডেন্ট।
‘ওয়েস্ট আফ্রিকান ভয়েস নেটওয়ার্ক’ জানিয়েছে, গত ৮ জুন যোগাযোগ, সংস্কৃতি, শিল্প ও পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে সব সুন্দরী প্রতিযোগিতা সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেয়। সূত্র: দ্য প্রিন্ট

