প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের ভৈরব পৌর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে (৫০) ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিবি।
রোববার (২২ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটে ঢাকার বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে কিশোরগঞ্জের ডিবি সদস্যরা তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর রাতেই তাকে কিশোরগঞ্জের ডিবি কার্যালয়ে আনা হয়।
ডিবি অফিস সূত্র জানায়, তাকে একাধিক নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে ডিবি অফিস ও তার পরিবার।
কিশোরগঞ্জ ডিবি অফিসের পরিদর্শক মো. বাহার মিয়া সোমবার সকালে যুগান্তর প্রতিনিধিকে মোবাইলে জানান, প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১টা ২০ মিনিটে তার নেতৃত্বে একটি ডিবি টিম ঢাকার বসুন্ধরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আতিক আহমেদ সৌরভকে গ্রেফতার করে। এ সময় ভাটারা থানার পুলিশ তাদের সহযোগিতা করে।
তিনি বলেন, তার বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে তার দাবি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
সোমবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে চালান দেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠান।
এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, আতিককে গ্রেফতার করেছে কিশোরগঞ্জের ডিবি পুলিশ। তার বিরুদ্ধে ৫ আগস্টের পর থেকে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
